নারীদের স্বচ্ছন্দ চলাচলের জন্য রাজধানী ঢাকা, শিল্পশহর বগুড়া ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে একসাথে উদ্বোধন হয়েছে ‘পিংক বাস’ সার্ভিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারীদের স্বচ্ছন্দ চলাচলের জন্য রাজধানী ঢাকা, শিল্পশহর বগুড়া ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে একসাথে উদ্বোধন হয়েছে ‘পিংক বাস’ সার্ভিস। রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মঙ্গলবার ‘মহিলা বাস সার্ভিস (পিংক বাস)’ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নারীদের জন্য বিশেষ সেবা দ্রুত চালুর লক্ষ্যে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যেই সীমিত পরিসরে এই পিংক বাস সার্ভিস চালু করল বিআরটিসি। এছাড়া নারীদের নিরাপদ ও স্বচ্ছন্দপূর্ণ গণপরিবহন ভ্রমণ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ।
সংশ্লিষ্টদের অনেকে বলছেন, এর আগেও একাধিকবার বিভিন্ন মেয়াদে ও ভিন্ন ভিন্ন উদ্যোগে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছিল। কিন্তু তা খুব বেশি দিন স্থায়ী হয়নি। এবার কত দিন চলবে তা নিয়েও রয়েছে সংশয়। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ১৯৮০-এর দশক থেকে শুরু করে বিভিন্ন সময় এই উদ্যোগ নেয়। সে সময় বিআরটিসি দেশে প্রথমবারের মতো মাত্র ৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে ‘মহিলা বাস’ সার্ভিস চালু করে, যা উদ্বোধনের কিছুদিন পরই বন্ধ হয়ে যায়। এরপর একাধিকবার এ উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। শেষবার ২০১৮ সালে বেসরকারি উদ্যোগে বিআরটিসির বাইরে বেসরকারি খাতে ‘র্যাংগস গ্রুপ’ ও ‘ভলভো’র যৌথ সহায়তায় প্রথমবারের মতো নারীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত ‘দোলনচাঁপা’ বাস সার্ভিস চালু করা হয়। শেষ পর্যন্ত থেমে যায় সে উদ্যোগও। এবার সরকারের উদ্যোগে বিআরটিসি নারী চালক ও কন্ডাক্টর দিয়ে গোলাপি রঙের ‘পিংক বাস’ নামের নতুন একটি বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করেছে। এই বাসসেবা শেষ পর্যন্ত কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন পরিবহন বিশেষজ্ঞরাও।
বারবার বিশেষ মহিলা বাস সার্ভিস বন্ধ হওয়ার কারণ
বিশেষজ্ঞরা বলছেন, অতীতে চালু হওয়া বিশেষ বাস সার্ভিস নারীদের যাতায়াত কিছুটা সহজ ও নিরাপদ করলেও নির্দিষ্ট রুটের স্বল্পতা, অপর্যাপ্ত বাস ও দীর্ঘ অপেক্ষার কারণে পুরোপুরি স্থায়ী বা জনপ্রিয় হয়নি। অনিয়মিত সময়সূচি, সমন্বয়ের অভাব ও বাসের অপর্যাপ্ততা বড় বাধা হয়ে দাঁড়ায়। কেবল সদিচ্ছা থেকে বাস নামানো হলেও দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনার অভাবে স্থায়িত্ব পায়নি সার্ভিসটি। বিআরটিসি সূত্রে জানা গেছে, নতুন ‘পিংক বাস’ সার্ভিস এই সংকটগুলো কাটাতে সম্পূর্ণ নারী চালক ও কন্ডাক্টররা পরিচালনা করবেন। পাশাপাশি সহজ যাতায়াত নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠান ‘সহজ’-এর সাথে চুক্তির মাধ্যমে ই-টিকেটিং ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হচ্ছে।
একটি বেসরকারি পরিসংখ্যান থেকে জানা যায়, গণপরিবহনে যাতায়াত করা ৯০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার। একাধিক ভুক্তভোগী নারী বলেন, সংখ্যাটা কম-বেশি হতে পারে। এ কারণে নারীদের জন্য আলাদা করে বিশেষায়িত বাস সার্ভিসের উদ্যোগ নিয়েছে সরকার।
প্রাথমিক পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরের ১৩টি রুটে মোট ১৪টি বাস নিয়ে চালু হয়েছে এ সেবা। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০টি, চট্টগ্রামে ২টি ও বগুড়ায় ২টি বাস চলাচল করবে। ঢাকায় ১০টি রুটে পরিচালিত ১০টি বাসের মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস। চট্টগ্রামে একটি রুটে দুটি দ্বিতল বাস ও বগুড়ায় দুটি রুটে দুটি দ্বিতল বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ বিশেষ সার্ভিসের মাধ্যমে ঢাকা মহানগরীর ১০৬টি, চট্টগ্রামের ১২টি ও বগুড়ার ১৬টি মিলিয়ে ১৩৪টি স্টপেজে নারী যাত্রীদের পরিবহনসেবা দেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বাসে ওঠা-নামার সময় হয়রানি, অস্বস্তি কিংবা অনিরাপদ পরিস্থিতি তৈরি হলে নারীদের গণপরিবহন ব্যবহারে আগ্রহ কমে যায়। তাই নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নারী যাত্রীদের জন্য ১০০টি পিংক কালারের ইলেকট্রিক বাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ৫০টি ও পর্যায়ক্রমে ১০০টি ইলেকট্রিক বাস কেনা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, আধুনিক গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে এসব বাসে ই-টিকেটিং, সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) সুবিধা যুক্ত করা হয়েছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, মহিলা বাস সার্ভিসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা ডিপো, বাস ও কাউন্টারের দৃশ্যমান স্থানে প্রদর্শনের পাশাপাশি ই-টিকেটিং ব্যবস্থা চালু করেছে বিআরটিসি। এছাড়া প্রাথমিক পর্যায়ে ৩টি বাসে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা ও ১টি বাসে ওয়াই-ফাই সুবিধা চালু করা হয়েছে। প্রতিটি বাসে ভিটিএস সংযোজন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব প্রযুক্তি সব বাসে সম্প্রসারণ করা হবে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. রুমানা হক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, উন্নত দেশে নারীর জন্য আলাদা করে বাস সার্ভিস চোখে পড়েনি। আমাদের দেশে সরকার এ বিষয়টি নিয়ে ভাবছে, তা সাধুবাদ পাওয়ার মতো। তবে এ সেবা সুচারুভাবে সম্পন্ন করতে হলে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বাসের নারী স্টাফদের আনুষঙ্গিক সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজধানীর নানা প্রান্তে যেখানে কর্মজীবী নারীদের ঘন যাতায়াত আছে, সেসব এলাকায় বাসের সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিদ্যমান গণপরিবহন ব্যবস্থাকেও অধিকতর নারীবান্ধব করতে হবে। তাহলে সামগ্রিকভাবে এই শহর নারীবান্ধব হয়ে উঠবে।
পিংক বাসের রুটগুলো হলো ঢাকা মহানগরীর ১০টি রুট
১. নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল রুটের বাস স্টপেজ : কোকাকোলা, নতুনবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান, মতিঝিল। ২. তালতলা-মতিঝিল রুটের বাস স্টপেজ : তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয়। ৩. ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও রুটের বাস স্টপেজ : ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারী (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয়, মৎস্য ভবন। ৪. মিরপুর ১০- মতিঝিল রুটের বাস স্টপেজ : মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন, মতিঝিল। ৫. মিরপুর-মতিঝিল রুটের বাস স্টপেজ : মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, মতিঝিল। ৬. মিরপুর ১২-মতিঝিল রুটের বাস স্টপেজ : মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান, মতিঝিল। ৭. নারায়ণগঞ্জ-ঢাকা রুটের বাস স্টপেজ : চাষাঢ়া, শিবুমার্কেট, স্টেডিয়াম, ঝালকুড়ি, ভূঁইগড়, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান, মতিঝিল। ৮. মোহাম্মদপুর-মতিঝিল রুটের বাস স্টপেজ : মোহাম্মদপুর, শংকর, ঝিগাতলা, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন মতিঝিল, কমলাপুর। ৯. আব্দুল্লাহপুর-মতিঝিল রুটের বাস স্টপেজ : আব্দুল্লাহপুর, আযমপুর, এয়ারপোর্ট, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্থান, মতিঝিল। ১০. গাজীপুর-বিমানবন্দর রুটের বাস স্টপেজ : গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ী, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর।
বগুড়া জেলা
১১. শেরপুর-মাটিডালি রুটের বাস স্টপেজ : আরডিএ স্কুল, নয়মাইল মোড়, শা. উপ. গেইট, বি-ব্লক-মাঝিরা, বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিডালি। ১২. বনানী-মোকামতলা স্ট্যান্ড রুটের বাস স্টপেজ : বনানী, সাতমাথা, মহিলা কলেজ, মাটিডালি মোড়, টিএমএসএস হাসপাতাল, মহাস্থান বাজার, মোকামতলা স্ট্যান্ড।
বন্দরনগরী চট্টগ্রাম
১৩. কালুরঘাট-পতেঙ্গা রুটের বাস স্টপেজ : কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২নং গেইট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বারেকবিল্ডিং, ফ্রিপোর্ট, কাঠগড়, পতেঙ্গা।