প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:৩৭ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৯:৪০ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: ভিডিও থেকে
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা বাঙালি, শনিবার মিয়ানমারের দেওয়া এমন বিবৃতির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
একইসঙ্গে, রোহিঙ্গাদের প্রত্যর্পণে মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙে আলোচনার পর মঙ্গলবার বিকাল পৌনে ছয়টায় এক ব্রিফিং এ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “মিয়ানমারের দিক থেকে যে স্টেটমেন্টটা করা হয়েছে সেখানে সংখ্যার কিছু বিভ্রাট আছে। যেটার সঙ্গে বাংলাদেশের সরকার বা পররাষ্ট্র মন্ত্রণালয় একমত না”।
মিয়ানমারের বিবৃতিতে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ‘বাঙালি’ উল্লেখ করা প্রসঙ্গে তিনি বলেন, “রোহিঙ্গা জনগোষ্ঠী যারা এখানে বাংলাদেশে আছে, মানবাধিকারের কথা চিন্তা করে বাংলাদেশের সরকার তাদেরকে অবস্থান দিয়েছে এবং আমরা চাই যে তারা সুস্থ-স্বাভাবিকভাবে, একটা সেফ অবস্থায় তারা ফিরে যাক তাদের দেশে। তো অবশ্যই তারা সেটার সঙ্গে আমরা একমত নই। তাদের একটা নিজেদের আইডেন্টিটি আছে, সেই আইডেন্টিটি নিয়েই তারা ফেরত যাবে”।
প্রতিমন্ত্রী বলেন, “একটা ভালো পরিবেশে মিয়ানমারের ডিজির সঙ্গে অ্যাম্বাসেডরের আলোচনা হয়েছে। উনি আশ্বস্ত করেছেন যে উনি সরকারের সঙ্গে কথা বলে এই কাজগুলো দ্রুত করবেন”।
শনিবার মিয়ানমারের দেওয়া বিবৃতিতে রোহিঙ্গা প্রত্যর্পণের বিষয়টি আন্তর্জাতিক চাপ নয় দ্বিপাক্ষিক বৈঠকে সমাধান হতে হবে, এমন বক্তব্যে ঢাকা কেন প্রতিবাদ করেনি সাংবাদিকের এমন প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঘোষণা দিয়ে প্রতিবাদ করলে সমাধান আসবে বিষয়টা এমন নয়।
শামা ওবায়েদ বলেন, “অবশ্যই একটা আন্তর্জাতিক চাপ যে প্রয়োগ করতে হবে মিয়ানমার সরকারের ওপর, আরাকান আর্মির ওপরে সেটা কিন্তু পরিষ্কারভাবে আমরা সবসময় বলছি এবং আলোচনার ক্ষেত্রে সেটা উঠে আসছে। আমরা মিয়ানমার সরকারের ওপর আস্থা রাখতে চাই, আমরা আন্তর্জাতিক কমিউনিটিকে আরও বেশি জোর দিচ্ছি তারাও যেন মিয়ানমারের ওপরে সেই প্রেশারটা ক্রিয়েট করে”।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে পশ্চিম রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে যাচাই করেছে মিয়ানমার সামরিক বাহিনী সমর্থিত-সরকার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের দেশে ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি।
সেই প্রক্রিয়া কতদূর জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “এটা ভেরিফিকেশন প্রসেসে আছে। সেই ভেরিফিকেশন প্রসেসটা তারা শুরু করেছে, কিন্তু ধীরগতিতে। তো সেটা যেন আরেকটু দ্রুত গতিতে তারা ভেরিফিকেশন প্রসেসটা করে সেই বিষয়ে আমাদের কথা হয়েছে”।