বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৭:৫২ পিএম
দুদকের কার্যালয়। ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান এবং দুই কমিশনার জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া বুধবার প্রথমবারের মতো কার্যালয়ে যোগ দিয়েছেন। প্রথম দিনেই তারা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
দুদক সূত্র জানায়, বুধবার সকাল নয়টার দিকে চেয়ারম্যান ও দুই কমিশনার দুদকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এরপর সকাল ১০টায় পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় অংশ নেন তারা। সভায় দুদক সচিব সাইদুর রহমানসহ মহাপরিচালক ও উপপরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুদকের জনসংযোগ বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান এবং জাহাঙ্গীর আলম খান ও মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১) অনুযায়ী তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান ও তিন কমিশনার পদত্যাগ করলে নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এজন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা পর্যালোচনা শেষে এই নামগুলো চূড়ান্ত করে।