প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৮:২৬ পিএম
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের ১৮০ দিনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিকল্পিত নগরায়ণে নতুন পথ খুলেছে।
এরমধ্যে পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন ও ভূমি ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
একই সঙ্গে নাগরিক সেবার ডিজিটালাইজেশন, ভবন নির্মাণে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং নগর অবকাঠামো উন্নয়নে একাধিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে ৪৭টি কার্যক্রম শতভাগ বাস্তবায়ন হয়েছে বলে দাবি করা হয়েছে। আরও কয়েকটি কর্মসূচি বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে।
১৮০ দিনের কর্মপরিকল্পনায় পরিকল্পিত নগরায়ণ ও নাগরিক সেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এর অংশ হিসেবে জাতীয় স্থানিক পরিকল্পনার সম্ভাব্যতা সমীক্ষা চূড়ান্ত করা হয়েছে। ভূমি পুনর্বিন্যাস ও পুনঃউন্নয়ন নির্দেশিকাও প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি সীমিত আয়ের মানুষের আবাসন এবং কড়াইল বস্তি উন্নয়নের সম্ভাব্যতা সমীক্ষার কাজ এগিয়েছে।
পুরান ঢাকার পুনরুজ্জীবনেও উদ্যোগ নেওয়া হয়েছে। পুরান ঢাকা পুনরুজ্জীবন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নগর পরিকল্পনায় গণপরিবহনকেন্দ্রিক উন্নয়ন উদ্যোগ এবং উন্নয়ন সুবিধা ফি নীতিমালার অনুমোদন প্রক্রিয়াও এগিয়েছে।
নাগরিক সেবার ক্ষেত্রে বড় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে ডিজিটাল ব্যবস্থায়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনলাইন ওয়ান স্টপ সার্ভিস চালু করা হয়েছে। ঠিকাদারদের নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়াও পুরোপুরি অনলাইনে নেওয়া হয়েছে। অনলাইনে না-দাবি সনদ দেওয়ার ব্যবস্থাও চালুর পথে রয়েছে। সমন্বিত নকশা জমাদান ব্যবস্থা সম্প্রসারণ এবং পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনার অনলাইন ব্যবস্থার কাজও এগিয়েছে।
ভবন নির্মাণের নিরাপত্তায়ও নতুন প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ভবন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ভূমিকম্প নিরাপত্তা গবেষণা ইনস্টিটিউট গঠন ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবন নির্মাণের মান নিয়ন্ত্রণ এবং ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে।
নগর পরিবেশ ও জলাবদ্ধতা নিরসনেও কিছু দৃশ্যমান কাজ হয়েছে। চট্টগ্রামের ১০টি খালের প্রায় ৩০ কিলোমিটার অংশ পুনঃখনন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নির্ধারিত বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রাও শতভাগ অর্জিত হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
আবাসন খাতেও সীমিত ও মধ্যম আয়ের মানুষের জন্য প্লট ও ফ্ল্যাট বরাদ্দের কার্যক্রম এগিয়েছে। কর্মজীবী নারীদের জন্য ১০টি ডে-কেয়ার ও মাতৃদুগ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। কক্সবাজার মেরিন ড্রাইভে আলোকায়নের কাজও শেষ হয়েছে।
প্রশাসনিক ক্ষেত্রে পাঁচটি নতুন উন্নয়ন কর্তৃপক্ষের আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমের গুণগত মান নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স গঠন এবং নাগরিক সনদ হালনাগাদ করা হয়েছে।
তবে ১৮০ দিনের কর্মপরিকল্পনার সব কাজ এখনো শেষ হয়নি। বিভিন্ন সংস্থায় সুশাসন নিশ্চিতকরণ, মামলা জট নিরসনের সফটওয়্যার হালনাগাদ, ১৯৮২ সালের বরাদ্দ বিধিমালা বাংলায় রূপান্তরসহ কয়েকটি কার্যক্রম বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
মন্ত্রণালয়ের হিসাবে, ১৮০ দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত নগরায়ণ, ভূমি ব্যবস্থাপনা, আবাসন ও নির্মাণ সেবায় বেশ কিছু পরিবর্তনের ভিত্তি তৈরি হয়েছে। এখন এসব উদ্যোগের পরিকল্পনা ও নীতিগত পর্যায়ের কাজ মাঠপর্যায়ে কতটা বাস্তবায়ন করা যায়, সেটিই হবে বড় পরীক্ষা।