× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলো-আঁধারির ৬ মাস

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২২:৩৬ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৯:০৪ পিএম

শপথ পাঠ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

শপথ পাঠ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

‘আমাদের ইশতেহারের ওপর জনগণ আস্থা রেখেছে। তাই যথাযথ সময়ে যথাযথভাবে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে।’ সরকার গঠনের পর ১৮০ দিনের কর্মসূচি ঘোষণার সময় এই প্রত্যয় ব্যক্ত করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সঙ্গত কারণেই ফ্যাসিবাদী শাসনোত্তর নির্বাচিত সরকারের ১৮০ দিনের পূর্তিতে দেশবাসীর দৃষ্টি এখন বিএনপির নির্বাচনি ইশতেহারের ভিত্তিতে প্রণীত কর্মপরিকল্পনার অর্জনের দিকে। 

বিশ্লেষকরা বলছেন, কর্মপরিকল্পনাভুক্ত ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখনন, সামাজিক নিরাপত্তা ও কিছু প্রশাসনিক উদ্যোগে অগ্রগতি আশার সঞ্চার করেছে।

তবে কর্মপরিকল্পনার সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলার উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ ও দুর্নীতি দমনের ক্ষেত্রে তেমন কোনো সাফল্য অর্জিত হয়নি। পাশাপাশি রাজনৈতিক ক্ষেত্রে বিরোধী দলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে। জোটভুক্ত দলগুলোর সঙ্গে সরকারি দলের দূরত্ব বেড়েছে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। 

জনপ্রত্যাশার বিপুল চাপ নিয়ে ১৭ আগস্ট বিএনপি সরকার গঠনের পর ১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করে। তখন প্রধানতম প্রতিশ্রুতিগুলো ছাড়াও নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিসমূহ দ্রুত বাস্তবায়নের কথা বলা হয়েছিল। কিন্তু ছয় মাসের মাথায় এসে স্বপ্নভঙ্গ হয়েছে সাধারণ মানুষের।

বাংলাদেশের রাজনীতিতে একটি সরকারের প্রথম ছয় মাস সাধারণত ‘মধুচন্দ্রিমা’ পর্ব হিসেবে বিবেচিত হয়। সদ্যসমাপ্ত নির্বাচনে জনসমর্থনকে পুঁজি করে প্রশাসনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ এবং দ্রুত কিছু দৃশ্যমান সিদ্ধান্ত নেওয়ার সুবিধাও থাকে এ সময়ে। তারেক রহমানের সরকার শুরুতে বেশ কিছু উদ্যোগ নিয়ে চমক সৃষ্টি করেছিল এবং মানুষ আশাবাদী হয়েছিল।

সরকার গঠনের ছয় মাস বা ১৮০ দিনে বিভিন্ন মন্ত্রণালয় কী ধরনের কাজ করেছে, ইতোমধ্যেই তা মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টা ও বিশেষ সহকারীদের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, তিনি নিজেও ওই কমিটির সদস্য হিসেবে কাজ করছেন। গত ১১ আগস্ট তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকাণ্ড ও অগ্রগতি অত্যন্ত সূক্ষ্মভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। ১৮০ দিন পূর্ণ হওয়ার পর প্রধানমন্ত্রী নিজেই জনগণের সামনে সরকারের অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়গুলো তুলে ধরবেন”।

ফ্যামিলি কার্ড

সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠ থেকে একই সময়ে দেশের ১৪টি স্থানে একযোগে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়ন এবং নিম্ন আয়ের পরিবারের সামাজিক সুরক্ষার অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়।

প্রাথমিক পর্যায়ে ১৩ জেলা ও তিনটি সিটি করপোরেশনের ৩৭ হাজার ৮১৪ নারীপ্রধান পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা করার কথা বলা হলেও পরে এর আওতা বাড়ানো হয়। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা ৪১ লাখে পৌঁছেছে। ফ্যামিলি কার্ড বড় পরিসরে সম্প্রসারণের পর্যায়ে রয়েছে এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ কর্মসূচির জন্য ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

কৃষক কার্ড

সরকারের আরেকটি বড় নির্বাচনী অঙ্গীকার কৃষক কার্ড। ১৪ এপ্রিল পহেলা বৈশাখে এর প্রি-পাইলট কার্যক্রম শুরু হয়। ১০ জেলার ১১টি উপজেলায় কর্মসূচির সূচনা করে ২২ হাজার ৬৫ জন কৃষকের হিসাবে একযোগে ২ হাজার ৫০০ টাকা করে পাঠানো হয়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি সেবা, কৃষিঋণ, প্রণোদনা, ভর্তুকি, সেচ, কৃষিযন্ত্র ও অন্যান্য সহায়তা সরাসরি দেওয়ার কাঠামো তৈরির কথা বলা হয়েছে।

জুলাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেশব্যাপী কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ শুরু করেছে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলা থেকে একটি ব্লক নির্বাচন করে তথ্য সংগ্রহ এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে তা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কৃষক কার্ডধারীর সংখ্যা ৪৩ লাখে নেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে।

কৃষিঋণ ও খাল পুনঃখনন

সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার ফলে ১৪.৩৪ লাখ কৃষক ঋণমুক্ত হয়েছেন। খাদ্যশস্যের মজুদ ২৪ লাখ টন অতিক্রম করেছে, যা মূল্যায়নে দেশের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে বর্ণনা করা হয়েছে।

একই সঙ্গে, ৬৭ লাখেরও বেশি অসহায় পরিবার প্রতিমাসে কেজিপ্রতি ৩০ টাকা দরে চাল পাচ্ছে। এ ছাড়া খাল পুনঃখননকে কৃষি, সেচ ও জলাবদ্ধতা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করা হয়েছে। ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ১ হাজার ২০৪ কিলোমিটার খাল খনন বা পুনঃখননের লক্ষ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আরও ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখনন বা সংস্কারের পরিকল্পনা ছিল, যা বাস্তবায়নাধীন রয়েছে।

অর্থনীতি

সরকার দায়িত্ব নেওয়ার সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মূল্যস্ফীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান ছিল বড় উদ্বেগের জায়গা। ছয় মাসের ব্যবধানে রিজার্ভে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৪ বিলিয়ন ডলার; আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

২৮ জুলাইয়ের হিসাবে মোট রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে এবং বিপিএম-৬ হিসাবে ৩১ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০ মে পর্যন্ত রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে উঠেছিল এবং মূল্যস্ফীতি ৮ দশমিক ৭১ শতাংশে নেমেছিল। রাজস্ব আদায়েও ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির কথা তুলে ধরা হয়েছিল। 

তবে অর্থনীতির সামগ্রিক সাফল্য বিচার করতে শুধু রিজার্ভ বা রাজস্ব আদায় যথেষ্ট নয়। মূল্যস্ফীতি, মানুষের প্রকৃত আয়, বেসরকারি বিনিয়োগ, কর্মসংস্থান, ব্যাংকিং খাতের দুর্বলতা ও ঋণখেলাপি পরিস্থিতিÑ এসব সূচকও ছয় মাসের মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিচারব্যবস্থা

সরকারের অন্যতম আলোচিত উদ্যোগ ই-বেইল বন্ড। এর মাধ্যমে জামিন প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এপ্রিল মাসে প্রধানমন্ত্রী কয়েকটি জেলায় ই-বেইল বন্ড ব্যবস্থা উদ্বোধন করেন। এর লক্ষ্য বিচারপ্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মানুষের ভোগান্তি কমানো।

ক্রীড়া

স্পোর্টস কার্ড ও তরুণদের খেলাধুলায় যুক্ত করার কর্মসূচিও সরকারের আলোচিত উদ্যোগের মধ্যে রয়েছে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট- আটটি খেলাকে ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে। ৬৪ জেলায় ইনডোর সুবিধাসহ স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী

নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সম্মানীর কর্মসূচিও নেওয়া হয়েছে।

সবুজ কর্মসংস্থান

সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছে। এর অংশ হিসেবে ১ কোটি ৫০ লাখ চারা উৎপাদনের কথা এপ্রিল মাসে সংসদে জানান প্রধানমন্ত্রী। সবুজ কর্মসংস্থানের পরিকল্পনা অনুযায়ী ১০ হাজার প্রশিক্ষিত যুবকের মধ্যে ৯ হাজার ৪৫০ জন ৯৪.৬ কোটি টাকা ঋণ পেয়েছে। উদ্যোক্তা ও স্টার্ট-আপদের জন্য ৫০০ কোটি টাকার দুটি পৃথক তহবিল গঠন করা হয়েছে।

স্বাস্থ্য

সরকার এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু করেছে, যাদের মধ্যে অন্তত ৮০ শতাংশ নারী হবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়াও ৫ হাজার ডাক্তার নিয়োগ, উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস কেন্দ্র স্থাপন এবং হাসপাতাল সম্প্রসারণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজেট বরাদ্দে এই খাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে।

তবে পুরো সময়টিতে হামে আক্রান্ত হয়ে ৯০০-রও বেশি শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্তর্বর্তীকালীন সরকার হামের টিকা না আনায় এর প্রভাব পড়ে এ বছরের শুরু থেকেই। সরকারের পক্ষ থেকে দ্রুত হামের টিকার ব্যবস্থা করা হলেও মৃত্যুর মিছিল থামানো যায়নি। সারা দেশে ডেঙ্গুর প্রকোপও স্বাস্থ্যব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। ই-হেলথ কার্ড চালুর কথা বলা হলেও কার্যত তা চালু হয়নি। 

বিনিয়োগ বৃদ্ধির উদ্যোগ

চীনের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের উদ্যোগ সরকারের প্রথম ছয় মাসের আলোচনায় রয়েছে। চীন সফরে প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং শিল্প ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।

আনোয়ারা ও মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং অগ্রাধিকার খাতে বিশেষ প্রণোদনার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে। নতুন বিনিয়োগ লাইসেন্স ১৫ দিনের মধ্যে দেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়েছে।

দ্রব্যমূল্য

সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকের অন্যতম প্রধান নির্দেশনা ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। কিন্তু সরকার ৬৩টি পণ্যের ওপর শুল্ক কমালেও বাজারে তার কোনো প্রভাব পড়েনি। মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা এখনও সাধারণ মানুষের জন্য বড় চাপ। নিম্ন ও মধ্যম আয়ের মানুষের কাছে সরকারের অর্থনৈতিক সাফল্যের প্রভাব এখনও সীমিত।

এ ছাড়া টানা বৃষ্টি ও বন্যায় বিভিন্ন এলাকায় সবজির উৎপাদন ও সরবরাহ ব্যাহত হয়েছে। এতে বেশিরভাগ সবজির দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা ছাড়িয়েছে। গত মাসের শেষদিকে কাঁচামরিচের দাম কেজিতে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। মুরগি ও ডিমের বাজারেও অস্থিরতা রয়েছে। জ্বালানি, পরিবহন ব্যয় ও উৎপাদন খরচ বাড়ায় ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০০ থেকে ২১০ টাকা পর্যন্ত উঠেছে। ডিমের ডজনও ১৫০ টাকা স্পর্শ করেছে। মাছ ও মাংসের দামও রয়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। 

নিয়মিত বাজার তদারকি করতে টাস্কফোর্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে রয়েছে। কমদামে সাধারণ মানুষের কাছে চাল ও আটা পৌঁছাতে ওএমএস ও টিসিবির ট্রাকসেল চালু রাখা হয়েছে। এ ছাড়া সরবরাহ ব্যবস্থায় থাকা অবৈধ মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দৌরাত্ম্য কমাতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে বাজার নিয়ন্ত্রণে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না বলে মনে করছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এসএম নাজের হোসাইন।

তিনি বলেন, “অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বাজার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বাজার মনিটরিং বেড়েছে এটা সত্য, তবে এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। টিসিবির কার্যক্রমও ঢিলেঢালা হয়ে পড়েছে”।

আইনশৃঙ্খলা

দায়িত্ব নেওয়ার সময় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার করেছিলেন। পুলিশকে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে অপরাধী হিসেবে অপরাধীকে দেখার নির্দেশও দেওয়া হয়। সরকারের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উন্নতি হয়েছে। 

তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে। টিআইবির হিসাবে সরকারের প্রথম ১০০ দিনে ২৯৪টি ছিনতাই, ৬০৫টি হত্যাকাণ্ড, ১৯৬টি অপহরণ এবং নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার ৩ হাজার ৪৯৬টি ঘটনা নথিভুক্ত হয়েছিল।

অবশিষ্ট ৮০ দিনে এ সংখ্যা আরও বেড়েছে। তবে ২০২৫ সালের এই সময়ের চেয়ে ২০২৬ সালের জুলাইয়ে খুনখারাবি কমেছে। তবে এখনও কমেনি কিশোর গ্যাং কিংবা মাদক কারবারিদের দৌরাত্ম্য। সরকারি দলের সংসদ সদস্য প্রকাশ্যেই বলেছেন, মাদকের শুধুমাত্র হাতবদল হয়েছে।

দুর্নীতি দমন ও সুশাসন

সরকারের দ্বিতীয় বড় অগ্রাধিকার ছিল দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’। নির্বাচনি প্রতিশ্রুতির কেন্দ্রে ছিল সুশাসন, দুর্নীতি দমন ও প্রশাসনিক জবাবদিহিতা। সে অনুযায়ী কিছু প্রতীকী ও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের কিছু বিশেষ সুবিধা বাতিল, ভিআইপি প্রটোকল কমানো, পাচার হওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ এবং প্রশাসনিক শৃঙ্খলা জোরদারের মতো পদক্ষেপ প্রশংসিত হয়েছে। টিআইবিও এসব উদ্যোগকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করেছে। 

তবে টিআইবির পর্যবেক্ষণে পুরোনো রাজনৈতিক সংস্কৃতির কিছু ধারাবাহিকতাও উঠে এসেছে। দলীয় বিবেচনায় নিয়োগ, দুর্বল প্রতিষ্ঠান এবং নির্বাহী বিভাগের ক্ষমতাকেন্দ্রিক আইন প্রণয়নের মতো বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। 

সরকারের প্রথম ছয় মাস দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যত অচল ছিল। দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার ৩ মার্চ পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন গঠন করতে পারেনি। টিআইবি বলছে, কমিশনার না থাকায় দুদকের অনুসন্ধান, মামলা, চার্জশিট, সম্পদ জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

ওই সময় দুদকে প্রতিদিন গড়ে ৫ থেকে ৬টি নতুন অভিযোগ জমা পড়লেও কমিশনের অনুমোদন ছাড়া সেগুলো অনুসন্ধানে নেওয়া সম্ভব হয়নি। যদিও শেখ হাসিনা সরকারের পতনের পর দুদকে প্রায় ১৫ হাজার অভিযোগ জমা হয়। এর মধ্যে ভিআইপিদের বিরুদ্ধে প্রায় ৩ হাজার ৫০০ মামলা এবং প্রায় ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দের উদ্যোগ ছিল।

কমিশন না থাকায় এসব কার্যক্রমও স্থবির হয়ে পড়ে। গত জুনে সরকার অবশেষে পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করে দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের প্রক্রিয়া শুরু করে। জুলাইয়ে চেয়ারম্যান ও কমিশনার পদে তিনশ’র বেশি আবেদন জমা পড়ে। কিন্তু এখনও কমিশন গঠন করা যায়নি।

বিদ্যুৎ-জ্বালানি

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টিতে ১৮০ দিনে অগ্রাধিকার দেওয়া হয়। সরকারি মূল্যায়নে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের সংকট সামাল দেওয়ার কথা বলা হয়। কিন্তু আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় এবং জ্বালানির দামের চাপ সরকারের জন্য এখনও বড় চ্যালেঞ্জ। সরকারের ১৮০ দিনের শেষ মাসে এই খাত সবচেয়ে বড় সংকটে পড়ে। 

জুলাইয়ের শেষ সপ্তাহে একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট কমে যায়- যা মোট সরবরাহের প্রায় ১৭ শতাংশ। টার্মিনাল বন্ধ হওয়ার আগে দেশে দৈনিক গ্যাস সরবরাহ ছিল প্রায় ২ হাজার ৬২০ মিলিয়ন ঘনফুট, যেখানে চাহিদা ছিল প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। টার্মিনাল বন্ধ হওয়ার পর সরবরাহ নেমে আসে প্রায় ২ হাজার ১৭০ মিলিয়ন ঘনফুটে।

গ্যাস সংকটে সবচেয়ে বড় ধাক্কা এসেছে বিদ্যুৎ খাতে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ না থাকায় বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক ৫৫০০-৬০০০ মেগাওয়াট থেকে নেমে আসে প্রায় ৪৫০০ মেগাওয়াটে। উৎপাদন কমেছে আনুমানিক ১০০০-১৫০০ মেগাওয়াট। স্বাভাবিক উৎপাদন ৬০০০ মেগাওয়াট ধরলে ঘাটতি প্রায় ২৫ শতাংশ। এর প্রভাব পড়েছে শিল্পকারখানা, বাসাবাড়ি, সিএনজি স্টেশন, পরিবহনব্যবস্থায়, রান্নার গ্যাসে ও বিদ্যুৎ সরবরাহে।

সংবিধান ও জুলাই সনদ

বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনে সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে সংবিধান সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার শুরু থেকেই বলেছে, এটি সংবিধান ও আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। কিন্তু বিরোধী দলগুলোর একটি বড় অংশ চাইছে সনদে নির্ধারিত সাংবিধানিক সংস্কার পরিষদের মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে।

জুলাইয়ে সরকার জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করে। অন্যদিকে বিরোধী দল তাতে অংশ না নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করে। ফলে সংস্কারের প্রশ্নে সরকার ও বিরোধীদের মধ্যে দূরত্ব আরও বেড়েছে। সরকার অবশ্য জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। জুলাইয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মিত্র রাজনৈতিক দলগুলোর বৈঠকেও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা