প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৯:২০ পিএম
প্রতীকী ছবি
গ্রাহকদের স্বার্থ বিবেচনায় ভয়েস কলের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস কমাতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি)। এ বিষয়ে ইতোমধ্যে কাজ চলছে বলে জানিয়েছেন কমিশনের সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।
অনলাইনে অনুষ্ঠিত বিটিআরসির গণশুনানি অনুষ্ঠানে বুধবার সকালে একথা জানান তিনি।
গণশুনানি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিশনের প্রশাসন বিভাগের মহাপরিচালক মো. মেহেদী উল সহিদ, স্পেকট্রার্ম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক, লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডুসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
গণশুনানি অনুষ্ঠানে জামালপুরের এক গ্রাহকের প্রশ্নের প্রেক্ষিতে বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন জানান, বর্তমানে মোবাইলে কথা বলার সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস প্রতি মিনিট ৪৫ পয়সা এবং সর্বোচ্চ ২ টাকা নির্ধারিত রয়েছে। তবে এটি আরো কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, “গেল বছরের জুলাই থেকে চলতি বছরের জুন এই ১১ মাসে সেবার মানসহ বিভিন্ন বিষয়ে ১৩ হাজার ৯টি অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে হেল্প লাইনের মাধ্যমে ৫ হাজার ৫১টি এবং ওয়েববক্সের মাধ্যমে জমা পড়েছে ৭ হাজার ৯৫৮টি অভিযোগ”।
এ সময় নিষ্পত্তি করা হয়েছে ৮৬.৭০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ২৭৯টি অভিযোগ। তবে অভিযোগ নিষ্পত্তির বর্তমান হার নিয়ে সন্তুষ্ট নয় কমিশন। দ্রুত ও কার্যকরভাবে গ্রাহকদের শতভাগ অভিযোগ নিষ্পত্তি প্রয়োজন। এ লক্ষ্যে কাজ চলছে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল শাহজাদ পারভেজ মহিউদ্দিন।
গণশুনানি অনুষ্ঠানে টেলিটকের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আলম পারভেজ বলেন, “রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী নেটওয়ার্ক রোলআউটের বাধ্যবাধকতা অর্জন করেছে”।
হাওর-বাঁওড়সহ দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, এবারের গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ ছিল ট্যারিফ, ডেটার মেয়াদ, ডেটা ক্যারি ফরওয়ার্ড, নেটওয়ার্ক কাভারেজ, সিম নিবন্ধন, মোবাইল ফোন রেজিস্ট্রেশন, লাইসেন্স ও সেবার মান সংক্রান্ত বিষয়ে।
গাজীপুর থেকে তৌহিদ হাসান অভিযোগ করেন, মাস্কিং ছাড়া আনমাস্কড এসএমএস আসায় স্প্যাম বার্তা শনাক্ত করা কঠিন হচ্ছে। একইসঙ্গে বিদেশি ওটিপি পেতেও দেরি হচ্ছে।
জবাবে বিটিআরসি জানায়, সব ধরনের বার্তা পর্যায়ক্রমে মাস্কিংয়ের আওতায় আনা হচ্ছে। তবে প্রযুক্তিগত জটিলতার কারণে বিদেশি ওটিপি পেতে কখনো কখনো বিলম্ব হতে পারে।
ডাটা প্যাকেজের ভিন্নতা নিয়ে আনোয়ার সাদাতের প্রশ্নের জবাবে কমিশন জানায়, প্রতিটি প্যাকেজের শর্ত গ্রাহকদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় নেটওয়ার্ক সচল রাখা নিয়েও জানতে চান গ্রাহকেরা।
এ বিষয়ে বিটিআরসির ভাষ্য, নেটওয়ার্ক সচল রাখার সক্ষমতা বাড়াতে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সারাদেশের মোবাইল টাওয়ারের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।
গণমাধ্যমকর্মী মো. এমদাদুল হকের প্রশ্নের জবাবে বিটিআরসি জানায়, গ্রাহকেরা কলসেন্টার ১০০, ওয়েবসাইট ও জিআরএস প্ল্যাটফর্মের মাধ্যমে অভিযোগ জানাতে পারছেন।
প্রতি মাসে হবে গণশুনানি
গণশুনানিতে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন বলেন, “বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ (সংশোধিত ২০২৬)-এর ৮৭ ধারা অনুযায়ী এখন থেকে কমিশন প্রতি মাসে অন্তত একবার গণশুনানির আয়োজন করবে”।
তিনি বলেন, “এর মাধ্যমে জনগণ সরাসরি তাদের প্রশ্ন, মতামত, পরামর্শ ও উদ্বেগ তুলে ধরার সুযোগ পাবেন। একই সঙ্গে গণশুনানিতে পাওয়া গঠনমূলক প্রস্তাবগুলো কার্য-পর্যবেক্ষণ তালিকায় অন্তর্ভুক্ত করে সেগুলোর সমাধান ও অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করা হবে”।
বিটিআরসি জানিয়েছে, এবারের গণশুনানিতে অংশ নিতে গত ১৭ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনলাইনে মোট ২ হাজার ৯৯০ জন গ্রাহক নিবন্ধন করেন। তাদের মধ্যে ১ হাজার ৪৭ জন বিভিন্ন পেশাজীবী, ৬৩৮ জন শিক্ষার্থী এবং ১৭২ জন নারী গ্রাহক ছিলেন।
নিবন্ধিত গ্রাহকদের জমা দেওয়া প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ ও প্রশ্ন এসেছে ট্যারিফ, ডাটার মেয়াদ, ডাটা ক্যারি-ফরওয়ার্ড, নেটওয়ার্ক কাভারেজ, সিম নিবন্ধন, এনইআইআর এবং সেবার মান নিয়ে।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ জানান, ২০২৫ সালের গণশুনানিতে মোট ১ হাজার ৭৫৬টি অভিযোগ ও প্রশ্ন জমা পড়েছিল। এর মধ্যে বিটিআরসির এক্তিয়ারভুক্ত ২২১টি বিষয় চিহ্নিত করে সংশ্লিষ্ট চার বিভাগে সমাধানের জন্য পাঠানো এবং নথিবদ্ধ করা হয়েছে।