বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২১:২২ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ২১:৪৪ পিএম
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) ভাগ করা নিয়ে যে সংশয় ছিল তা দূর করে দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র বিভাগ গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। একটি হবে রাজস্ব নীতি বিভাগ, অন্যটি রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার ‘রাজস্ব সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তবে কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে তা পরিষ্কার করেননি অর্থমন্ত্রী।
উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ৫৩ বছরের পুরনো এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করার নীতিগত সিদ্ধান্ত নেয় এবং এ বিষয়ে অধ্যাদেশ জারি করে। কিন্তু কর্মীদের তীব্র আন্দোলনের কারণে সেই উদ্যোগ বাস্তবায়ন করে যেতে পারেনি তারা।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর অধ্যাদেশটি বাতিল না করলেও সংশোধন করার সিদ্ধান্ত নেয়। এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা করা হবে কি হবে না কিংবা আগের মতোই বহাল রাখা হবেÑ এ নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে সংশয় ছিল। অর্থমন্ত্রী তার বক্তব্যে সেই সংশয় দূর করে দেন। এখন সিদ্ধান্তটি বাস্তবায়নের পালা।
অর্থমন্ত্রী বলেন, “রাজস্ব নীতি বিভাগ সরকারের ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করবে। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠান একটি ভারসাম্যপূর্ণ, প্রতিযোগিতামূলক ও উন্নয়নবান্ধব কর কাঠামো প্রণয়ন করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ হবে ‘অ্যাকশন টিম’, যারা কার্যকরভাবে রাজস্ব আদায় করবে।”
তিনি বলেন, “কর প্রদান প্রক্রিয়া সহজ করা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। রাজস্ব নীতি প্রণয়নে অর্থনীতিবিদ, বেসরকারি খাতের প্রতিনিধি, গবেষক এবং শিল্প-বাণিজ্য সংগঠনের বিশেষজ্ঞদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।”
আমির খসরু বলেন, “অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে রাষ্ট্রের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়েনি। এ ব্যবধান কমাতে বিদ্যমান করদাতাদের ওপর শুধু বাড়তি করের বোঝা চাপানো যাবে না। বরং করের আওতা সম্প্রসারণ, কর অব্যাহতি যৌক্তিক করা, কর ফাঁকি ও কর পরিহার বন্ধ এবং অটোমেশনের মাধ্যমে করদাতাদের কমপ্লায়েন্স বাড়াতে হবে।”
চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “এটি আগের বছরের তুলনায় ৪৬ শতাংশ বেশি। লক্ষ্যটি উচ্চাভিলাষী হলেও তা ইচ্ছাকৃতভাবে নির্ধারণ করা হয়েছে।”
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে যেতে চায়। উন্নয়নের অর্থায়ন নিজেদের সম্পদ থেকেই করতে হবে। তাই অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।”
রাজস্ব ব্যবস্থার সংস্কারে আধুনিকায়ন, সম্প্রসারণ ও অংশীদারিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান আমির খসরু। এক্ষেত্রে অটোমেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া করদাতাদের কর্মকর্তাদের কাছে যাওয়ার সংস্কৃতি বন্ধ করার কথাও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, “সরকারের লক্ষ্য সম্পূর্ণ ‘কন্টাক্ট-ফ্রি’ ও ‘ফেসলেস’ রাজস্ব প্রশাসন গড়ে তোলা। এরই মধ্যে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট, আসিকুডা ওয়ার্ল্ড, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং আধুনিক স্ক্যানিং পদ্ধতির মতো ব্যবসাবান্ধব বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।”