প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৬:৩১ পিএম
প্রতীকী ছবি/এআই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮১ জনের শরীরে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশে মোট ৮১৬ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সোমবার এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ আগস্ট সকাল আটটা থেকে ১৭ আগস্ট সকাল আটটা পর্যন্ত সারা দেশে নতুন করে ৫০ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৩০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাত শিশুর ক্ষেত্রে হামের উপসর্গ থাকলেও তাদের মৃত্যুটি ‘সন্দেহজনক’ হিসেবে নথিভুক্ত করা হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে ল্যাবরেটরিতে নিশ্চিত হওয়া কোনো হাম রোগীর মৃত্যুর তথ্য নেই।
সরকারি তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।