× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সরবরাহ বাড়লেও সংকট কাটেনি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ০৮:৫৫ এএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ০৯:০৫ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কোথাও কোথাও সরবরাহ বাড়লেও গ্যাস এখনও তীব্র ভোগান্তির কারণ হয়েই রয়েছে। সংকট যেন কাটছে না। সাধারণ মানুষের পাশাপাশি পরিবহন ও শিল্প খাতেও এর সরাসরি প্রভাব পড়েছে। রাজধানী ও এর আশপাশের ছোট-বড় টেক্সটাইল মিল, ডাইং ও ফিনিশিং কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি কিছুটা উন্নতির পর গতকাল সোমবার দুপুর থেকে অনেক স্থানে গ্যাসের চাপ পাওয়া গেলেও বেশকিছু এলাকায় সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুরের শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি।

ভাসমান এলএনজি টার্মিনালের দুর্ঘটনার কারণে গত ২০ দিন ধরে চলমান এই সংকটকে নজিরবিহীন বলে মনে করছেন শিল্পমালিকরা। তাদের দাবি, এবার তারা অপরিসীম ক্ষতির মুখোমুখি হয়েছেন। এর মধ্যে রয়েছে উৎপাদন ব্যাহত হওয়া, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা, বাড়তি খরচ এবং ভবিষ্যতের ক্রয়াদেশ হাতছাড়া হওয়ার আশঙ্কা।

এদিকে সরকার গতকাল জানিয়েছে, দেশের চলমান জ্বালানি সংকটের সমাধান ছয় মাস বা এক বছরে হবে না; এতে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে। বিশেষজ্ঞদেরও মতে, গ্যাসের ক্ষেত্রে বাংলাদেশ যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, তার রাতারাতি সমাধান নেই। তবে সংকট মোকাবিলায় কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব। এর মধ্যে অন্যতম হলো দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো।

নারায়ণগঞ্জে উৎপাদন ব্যাহত

গ্যাসের চাপ কমে যাওয়ায় নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে তীব্র উৎপাদন সংকট তৈরি হয়েছে। পর্যাপ্ত গ্যাস না থাকায় ডাইং কারখানাগুলোতে কাপড় উৎপাদন ব্যাহত হচ্ছে। সময়মতো কাপড় না পাওয়ায় এর প্রভাব পড়ছে গার্মেন্টস কারখানাগুলোতেও। শিল্পমালিকদের দাবি, কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যাচ্ছে, আবার কোথাও কয়েক ঘণ্টা সরবরাহের পর বন্ধ হয়ে যাচ্ছে। এতে কোনো কোনো কারখানায় উৎপাদন ধীর হয়ে গেছে। অনেক কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে।

বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের এক নেতার দাবি, গ্যাসের চাপ শূন্যে নেমে যাওয়ায় নারায়ণগঞ্জের ৩০ থেকে ৪০ শতাংশ কারখানার উৎপাদন বন্ধ রেখে শ্রমিকদের ছুটিতে রাখা হয়েছে।

বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাসির উদ্দিন বলেন, ডাইংয়ের কাজ একটি ধারাবাহিক প্রক্রিয়া। একটি কাপড় মেশিনে ওঠার পর বিভিন্ন ধাপ পেরিয়ে প্রায় ১১-১২ ঘণ্টা পর ফলাফল পাওয়া যায়। মাঝপথে আধা ঘণ্টার জন্যও গ্যাস বন্ধ হলে পুরো কাপড় নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।

তিনি বলেন, গত চার-পাঁচ দিন ধরে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ একেবারে শূন্যে নেমে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে ডাইং ইউনিটগুলো মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

নাসির উদ্দিন জানান, নারায়ণগঞ্জে ৩০০টির বেশি ডাইং কারখানা রয়েছে। সবগুলো একসঙ্গে বন্ধ না থাকলেও গ্যাসের চাপ কম থাকায় স্বাভাবিক উৎপাদন ব্যাহত হচ্ছে। কোথাও কয়েক ঘণ্টা গ্যাস পাওয়া গেলে উৎপাদন চলছে, আবার সরবরাহ বন্ধ হলেই তা থেমে যাচ্ছে। অনেক কারখানায় শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে এবং ওভারটাইম কমানো বা বন্ধ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশন বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সবকটি ফিলিং স্টেশন থেকে গত বৃহস্পতিবার রাত থেকে পুরোপুরি গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে, সে বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই।

জানা গেছে, গত ১২ আগস্ট থেকে জেলার পাঁচটি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সীমিত করে দেয় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। এরপর সংকটের কারণে বৃহস্পতিবার রাত থেকে সবকটি ফিলিং স্টেশন বন্ধ ঘোষণা করা হয়। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালকরা। বাধ্য হয়ে অনেক সিএনজিচালক এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। তবে তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন।

ভূঞাপুরে বিদ্যুতের বেহাল দশা 

টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎ সরবরাহেরও বেহাল দশা। কখন বিদ্যুৎ আসে, কখন যায় তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন নাগরিকরা। ভূঞাপুর বিদ্যুৎ অফিসের ভাষ্য অনুযায়ী, ভূঞাপুর সাবস্টেশনের আওতায় বিদ্যুতের চাহিদা ২৩-২৪ মেগাওয়াট এবং বর্তমানে চাহিদা ১৭-১৮ মেগাওয়াট। ঘাটতি ৯-১০ মেগাওয়াট। দিনরাত ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি টানা দুই-তিন ঘণ্টা বিদ্যুৎ থাকে না। ফলে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে।

গ্রাহক রাসেল মিয়া জানান, দিনে কাজের ব্যস্ততার কারণে বিদ্যুতের সমস্যা বেশি মনে না হলেও রাতে ঘুমাতে পারেন না। বিদ্যুৎ ঘাটতির কারণে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান।

আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা

নির্ধারিত মানদণ্ড ও সুরক্ষা শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সৌদি আরামকোর সরবরাহ করা একটি এলএনজিবাহী কার্গো গ্রহণ না করে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা। তবে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠান জানিয়েছে, ওই চালানের বিকল্প হিসেবে অন্য একটি জাহাজে গ্যাসবাহী নতুন কার্গো পাঠাবে সরবরাহকারী প্রতিষ্ঠানটি।

জানা গেছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আলহামরা’ নামের একটি জাহাজ প্রায় ৬১ হাজার টন এলএনজি নিয়ে গত ১১ আগস্ট মধ্যরাতে কক্সবাজারের মহেশখালী উপকূলে পৌঁছে। কিন্তু নিরাপত্তা বিধান ও বার্থিংয়ের ঘাটতি থাকায় সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) জাহাজটি থেকে গ্যাস খালাস করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২৯ বছরের পুরনো ‘আলহামরা’ ১৯৯৭ সালে নির্মিত একটি ‘মস-টাইপ’ এলএনজি বাহক জাহাজ। এর ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩৫ হাজার ঘনমিটার। এফএসআরইউতে গ্যাস খালাসের প্রয়োজনীয় সংযোগ না দেওয়ায় জাহাজটি টার্মিনালের কাছেই অবস্থান নেয়।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (এলএনজি) দীন মোহাম্মদ জানান, গ্রহণ করার মতো নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে জাহাজটি। তিনি বলেন, এই কার্গো আমাদের অ্যাক্সেপটেন্সের ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি, যে কারণে এটি গ্রহণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, প্রত্যাখ্যাত চালানের স্থলে নতুন আরেকটি চালানের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হবে। জাহাজটি ইতোমধ্যে ফিরে গেছে। সরবরাহকারী প্রতিষ্ঠানটি বিকল্প হিসেবে নতুন কার্গো সরবরাহ করবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা