জোসনা জামান
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১০:২৭ এএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১০:৩৬ এএম
রাজধানীর পাশের তুরাগ নদের দূষণ কমানো, নদটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি এবং দখল রোধে ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। ছবি: বিবিসি
রাজধানীর পাশের তুরাগ নদের দূষণ কমানো, নদটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি এবং দখল রোধে ৫৬৭ কোটি ৪৫ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। ‘মেট্রো ঢাকা প্রকল্প গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদ সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)’ নামের প্রকল্পটি বাস্তবায়নে সরকারি তহবিল থেকে ১৪২ কোটি ৩১ লাখ ৯০ হাজার টাকা এবং বিশ্বব্যাংকের ঋণ থেকে ৪২৪ কোটি ৭২ লাখ টাকা ব্যয় করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তুরাগ নদের ২০ দশমিক ১০ কিলোমিটার এলাকায় ২ দশমিক ৩৫ মিলিয়ন ঘনমিটার ক্রমপুঞ্জীভূত দূষিত পদার্থ অপসারণ ও নিষ্কাশন করা হবে। একই সঙ্গে তুরাগ নদ ও এর পরিধি বরাবর ইকো-বাফার জোন উন্নয়নের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প প্রস্তাবটি আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি নিয়েছে পরিকল্পনা কমিশন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। অনুমোদন পেলে চলতি বছর প্রকল্পটির কাজ শুরু হয়ে ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দায়িত্বশীল এক কর্মকর্তা প্রতিদিনের বাংলাদেশকে জানান, প্রকল্পটি বাস্তবায়নে বৈদেশিক ঋণ পেতে গত ১৯ জানুয়ারি বিশ্বব্যাংকের সঙ্গে লোন নেগোসিয়েশন সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভার কার্যবিবরণীতে ঋণের বিস্তারিত তুলে ধরা হয় এবং ঋণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, তুরাগ নদ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বংশী নদী থেকে উৎপন্ন হয়ে ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে দুটি শাখায় বিভক্ত হয়েছে। এর একটি শাখা সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নে কর্ণতলী নদীতে এবং প্রধান শাখাটি আমিনবাজার ইউনিয়নে বুড়িগঙ্গা নদীতে পতিত হয়েছে। নদটির দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার এবং গড় প্রস্থ ৮৫ মিটার। এটি একটি মাঝারি ও বারোমাসি নদী। অর্ধফানেল আকৃতির অববাহিকাসমৃদ্ধ তুরাগ নদের উৎসস্থল মধুপুর অঞ্চলের মধ্য ও দক্ষিণ অংশে অবস্থিত। নদটি প্রধান জল নিষ্কাশন পথ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ঢাকা শহরে প্রবেশ না করেই উজানের পানি বুড়িগঙ্গা নদীতে বহন করে নিয়ে যায়। তবে তুরাগসহ নদী চ্যানেলগুলো ঘিরে গড়ে ওঠা টেক্সটাইল, ডায়িং মিলসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের অপরিশোধিত ভারী ধাতু ও রাসায়নিক বর্জ্য নদীগুলোর পানিকে দূষিত করছে। পাশাপাশি দখল ও মাটি ভরাটের কারণে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে নদীগুলো পুনরুদ্ধার জরুরি হয়ে পড়েছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, ঢাকা শহরের চারপাশের নদী পুনরুদ্ধার এবং ব্লু-নেটওয়ার্কের উন্নয়নের জন্য নদীগুলোর পরিবেশগত অবস্থা ও পানির গুণমান উন্নত করা, টেকসই ও পানিকে অন্তর্ভুক্ত করে নগর পরিকল্পনা করা, ভূমি ব্যবস্থাপনা ও নদীর প্রবাহ ব্যবস্থাপনা উন্নত করা এবং খালগুলোর পুনর্বাসনের পাশাপাশি নদীপথে নৌপরিবহনের সুবিধা প্রদান প্রয়োজন।
এ উদ্যোগ বাস্তবায়নের প্রধান অন্তরায় হলো নদীর পরিবেশগত অবস্থা ও পানির মানের ওপর ক্রমাগত দূষণ ও চাপ, নগর ও অর্থনৈতিক উন্নয়ন, উচ্চ ও নিম্ন নদীপ্রবাহ এবং জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত চ্যালেঞ্জ। ফলে ঢাকার আশপাশের নদী পুনরুদ্ধারে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে বহু-ক্ষেত্রীয় ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। এ প্রেক্ষাপটে ঢাকাকে ভবিষ্যতের জন্য আরও বাসযোগ্য, টেকসই, জলবায়ু-সহনশীল ও অর্থনৈতিকভাবে প্রতিযোগিতামূলক শহরে রূপান্তরের লক্ষ্যে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) মাহমুদুল হোসাইন খান বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তুরাগ নদ ও গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এলাকা সংরক্ষণ ও সুরক্ষা, পানি ধারণক্ষমতা বৃদ্ধি এবং অবৈধ দখল রোধ করা সম্ভব হবে। পাশাপাশি তুরাগ নদ ও এর আশপাশের পরিধি বরাবর ইকো-বাফার জোন উন্নয়ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরের বৃহত্তর মিরপুর, পল্লবী, রূপনগর, কালশী, মিরপুর ক্যান্টনমেন্ট, মিরপুর ডিওএইচএস, ইস্টার্ন হাউজিং, বৃহত্তর উত্তরা, এয়ারপোর্ট ও বাউনিয়া এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থারও উন্নয়ন ঘটবে। এসব দিক বিবেচনা করে পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত প্রথম পর্যায়ের প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন।
সূত্র মতে, প্রকল্পের আওতায় তুরাগ নদের বর্জ্য ব্যবস্থাপনাসহ গ্র্যাব ড্রেজিং, ৫ হাজার ৩৫ মিটার ওয়ার্কওয়ে নির্মাণ, ২ কিলোমিটার ইকোসিস্টেম উন্নয়ন এবং স্বয়ংক্রিয় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যান্ত্রিক ট্র্যাশ র্যাক স্থাপন করা হবে। এ ছাড়া অন্যান্য সহায়ক যন্ত্রপাতি স্থাপন, ৯১টি ফাউন্টেন কাম এরেটর স্থাপন, পানি গুণগত মান নিশ্চিতকরণে একটি প্ল্যান্ট স্থাপন, তিনটি পাম্প হাউস পুনর্বাসন এবং ২২৬ বর্গমিটারের প্রকল্প ব্যবস্থাপনা অফিস নির্মাণসহ আনুষঙ্গিক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।