× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোয়ালিটি ফুড ছাড়া উৎপাদিত মাছ রপ্তানি নয়: প্রাণিসম্পদ মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৩:২৫ পিএম

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সোমবার আয়োজিত সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে সোমবার আয়োজিত সেমিনারে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়াতে হলে মা মাছকে ডিম দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। অভয়াশ্রম বাড়াতে হবে। আমরা আগে প্রাকৃতিক জলাশয়ের মাছ খেতাম। এখন চাষাবাদের পরিমাণ বাড়ছে।

তিনি বলেন, সীমাবদ্ধ ভূমিতে মাছ চাষ করলে সেখানে কোয়ালিটি ফুড নিশ্চিত করতে হবে। কোয়ালিটি কন্ট্রোল না করে মাছ উৎপাদন করলে সেটা শরীরের জন্য কতটা উপকারী হবে বলে প্রশ্ন তুলেন তিনি। বলেন, এসব মাছ রপ্তানি করা যাবে না। কেননা আমদানিনির্ভর রপ্তানি কখনওই স্টেবল না।

‘স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে মৎস্যসম্পদ: বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে সোমবার সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)।

বিএফআরআই এর মহাপরিচালক মো. লতিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সম্মানীয় অতিথি ছিলেন মন্ত্রণালয়টির সচিব মো. দেলোয়ার হোসেন, গেন্ট অব অনার ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. খালেদ কনক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান তুহিন, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফআরআইর ঊর্ধ্বতন বিজ্ঞানী ড. মশিউর রহমান প্রমুখ।  

মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিশ্বব্যাপী ফুডের অভাব নেই, কিন্তু কোয়ালিটি ফুডের অভাব। আমরা মাছ ভাত খেয়ে বড় হয়েছি, প্রত্যাশা করি আমাদের আগামী প্রজন্ম মাছ ভাতে বড় হোক। পরিস্থিতি ও পরিবেশ আমাদের মাছ চাষে উদ্বুদ্ধ করছে। ফুড নিরাপদ না হলে এসব উৎপাদিত খাদ্য যে খাবে তার কী অবস্থা আল্লাহই ভালো জানেন।

মাছ রপ্তানি সম্পর্কে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের এক কোটি মানুষ থাকে। তারা দেশি মাছ খেতে চায়। সেটি সীমিত। আমাদের উচিত প্রত্যেকটি দেশের স্থানীয় মানুষের চাহিদার আলোকে রপ্তানি করা।

মন্ত্রী বলেন, আমদানিনির্ভর রপ্তানি কখনওই স্টেবল না। আমাদের সামুদ্রিক মাছ রপ্তানির সুযোগ রয়েছে। আমাদের গবেষণা আছে কিন্তু প্যাটার্ন হচ্ছে না।

তিনি বলেন, কুচিয়া রপ্তানির সুযোগ রয়েছে। এটি জাপানি মাছের স্বাদের কাছাকাছি। আমেরিকা থেকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সবদেশে এটির চাহিদা রয়েছে।

তিনি বলেন, প্রকৃতিতে কাঁকড়া হাজারটা ডিম দিলেও তা রক্ষা করা যাচ্ছে না।  হ্যাচারিতে এর ডিম ফুটিয়ে বাচ্চা করতে পারলে হাজারটা বাচ্চা পাওয়া যেত। কেননা প্রকৃতি থেকে ধরে এনে খামারে চাষ করা সম্ভব না। ৫০০ টন কাঁকড়া রপ্তানি করলেও চাহিদা শেষ হবে না।

তিনি বলেন, কোয়ালিটি কন্ট্রোলের জন্য আপনারা পরামর্শ দেন। চিহ্নিত সমস্যা খোঁজে বের করে তা সমাধান করতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাছের উৎপাদন ক্ষতিগ্রস্তের মূল কারণ পরিবেশ নষ্ট হওয়া। নদীর পাড়ে কল কারখানা গড়ে উঠায় মাছের উৎপাদন কমছে। চাষাবাদের কারণে আমরা চাহিদা পূরণ করে কিছু রপ্তানি করতে পারছি।  

তিনি বলেন, মাছের উৎপাদন বাড়াতে জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই কার্যক্রম আবার চালু করেছেন। ২০ হাজার কিলোমিটার খান ও নদী খননের পরিকল্পনা রয়েছে সরকারের।

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, অনেকে না জেনে না বুঝে এন্টিবায়োটিক ব্যবহার করছে। খাদ্য নিরাপত্তার জন্য এটি হুমকি। এন্টিবায়োটিকের ব্যবহার বন্ধে খামারিদের নিয়ে সভা সেমিনারের আয়োজন করা হবে।

মো. দেলোয়ার হোসেন বলেন, সেমিনারে অনেক সমস্যা ও সমাধান তুলে ধরা হয়। এগুলো মন্ত্রণালয়ে সার সংক্ষেপ পাঠাতে হবে। তিনি মৎস্যখাতে এন্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে মোবাইল কোর্ট চালুর নির্দেশ দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা