কারাগার থেকে বন্দিরা পালিয়ে যাচ্ছে। ছবি: এআই দিয়ে তৈরি
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ২ হাজার ২৪৭ বন্দির মধ্যে ৬৯০ জন এখনও পলাতক। এর মধ্যে ১৬৬ বন্দির কোনো তথ্যই খুঁজে পাচ্ছে না কারা কর্তৃপক্ষ।
সবচেয়ে বেশি বন্দি পালানো নরসিংদী জেলা কারাগার থেকে। সেখান থেকে পালানো ৮২৬ বন্দির মধ্যে ১৬৬ জনের ডেটা বর্তমানে কারা বিভাগের কাছে নেই। ফলে পলাতক বন্দিদের একটি অংশের অবস্থান শনাক্ত করা কারা কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকার বকশীবাজারে মঙ্গলবার কারা অধিদপ্তরে সমসাময়িক ঘটনা ও কারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
তিনি বলেন, “২০২৪ সালে বিভিন্ন কারাগার ভেঙে মোট ২ হাজার ২৪৭ বন্দি পালিয়ে যায়। তাদের মধ্যে ৬৯০ জন এখনও পলাতক। নরসিংদী কারাগার থেকে পালিয়েছিল ৮২৬ জন। তাদের মধ্যে ১৬৬ জনের ডেটা বর্তমানে পাওয়া যাচ্ছে না। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৯ জন জঙ্গি ছিলেন। তাদের ছয়জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন এখনও পলাতক”।
কারা মহাপরিদর্শক বলেন, “কারাগারগুলোতে বর্তমানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি বন্দি রয়েছে। অতিরিক্ত বন্দির কারণে আবাসন সংকট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় জঙ্গি বন্দিদের আলাদা করে রাখাও সম্ভব হচ্ছে না”।
তিনি আরও বলেন, “কারা বিভাগের লক্ষ্য শুধু কারাগার পরিচালনা করা নয়। নিরাপত্তার পাশাপাশি বন্দিদের সংশোধন ও পুনর্বাসন এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও কল্যাণকে সমান গুরুত্ব দিয়ে একটি আধুনিক সংশোধনমূলক কারাব্যবস্থা গড়ে তোলার ভিত্তি তৈরি করা হচ্ছে”।
কারাগারে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে গত ২৪ জুন থেকে ময়মনসিংহ জেলা কারাগারে ‘ক্যাশলেস’ কার্যক্রম চালু করা হয়েছে বলে জানান আইজি প্রিজন।
তার ভাষ্য, এর ফলে কারাগারের আর্থিক ব্যবস্থাপনায় আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি কারা প্রশাসনের কার্যক্রম গতিশীল করতে সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে।
দীর্ঘদিনের জনবল সংকট কাটাতে কারা বিভাগে এরই মধ্যে ১ হাজার ৮৯৯টি নতুন পদ অনুমোদন করা হয়েছে। আরও ১ হাজার ৫০০টি পদের চাহিদা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, প্রতিযোগিতামূলক, মেধাভিত্তিক ও প্রযুক্তি-নির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক।
প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে অনিয়ম ও দালাল চক্রের সুযোগ কমার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করা সম্ভব হচ্ছে। কারা বিভাগে নিয়োগের ক্ষেত্রে মেধা, যোগ্যতা, সততা ও কর্মদক্ষতাকেই প্রধান বিবেচনায় নেওয়া হবে বলেও জানান তিনি।
অতিরিক্ত বন্দির চাপ কমানো এবং কারাগারের ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে নতুন কারাগার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার ও আটটি জেলা কারাগার চালু করা হয়েছে বলে জানান আইজি প্রিজন।
তিনি বলেন, “অতিরিক্ত বন্দির চাপের কারণে কারাগার ব্যবস্থাপনায় যে সংকট তৈরি হয়েছে, নতুন কারাগার চালুর মাধ্যমে তা মোকাবিলার চেষ্টা চলছে”।
কারা প্রশাসনে প্রশাসনিক সমন্বয় বাড়াতে ঢাকা বিভাগকে পুনর্বিন্যাস করে দুটি বিভাগে বিভক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কারা প্রশাসনের তদারকি ও কার্যক্রম আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।
কারা মহাপরিদর্শক বলেন, “কারা ব্যবস্থাপনার আধুনিকায়নের পাশাপাশি নিরাপত্তা জোরদার, বন্দিদের সংশোধন ও পুনর্বাসন এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে”।