প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ২০:২৭ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ২০:২৯ পিএম
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী বর্তমান চুক্তির ধারাবাহিকতায় তাদের এই পুনঃনিয়োগ প্রদান করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে আলাদা দুটি প্রজ্ঞাপনে সোমবার এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. গোলাম রব্বানী।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে (পরিচিতি নম্বর: ৩১০৭) তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ সচিব পদে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে (পরিচিতি নম্বর: ১৬৯৬) আগামী ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে পরবর্তী ১ (এক) বছর মেয়াদে একই মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে পুনঃনিয়োগ প্রদান করা হয়েছে।
উভয় প্রজ্ঞাপনেই শর্ত দেওয়া হয়েছে যে, এই পুনঃনিয়োগের ক্ষেত্রে তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।
জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।