দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
তিনি বুধবার সকালে দুদকের কার্যালয়ে যোগদান করেন।
এর আগে সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুদকের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ২০২৫ সালের ২৫ মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
পরে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি অবসরে যান। অবসর গ্রহণের কয়েক মাসের মধ্যেই তাকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের জন্ম ১৯৫৯ সালের ১ মার্চ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মধ্য দিয়ে তার আইন পেশায় যাত্রা শুরু হয়।
পরে ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।
২০০৩ সালের ২৭ আগস্ট বিচারপতি এ কে এম আসাদুজ্জামান হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান।
দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন।
দুদকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এবার দেশের দুর্নীতি দমন ব্যবস্থাপনার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানটির নেতৃত্বে এলেন সাবেক এই আপিল বিভাগের বিচারপতি।