প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। বিষয়টি নিয়ে দুই দেশের গণমাধ্যমেই গুরুত্বের সঙ্গে রাজনীতিক ও কূটনীতিকদের বক্তব্য, প্রতিক্রিয়া ও নানা ধরনের বিশ্লেষণ প্রকাশিত হচ্ছে।
এমনকি মঙ্গলবারও জানানো হয়েছে যে, নয়াদিল্লি এই সফরের জন্য আগ্রহের সঙ্গে অপেক্ষা করছে। অন্যদিকে ভারত সফরের ব্যাপারে ঢাকার আগ্রহও অপরিবর্তিত রয়েছে; তবে একই সঙ্গে বলা হচ্ছে যে, প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে যে ইস্যুগুলো রয়েছে, সেগুলোর ব্যাপারে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে বাংলাদেশ।
গত সোমবার ভারতের একাধিক গণমাধ্যম এ বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া গতকালও সেখানকার বিভিন্ন গণমাধ্যমে দেশটির সাবেক কূটনীতিকরা তারেক রহমানের সফর সম্পর্কে নানা মন্তব্য করেছেন। সব মিলিয়ে বলা চলে, এ-সংক্রান্ত আলোচনা এখন তুঙ্গে রয়েছে। পরিষ্কার ও বিস্তৃত কোনো মন্তব্য না করলেও ভারতের সাবেক এক প্রভাবশালী কূটনীতিক দাবি করেছেন, তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও আলোচনা অব্যাহত রয়েছে।
এ সম্পর্কে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে আপনারা জানতে পারবেন।’ এছাড়া ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের এক অনুষ্ঠানেও প্রসঙ্গক্রমে এ নিয়ে তিনি মন্তব্য করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের ক্ষেত্রে যে ইস্যুগুলো রয়েছে, তার সমাধানে বাংলাদেশ কার্যকর পদক্ষেপ দেখতে চায়। বাংলাদেশ এমন এক অর্থনৈতিক অংশীদারত্ব চায়, যেখানে দুই দেশই সমানভাবে উপকৃত হবে।’
একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের জন্য ভারত এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছে।’ তিনি বলেন, ‘তারেক রহমান ভারত সফর করলে দুই দেশের যেকোনো সমস্যা সমাধানে কাজ করা সম্ভবÑ এমন বিশ্বাস রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী জনগণের প্রধানমন্ত্রী। তাই ভারত সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছে। তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ভারত এখনও আশাবাদী।’ দুই দেশের সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বর্তমান প্রশাসন ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লোগান নিয়ে কাজ করছে, ভারতও একই নীতিতে বিশ্বাসী। অতীতকে ভুলে যাওয়ার প্রয়োজন নেই, তবে নতুন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার সুযোগ রয়েছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও এগিয়ে নিতে পারস্পরিক ও নিঃস্বার্থ বিশ্বাস প্রয়োজন। দুই দেশের মধ্যে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগ রয়েছে।’
সংশ্লিষ্টদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্কের টানাপড়েনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দেশ দুটির কূটনৈতিক মহলের আলোচনাকে বরফ গলার অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এই অবস্থায় গত ৫ আগস্ট দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করছে ঢাকা। গত রবিবার ঢাকার পক্ষ থেকে অনুকূল পরিবেশ নেইÑ এমন মন্তব্য করে আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দুটি শর্ত দেওয়া হয়েছে। এগুলো হচ্ছেÑ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা। এ বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় থাকার কথাও জানানো হয়েছে। এদিকে ওইদিনই বাংলাদেশে ভারতের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সফর নিয়ে আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর খুব শিগগিরই হওয়া উচিত।’ এদিকে বাংলাদেশ যেসব শর্ত দিয়েছে, ভারতীয় গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনে সেগুলোকে ‘কঠিন শর্ত’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। গত সোমবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন ‘কট্টরপন্থী গোষ্ঠী এবং জামায়াতে ইসলামীর মিত্র জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)’ উত্তরোত্তর চাপের মধ্যে ঢাকা নয়াদিল্লিকে কঠোর শর্ত দিয়েছে।
সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এই মুহূর্তে ভারতের কাছে কোনো আপডেট নেই বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছি। এ ব্যাপারে আপডেট বা নতুন কোনো তথ্য এলে আমরা নিশ্চিতভাবেই জানাব।’ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য নিয়ে অপর এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘প্রত্যর্পণের অনুরোধের বিষয়েও ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।’ তিনি বলেন, ‘প্রত্যর্পণের বিষয়ে আমাদের ধারাবাহিক অবস্থান হলোÑ প্রতিষ্ঠিত প্রক্রিয়ার অংশ হিসেবে এসব অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে।’ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়ে তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক আদান-প্রদানের ভিত্তিতে এগিয়ে নিতে চায় নয়াদিল্লি।’
যা পরামর্শ দিচ্ছেন ভারতীয় কূটনীতিকরা : এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক জোরদারে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেন ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যা ভূষণ সোনি। তারেক রহমান ভারতে না এলে এই সুযোগ হারিয়ে যেতে পারে এবং দীর্ঘ সময়ের জন্য দুই দেশের মধ্যে যোগাযোগের পথও খোলা না-ও থাকতে পারে বলেও দাবি করেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিভিন্ন বিষয় সমাধানের জন্য এ সফর গুরুত্বপূর্ণ হতে পারে।’ তার মতে, ‘বর্তমান সুযোগটি কাজে লাগাতে পারলে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন পর্যায়ে যেতে পারে।’ বিদ্যা ভূষণ সোনি বলেন, ‘দুই দেশের মধ্যে বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত। এর মধ্যে তিস্তা নদীর পানিবণ্টন অন্যতম।’
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব কানওয়াল সিবাল। সম্ভাব্য ভারত সফরের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ব্যাপারটি যুক্ত করায় তিনি তারেক রহমানের সমালোচনা করেন। গত সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে কানওয়াল সিবাল বলেন, ‘তারেক রহমান এমন এক গর্ত খুঁড়ছেন, যেখান থেকে আর বের হতে পারবেন না।’ তিনি বলেন, ‘তারেক রহমানের ভারত সফরকে হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করাটা কঠোর অবস্থান। এটি কূটনীতি নয়, এটি খামখেয়ালিপনা। আলোচনার জন্য একটি দরজা খোলা রাখা উচিত ছিল। ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও একই ধরনের ভুল করেছিলেন।’
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি। এএনআইর সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘দেখুন, আমার মনে হয় এটা খুবই আশ্চর্যজনক যে, বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। আর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস নোট বা ফেসবুক পোস্ট দিয়েছে, তা ছিল অত্যন্ত রূঢ় ও অহংকারী। এই ধরনের পরিস্থিতি একেবারেই অনভিপ্রেত। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিজেদের মধ্যে কোনো খেলা খেলছে কি না জানি না। তবে ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে এখনও আনুষ্ঠানিক আলোচনা চলছে; তারিখ নিয়ে কথা হচ্ছে এবং প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আসবেন নাÑ এমন কোনো বার্তা আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাইনি।’
প্রসঙ্গত, গত রবিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম দিল্লি সফরকে কেন্দ্র করে উভয় দেশের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ ধরে যোগাযোগ রাখছেন। আলোচনা চলমান থাকলেও গত ৫ আগস্ট নয়াদিল্লিতে এক প্রেস ইভেন্টে শেখ হাসিনার প্রকাশ্য উপস্থিতিকে কেন্দ্র করে তৈরি কূটনৈতিক উত্তেজনার দরুন কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি বলে ঢাকা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত শেখ হাসিনার প্রত্যর্পণ এবং শহীদ শরিফ ওসমান হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট অভিযুক্তদের হস্তান্তরের অনুরোধে ভারতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা।’
যা বলছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ : এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কিছু লোক চায় না যে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হোক। তারা প্রধানমন্ত্রীর ভারত সফরে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যাবেন এবং সেটাই উচিত, কারণ না গেলে সাময়িকভাবে একটি সমস্যা তৈরি হবে। কোনো সমস্যাই দীর্ঘস্থায়ী হয় না, কারণ শেষ পর্যন্ত দুই দেশেরই একে অপরকে প্রয়োজন আছে। যাওয়াটা জরুরি এবং সফরটি মিস করলে আমাদেরই ক্ষতি হবে। ভারতের ক্ষেত্রেও এটি তাদের ভাবমূর্তির বিষয়। একটি বড় দেশ হয়েও সেটি ছোট্ট প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কেন মিলেমিশে চলতে পারছে না, এতে সেই প্রশ্ন উঠবে।’