× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একনেক বৈঠকে ৯ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৫:৪৪ পিএম

শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

শেরে বাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা অনুষ্ঠিত হয়। ছবি: পিএমও

ঢাকা মেডিক্যাল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণসহ ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

এসব প্রকল্প বাস্তবায়নে মোট ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ৯৩৬ কোটি ৩৮ লাখ টাকা জোগান দেওয়া হবে।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বুধবার একনেকের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি সাংবাদিকদের এসব তথ্য জানান।

অনুমোদিত প্রকল্প

একনেকের অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- ঢাকা মেডিক্যাল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ, ১১টি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধাসম্পন্ন ২১টি হোস্টেল ভবন নির্মাণ, সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে সেতুর স্মার্ট রক্ষণাবেক্ষণ প্রযুক্তির সক্ষমতা উন্নয়ন এবং ধরলা নদীর ডান তীরের ভাঙন থেকে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা।

এ ছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এবং বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে কুমিরা ঘাট পর্যন্ত উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ, গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ, প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ, জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন এবং ঢাকাস্থ ডেসকো এলাকার বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।


দুটি প্রকল্প ফেরত

বৈঠকে দুটি প্রকল্প অনুমোদন না দিয়ে সংশোধনের জন্য ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

এর একটি হলো দুটি ওয়েল ট্যাংকার ক্রয় প্রকল্প। প্রধানমন্ত্রী চীন সফরের সময় একই ধরনের চারটি ট্যাংকার কেনার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় নতুন প্রস্তাবটিকে ওই উদ্যোগের সঙ্গে সমন্বয় করে পুনরায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যটি হলো ‘মেট্রো ঢাকা’ প্রকল্প। রাজধানীকে ঘিরে চলমান প্রায় ১১টি প্রকল্প সমন্বয় করে একটি সমন্বিত প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে প্রধান সচিবকে প্রধান করে পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে।

গ্রামীণ সড়কে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ

গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সড়কের স্থায়িত্ব বাড়াতে রাবার বিটুমিন ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথম বছর পরীক্ষামূলকভাবে ১০০ কিলোমিটার সড়কে রাবার বিটুমিন ব্যবহার করতে বলা হয়েছে। সফল হলে ধাপে ধাপে অন্যান্য সড়কেও এটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া বাঁধ নির্মাণ প্রকল্পগুলো আরও টেকসই করতে বাঁধের দুই পাশে ‘বিন্না’ ঘাস লাগানোর বিষয়টি প্রকল্পে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বড় অবকাঠামোতে ঋণ নিশ্চিতের নির্দেশ

সেতুর টেকসই রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য নেওয়া প্রকল্পে যমুনা সেতু, পদ্মা সেতু কিংবা কর্ণফুলী টানেলের মতো বড় অবকাঠামো যুক্ত করা যায় কি না, তা নিয়ে ঋণদাতা সংস্থা ও কোরিয়ার সঙ্গে আলোচনা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি চট্টগ্রামের বাঁশবাড়িয়া ঘাট প্রকল্পে আপাতত শুধু ঘাট অংশের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঘাটের অপর অংশের বাঁধ নির্মাণের কাজ আপাতত না করে জমি অধিগ্রহণ ও সম্ভাব্যতা সমীক্ষা শেষে তা নতুন করে প্রকল্পে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদনের সময় প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, পাহাড় কেটে সমতল করে কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না। পরিবেশের ভারসাম্য বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা