× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাকুরেদের মূল বেতন ১০০% বাড়ানোর সুপারিশ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ০৮:৪৩ এএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ০৮:৪৫ এএম

গ্রাফিক্স: এআই

গ্রাফিক্স: এআই

পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির হার নির্ধারণের সুপারিশ করেছে সচিব কমিটি। এতে মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। পে-কমিশন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বাড়ানোর সুপারিশ করেছিল। কিন্তু সচিব কমিটি তা কমিয়ে ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। 

মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাবিত বেতন কাঠামো অনুমোদনের পরই তা বাস্তবায়ন হবে। দুই ধাপে তা বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সচিব কমিটি ২০টি গ্রেডে সবার জন্য সমান হারে বেতন বাড়ানোর সুপারিশ করেছে। সরকারের আর্থিক সঙ্গতি বিবেচনায় রেখেই এই প্রস্তাব করা হয়েছে। যদিও পে-কমিশনের সুপারিশ ছিল নিচের দিকে চাকরিজীবীদের বেতন বেশি বাড়ানো হোক। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করতে বাড়তি ১ লাখ ৬ হাজার কোটি টাকা দরকার হবে। সরকারের আর্থিক চাপ কমাতে দুই ধাপে বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এরই মধ্যে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি বলেছে, বাংলাদেশের অর্থনীতি এখন গভীর সংকটে। এই অবস্থায় নতুন বেতন কাঠামো বাস্তবায়নে যে বাড়তি টাকা লাগবে, তা জোগানের সক্ষমতা নেই সরকারের। সরকার অবশ্য আইএমএফের এই বক্তব্যের কোনো জবাব দেয়নি। 

এদিকে সরকারের ১৮০ দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে বই প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়, প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সচিব কমিটি বেতন কাঠামো চূড়ান্ত করে এই সুপারিশ করেছে। নতুন পে-স্কেল বাস্তবায়নে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতার জন্য ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা এবং পেনশন-গ্র্যাচুইটিসহ মোট ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে বইতে উল্লেখ করা হয়েছে। 

নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন হবেÑ অর্থমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নতুন পে-স্কেল কবে থেকে বাস্তবায়িত হবেÑ এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে। তবে এ বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে। আজ একটি দিক নিয়ে আলোচনা করেছি। অন্যান্য আরও বিষয় রয়েছে। সেসব বিষয়ে আলোচনা শেষে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হলে তা আপনাদের সামনে তুলে ধরা হবে।

পে-স্কেল ঘোষণার ক্ষেত্রে সরকার সব বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে উল্লেখ করে সবাইকে ধৈর্য ধরারও আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যবিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন দাখিল করে। বিদ্যমান গ্রেড ২০টি বহাল রেখে কমিশন বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করেছিল। পরে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা