বাসস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৬:৪৬ পিএম
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। ছবি: বাসস/পিএমও
জনপ্রশাসনকে ঢেলে সাজাতে শিগগিরই ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার দুপুরে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম খান বলেন, “আমরা যে প্রশাসনিক সংস্কার কমিশন করতে চাই, সেই সংস্কার কমিশনকে যারা সহায়তা করবে, তাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তা দূর না করে কমিশন গঠন করলে ভালো কাজ হবে না। এ কারণে একটু সময় লাগছে। শিগগিরই হবে, ইনশাল্লাহ।”
এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ বলেন, “জনপ্রশাসন সংস্কার কমিশন করার জন্য নির্বাচনি ইশতেহারে যে কথা বলা আছে সরকার সেই পয়েন্ট থেকে সরে আসে নাই। বরঞ্চ সেই লক্ষ্যেই কাজ করছে এবং ‘ইন দি মিন টাইম’ কিছু প্রক্রিয়াও আপনারা দেখেছেন, কিছু কিছু কাজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে।”
তিনি বলেন, বিশেষ করে আগের সরকারের অনুগত কিছু ব্যক্তি এখনো প্রশাসনে রয়ে গেছেন। তাদেরকে সংশ্লিষ্ট জায়গা থেকে চিহ্নিত করে সেসব জায়গা পরিষ্কার করার একটি চেষ্টা আমরা করেছি এবং তা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে।
ইসমাইল জবিহউল্লাহ বলেন, “এমন কিছু করা যাবে না, যাতে দেশ ও জাতির ক্ষতি হয়। একই সময়ে প্রশাসনকে যেভাবে দলীয়করণ করা হয়েছে, সেখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।
“তবে জনপ্রশাসন সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল। সেটিও আমরা লক্ষ্য করেছি এবং দেখেছি। আমরা খুব শিগগিরই জনপ্রশাসন সংস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে একটি কমিশন করতে যাচ্ছি। আপনারা শিগগিরই তা দেখতে পাবেন।”