× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কূটনীতিতে সাফল্যের আলোয় আছে অমীমাংসিত চ্যালেঞ্জও

দীপক দেব

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২২:২৬ পিএম

বাংলাদেশের পররাষ্ট্রনীতি। প্রতীকী ছবি/এআই

বাংলাদেশের পররাষ্ট্রনীতি। প্রতীকী ছবি/এআই

দীর্ঘ ১৭ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাস (১৮০ দিন) পূর্ণ হয়েছে। এই সময়ে অভ্যন্তরীণ নীতির সঙ্গে কূটনৈতিক অঙ্গনেও বেশ কিছু সাফল্য অর্জনের পাশাপাশি দৃশ্যমান হয়েছে কিছু অমীমাংসিত চ্যালেঞ্জ।

এ সময়ে সরকার তার ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ ঘটাতে সক্ষম হয়েছে কূটনৈতিক নানা পদক্ষেপে। এ ছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়া সরকারের বড় ধরনের কূটনৈতিক অর্জন। পাশাপাশি আঞ্চলিক পরাশক্তির সঙ্গে সম্পর্কের ভারসাম্য রক্ষায় মুন্সিয়ানা দেখাতে সক্ষম হয়েছে বর্তমান সরকার। তবে একই সময়ে ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ ও দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, মিয়ানমার সীমান্ত পরিস্থিতিসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণের মতো বিষয়গুলো সরকারের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

যদিও ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে নানা ধরনের আলোচনার মধ্যে এ বিষয়ে অগ্রগতি ঘটে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর আলোচিত দিল্লি সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরির প্রক্রিয়া হিসেবে দুটো শর্তের কথা বলেছে বাংলাদেশ। সফরের ক্ষেত্রে ঢাকার সিদ্ধান্তের আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলেছে ঢাকা। বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ভারতের প্রত্যুত্তরের অপেক্ষায় বলেও জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একেএম শহীদুল করিম রবিবার ব্রিফিংয়ে বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশীসহ অন্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ তার ‘বাংলাদেশ ফার্স্ট’ (বাংলাদেশ প্রথম) নীতি অব্যাহত রাখবে।

এদিকে সরকারের ছয় মাসের সবচেয়ে বড় অর্জন হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়ার বিষয়টি সামনে এসেছে। নির্বাচনে তিনি সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করেন ৯৯-৯১ ভোটে। তিনি দায়িত্ব নেবেন সেপ্টেম্বরে। এর আগে ১৯৮৬-৮৭ সালে বাংলাদেশ একবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেয়েছিল। ফলে প্রায় চার দশক পর আবারও এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

তবে দ্বিপক্ষীয় কূটনীতিতে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন বা স্বাভাবিক করা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে যে অবিশ্বাস ও টানাপড়েন তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠার জন্য দুই পক্ষ থেকেই চেষ্টা চলছে। পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি সফর ও উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে দুই দেশের। সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়। ঢাকা সম্পর্ক এগিয়ে নিতে অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিয়েছে। ভারতের আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি মাসেই দিল্লি সফর করতে পারেন তারেক রহমান। ধারণা করা হচ্ছে, এর মধ্য দিয়ে সম্পর্কের এক নতুন অধ্যায় সূচিত হতে পারে। কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার পথ পুরোপুরি মসৃণ নয়। ভারতের মাটিতে শেখ হাসিনার অবস্থান ও তার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ঢাকার অসন্তোষ রয়েছে। একই সঙ্গে তাকে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের করা অনুরোধ এখনও নিষ্পত্তি হয়নি। ভারত বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করছে। ফলে প্রত্যর্পণ ইস্যু দুই দেশের সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, বিগত ছয় মাসে বাংলাদেশের পররাষ্ট্রনীতি মূলত অর্থনীতি চাঙ্গা করা, বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান তৈরির লক্ষ্যকে অগ্রাধিকার দিয়েছে। মালয়েশিয়ার সঙ্গে বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করা ও প্রযুক্তিগত সহায়তায় পণ্য বহুমুখীকরণের (যেমন : চিপস তৈরি) উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও প্রস্তাবিত ‘অর্থনৈতিক করিডোর’ বাস্তবায়ন বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় ‘টার্নিং পয়েন্ট’ হতে পারে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বড় বাণিজ্য প্রতিনিধিদলের সফর ও বিনিয়োগের সম্ভাবনা, দেশের জ্বালানি সংকট নিরসন এবং ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। এ ছাড়া ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন ও ভারসাম্যপূর্ণ ভিত্তির ওপর দাঁড়িয়ে সম্পর্ক পুনর্বিন্যাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তিনি আরও বলেন, এসব উদ্যোগের প্রধান চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সীমাবদ্ধতা ও আমলাতান্ত্রিক জটিলতা। রাজনৈতিক নেতৃত্ব ও আমলাতন্ত্রের মধ্যে সমন্বয়ের অভাব ও ধীরগতি অনেক সময় ভালো উদ্যোগের সুফল পেতে বাধা দেয়। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে জনগণ দ্রুত ফলাফল দেখতে চায়, তাই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও গতিশীল করা জরুরি।

ভারতের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করাও বর্তমান সরকারের কূটনৈতিক উদ্যোগের আরেকটি অন্যতম দিক। মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফর শুরু করলেও সেখান থেকে চীনে যান। প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আলোচনা হয়েছে। উদ্যোগ নেওয়া হয়েছে একাধিক চুক্তি ও সমঝোতা সইয়ের। তিস্তা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ও আলোচনায় এসেছে।

তবে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক ধরে রাখা সরকারের জন্য বড় পরীক্ষা। বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র-চীন প্রতিযোগিতা ও দক্ষিণ এশিয়ায় ভারত-চীনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বাংলাদেশকে কোনো একটি শক্তির বলয়ে না গিয়ে নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। সরকারের ঘোষিত ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবে কতটা কার্যকর করা যায়, সেটিও এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।

রোহিঙ্গা সংকটও সরকারের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না হওয়ার অজুহাতে কোনো উদ্যোগ নিচ্ছে না দেশটি। ফলে এখনও শুরু করা সম্ভব হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। এ ছাড়া বাংলাদেশের পক্ষ থেকে ৮ লাখের অধিক রোহিঙ্গার তথ্য দেওয়া হলেও মাত্র অর্ধেক যাচাই-বাছাই করেছে দেশটি। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা জানিয়েছে, তবে সেটা পরিস্থিতি স্বাভাবিক হলে। বাংলাদেশকে একদিকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে; অন্যদিকে চীন, যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের সক্রিয় রাখার চেষ্টাও রয়েছে অব্যাহত। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মিসহ বিভিন্ন পক্ষের সংঘাত ঝুঁকিও বাড়িয়েছে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার। 

অন্যদিকে অর্থনৈতিক কূটনীতিকে কার্যকর করাও নতুন সরকারের সামনে বড় একটি চ্যালেঞ্জ। বিদেশি বিনিয়োগ বাড়ানো, রপ্তানি বাজার সম্প্রসারণ, নতুন বাণিজ্যিক অংশীদার তৈরি ও এলডিসি উত্তরণের পর বিদ্যমান বাণিজ্য সুবিধা ধরে রাখতে হবে সরকারকে। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও জাপানের সঙ্গে সম্পর্ককে অর্থনৈতিক স্বার্থের ভিত্তিতে আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে। সব মিলিয়ে সাফল্য আর চ্যালেঞ্জের একটি মিশ্র চিত্র পাওয়া গেছে সরকারের প্রথম ১৮০ দিনের পররাষ্ট্রনীতিতে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা