বিবিসি বাংলা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২২:৫৮ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ২৩:০০ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: হিন্দুস্থান টাইমস
তারেক রহমানের ভারত সফরকে কেন্দ্র করে ঢাকা থেকে জানানো বিভিন্ন অনুরোধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি এখনো দেশটির নির্ধারিত প্রক্রিয়ায় পর্যালোচনাধীন রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের নিয়মিত সংবাদ সম্মেলনে মঙ্গলবার এ কথা বলা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের ক্ষেত্রে ঢাকা কিছু শর্তের কথা জানিয়েছে। এর মধ্যে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হাদির হত্যার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ও রয়েছে। এসব অনুরোধকে ভারত কীভাবে দেখছে- জানতে চান এক সাংবাদিক।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত”।
শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলন প্রসঙ্গে ভারতের অবস্থানও তুলে ধরেন তিনি। জয়সওয়াল বলেন, “এ বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই”।
এর আগে ওই সংবাদ সম্মেলনকে ঘিরে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে দেওয়া কোনো বক্তব্যকেও ভারত সরকার সমর্থন করে না। তবে ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল বাংলাদেশ।
শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশের পক্ষ থেকে করা অনুরোধটি ভারতের বিদ্যমান প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করে দেখা হচ্ছে”।
তিনি বলেন, “প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে এবং সংশ্লিষ্ট অনুরোধটি নির্ধারিত প্রক্রিয়ার মধ্যেই বিবেচনা করা হচ্ছে”।