কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৮:১৫ পিএম
বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: বিজিবির সৌজন্যে
বঙ্গোপসাগর থেকে বিভিন্ন সময় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ৬ জন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা।
আরাকান আর্মির সম্মতিতে বুধবার সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় গেলে ২৪ জেলেকে হস্তান্তর করেন। পরে তাদের কক্সবাজারের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া বেশ কিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদেরকে মিয়ানমারের আরাকান আর্মি আটক করে নিয়ে যায়। পরে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত স্থানে অথবা জেলখানায় সাজা দিয়ে আটক অবস্থায় রাখা হয়।
তিনি আরও জানান, উদ্ভূত পরিস্থিতিতে মানবিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিজিবির উদ্যোগে আটক জেলেদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৪ জেলেকে ফেরত আনা হয়। স্থানীয় উপজেলা প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে দেশে ফেরত আসা জেলেদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে। পরিচয় যাচাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৯ আগস্ট পর্যন্ত আরাকান আর্মি মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছে। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা। এ পর্যন্ত ৩৪৮ জন জেলেকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা। আরাকান আর্মির হাতে আরও ৮৬ জন জেলে আটক রয়েছে। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি এবং ২১ জন রোহিঙ্গা।