বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ভবন। ছবি: বাসস
সরকারি ক্রয়ব্যবস্থাকে আরও আধুনিক, নাগরিকবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থার দ্বিতীয় সংস্করণ ই-জিপি ২.০ চালুর রোডম্যাপ তৈরি করছে সরকার।
একই সঙ্গে সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানো, নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আইন ও বিধিমালা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, সরকারি ক্রয়ব্যবস্থার সংস্কার একটি চলমান প্রক্রিয়া। ক্রয়ের পরিমাণ বাড়ার সঙ্গে প্রতিষ্ঠানটির সক্ষমতা, প্রযুক্তি ও দক্ষ জনবলও বাড়াতে হবে।
দুই দশকের সংস্কার
বাংলাদেশে সরকারি ক্রয়ব্যবস্থার সংস্কারের যাত্রা শুরু হয় ২০০১ সালে। ২০০৩ সালে প্রণয়ন করা হয় পাবলিক প্রকিউরমেন্ট রেগুলেশনস।
এরপর ২০০৬ সালে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট এবং ২০০৮ সালে পাবলিক প্রকিউরমেন্ট রুলস (পিপিআর) প্রণয়ন করা হয়। সময়ের প্রয়োজন অনুযায়ী এসব আইন ও বিধিমালায় বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে।
সর্বশেষ ২০২৫ সালে নতুন করে পিপিআর প্রণয়ন করা হয়। পাশাপাশি পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট, ২০০৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৩ সালে কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিট (সিপিটিইউ) বিলুপ্ত করে প্রতিষ্ঠা করা হয় বিপিপিএ। এর মাধ্যমে সরকারি ক্রয়ব্যবস্থার নিয়ন্ত্রণ ও সংস্কারের দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানটি আরও বিস্তৃত দায়িত্ব ও স্বায়ত্তশাসন লাভ করে।
ফের আইন সংস্কারের উদ্যোগ
সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়ানো, নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণ উৎসাহিত করা এবং ক্রয়ব্যবস্থাকে আরও আধুনিক করতে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও পিপিআর পর্যালোচনা করছে সরকার।
এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি আইন ও বিধিমালার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের সুপারিশ করবে।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এসব সংস্কার বাস্তবায়ন তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।
৩০ বিলিয়ন ডলারের সরকারি ক্রয়
দেশের অর্থনীতি ও সরকারি বাজেটের আকার বাড়ার সঙ্গে সরকারি ক্রয়ের পরিমাণও দ্রুত বেড়েছে।
তথ্য অনুযায়ী, ২০০৩ সালে বাংলাদেশে সরকারি ক্রয়ের বার্ষিক মূল্য ছিল প্রায় ৩ বিলিয়ন আমেরিকান ডলার। ২০১০ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১০ বিলিয়ন ডলারে।
বর্তমানে সরকারি ক্রয়ের বার্ষিক মূল্য প্রায় ৩০ বিলিয়ন ডলার।
আগামী দিনে জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার আরও বাড়বে। ফলে সরকারি ক্রয়ের পরিমাণও বাড়বে। বিপুল এই ক্রয়প্রক্রিয়া দক্ষতার সঙ্গে পরিচালনায় শক্তিশালী প্রতিষ্ঠান, উন্নত প্রযুক্তি ও দক্ষ জনবল প্রয়োজন হবে বলে মনে করেন বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা।
ই-জিপিতে নতুন সংস্করণ
ভবিষ্যতের সংস্কার পরিকল্পনা নির্ধারণে সম্প্রতি তিনটি অংশীজন পরামর্শ কর্মশালার আয়োজন করেছে বিপিপিএ।
এসব কর্মশালায় ই-জিপি ব্যবস্থার আরও উন্নয়ন, বাধ্যতামূলক ই-জিপির পূর্ণ বাস্তবায়ন এবং বিপিপিএর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হয়।
সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাত, শিক্ষাবিদ এবং সরকারি ক্রয়-সংশ্লিষ্ট পেশাজীবীরা এতে মতামত দেন।
সরকারি ক্রয়ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে ই-জিপিকে বড় সাফল্য হিসেবে দেখছে বিপিপিএ।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ২০১০ সালে একটি সরকারি ক্রয় সম্পন্ন করতে গড়ে প্রায় ১০০ দিন সময় লাগত। বর্তমানে তা কমে ৫৪ দিনে দাঁড়িয়েছে।
বিপিপিএর ভাষ্য, এতে সরকারি ক্রয়ে স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহি ও প্রতিযোগিতা বেড়েছে।
২০২৬ সালের ৯ জুলাই বিপিপিএর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রতিষ্ঠানটির চতুর্থ সভায় প্রাতিষ্ঠানিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। একই সভায় সরকারি ক্রয়প্রক্রিয়ার সময় কমে আসার বিষয়টিও উঠে আসে।
প্রথম পর্যায়ের ডিজিটাল রূপান্তরের পর এবার আরও উন্নত প্রযুক্তিনির্ভর ক্রয়ব্যবস্থার দিকে যেতে চায় সরকার। এর অংশ হিসেবে ই-জিপি ২.০ উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে।
নতুন সংস্করণের লক্ষ্য শুধু দরপত্র প্রকাশ ও চুক্তি সম্পাদন অনলাইনে নিয়ে আসা নয়; পুরো ক্রয়চক্রকে আরও সমন্বিত, দ্রুত, তথ্যনির্ভর ও ব্যবহারবান্ধব করা।
সরকারি সংস্থা, ঠিকাদার, সরবরাহকারী ও নাগরিক- সব পক্ষের জন্য ব্যবস্থাটি আরও সহজ ও কার্যকর করার লক্ষ্য রয়েছে।
টেকসই উন্নয়নের হাতিয়ার
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মনে করেন, সরকারি ক্রয়কে শুধু কম দামে পণ্য বা সেবা কেনার প্রক্রিয়া হিসেবে দেখলে চলবে না।
সরকারি ক্রয় হতে হবে দীর্ঘমেয়াদি পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক মূল্য তৈরির একটি কৌশলগত হাতিয়ার।
এ জন্য ক্রয়ব্যবস্থায় টেকসই উন্নয়নের নীতি যুক্ত করা, পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল পণ্য ও সেবা কেনায় গুরুত্ব দেওয়া, নতুন উদ্ভাবন উৎসাহিত করা এবং স্থানীয় শিল্পকে সহায়তা করার ওপর জোর দিতে হবে।
একই সঙ্গে পুরো ক্রয়চক্রে ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
টেকসই সরকারি ক্রয়কে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন কামরুজ্জামান।
তার মতে, সরকারি ক্রয়ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে তা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ ও উন্নত জনসেবা নিশ্চিত করতে ভূমিকা রাখে।
সামনে প্রাতিষ্ঠানিক সক্ষমতার চ্যালেঞ্জ
সরকারি ক্রয়ের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলারে পৌঁছানোয় শুধু প্রযুক্তি উন্নত করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না।
এর সঙ্গে প্রয়োজন দক্ষ জনবল ও শক্তিশালী প্রতিষ্ঠান। ক্রয়ের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং নীতিগত নির্দেশনা দেওয়ার ক্ষমতাও বাড়াতে হবে।
দুই দশকের বেশি সময়ের সংস্কারের ধারাবাহিকতায় এখন সরকারি ক্রয়ব্যবস্থার সামনে পরবর্তী বড় পদক্ষেপ হলো আইন ও বিধিমালার আধুনিকায়ন, ই-জিপি ২.০ বাস্তবায়ন, বাধ্যতামূলক ই-জিপির পূর্ণ বাস্তবায়ন এবং বিপিপিএকে আরও শক্তিশালী করা।
বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা মনে করেন, সরকারি ক্রয়ব্যবস্থাকে এখন এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে প্রযুক্তি শুধু ক্রয়প্রক্রিয়াকে দ্রুত করবে না; বরং স্বচ্ছতা, প্রতিযোগিতা, উদ্ভাবন, পরিবেশগত সুরক্ষা এবং জনস্বার্থ নিশ্চিত করারও কার্যকর মাধ্যম হয়ে উঠবে। সেই লক্ষ্যেই সরকারি ক্রয়ব্যবস্থার পরবর্তী সংস্কারের রূপরেখা তৈরি হচ্ছে।