ফসিহ উদ্দীন মাহতাব
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২২:১১ পিএম
বাংলাদেশ সচিবালয়। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেয়। জনপ্রশাসনকে দক্ষ, স্বচ্ছ, মেধাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্য সামনে রেখে সরকার ১৮০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে শূন্যপদ পূরণ, দ্রুত নিয়োগ, বিসিএসের দীর্ঘসূত্রতা কমানো, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়ন, অনলাইনে পেনশন এবং বদলি-পদায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মতো উদ্যোগের কথা বলা হয়।
১৮০ দিনের কর্মসূচি পর্যালোচনায় দেখা যায়, জনপ্রশাসনের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত হয়েছে এবং কিছু উদ্যোগে দৃশ্যমান অগ্রগতিও রয়েছে। তবে বড় অংশ এখনও পরিকল্পনা, নির্দেশনা ও প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ। ফলে এটিকে বড় ধরনের প্রশাসনিক সংস্কারের সাফল্য হিসেবে মূল্যায়নের সময় এখনও আসেনি।
৫ লাখের বেশি পদ শূন্য, কোথাও অতিরিক্ত কর্মকর্তা
জনপ্রশাসনের বড় চ্যালেঞ্জের একটি হলো জনবল ব্যবস্থাপনা। সরকারি চাকরিতে অনুমোদিত মোট পদ ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন। অর্থাৎ শূন্যপদ ৫ লাখ ২১ হাজার ৯২২টি, যা অনুমোদিত মোট পদের প্রায় ২৬ শতাংশ। গত ৭ জুলাই জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এই তথ্য জানান।
বিপুল সংখ্যক পদ শূন্য থাকার প্রভাব পড়তে পারে স্বাস্থ্য, শিক্ষা, মাঠ প্রশাসন, কারিগরি ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে। একই সময়ে প্রশাসনের কিছু স্তরে অনুমোদিত পদের চেয়ে বেশি কর্মকর্তা থাকার তথ্যও রয়েছে।
তাই সমস্যাটি শুধু ‘লোকবল কম’ নয়। কোথায় কতজন প্রয়োজন, কোন পদে কী ধরনের দক্ষতা দরকার এবং বিদ্যমান জনবল কীভাবে সঠিক জায়গায় ব্যবহার করা হবেÑ মূল প্রশ্ন সেখানেই।
পাঁচ লাখ নিয়োগের পরিকল্পনা
নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। ১৮০ দিনের কর্মপরিকল্পনায় শূন্যপদ হালনাগাদ, প্রয়োজন নির্ধারণ, নিয়োগের প্রস্তাব তৈরি এবং দ্রুত নিয়োগ সম্পন্ন করার ওপর জোর দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, শূন্যপদ দ্রুত পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা যেন এতে বাধা না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। সরকারের লক্ষ্য মেধাভিত্তিক, দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক জনপ্রশাসন গড়ে তোলা।
ক্যাডারে ৮ হাজারের বেশি পদ শূন্য, বিসিএসে দীর্ঘসূত্রতা
বিভিন্ন ক্যাডারে ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। কিন্তু একটি পদ শূন্য হওয়ার পর বিজ্ঞপ্তি, পরীক্ষা, ফল প্রকাশ, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশন ও নিয়োগের আনুষ্ঠানিকতা শেষ করতে দীর্ঘ সময় লাগে।
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশকে ইতিবাচক অগ্রগতি বলা যায়। এতে ১ হাজার ৩২০ জনকে বিভিন্ন ক্যাডারে এবং ২০১ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। তবে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল ২০২৪ সালের ২৮ নভেম্বর। ফলে এটিকে বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের সরাসরি সাফল্য বলা কঠিন। বরং এটি আগের প্রক্রিয়ার ধারাবাহিকতায় একটি পরীক্ষা শেষ হওয়ার ঘটনা। এখন বড় কথা যে, পরবর্তী বিসিএস পরীক্ষাগুলো কত দ্রুত শেষ করা যায়।
মেধাভিত্তিক প্রশাসনের প্রতিশ্রুতি
নতুন সরকারের অন্যতম বড় অঙ্গীকার মেধা, দক্ষতা, সততা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসন পরিচালনা। তবে এই প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে।
চুক্তিভিত্তিক নিয়োগে পুরনো সংস্কৃতি পুরোপুরি বদলায়নিÑ এমন অভিযোগ রয়েছে। বদলি, পদায়ন ও পদোন্নতিতেও সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি নীতিমালা না থাকলে ব্যক্তিনির্ভর সিদ্ধান্তের সুযোগ থেকে যায়। কোন যোগ্যতা, অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে একজন কর্মকর্তাকে পদোন্নতি বা গুরুত্বপূর্ণ পদায়নের জন্য বিবেচনা করা হবে, তা স্পষ্ট না হলে মেধাভিত্তিক প্রশাসনের ধারণা দুর্বল হয়।
রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন কি সম্ভব?
প্রশাসনে রাজনৈতিক প্রভাবের অভিযোগ বাংলাদেশে নতুন নয়। অতীতে পছন্দের কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো, ওএসডি, বাধ্যতামূলক অবসর কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান সরকারও আগের সময়ের নিয়োগে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তদন্তের কথা জানিয়েছে।
তবে অতীতের অনিয়মের তদন্তের পাশাপাশি ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি ঠেকানোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করাই বেশি গুরুত্বপূর্ণ। এক সরকার বদলের সঙ্গে যদি প্রশাসনে ব্যাপক রদবদল হয় এবং কর্মকর্তারা রাজনৈতিক পরিচয় বা আনুগত্যের ভিত্তিতে মূল্যায়িত হওয়ার আশঙ্কায় থাকেন, তাহলে পেশাদার প্রশাসন গড়ে তোলা কঠিন।
এআই ও অনলাইন ব্যবস্থায় আশার আলো
১৮০ দিনের কর্মসূচির কিছু উদ্যোগ আশাব্যঞ্জক। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়নে এআই ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের কর্মস্থল, অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রশাসনিক প্রয়োজন বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হতে পারে এতে।
সরকারি কর্মকর্তাদের পেনশন আবেদন ও প্রশাসনিক অনুমোদন অনলাইনে সম্পন্ন করার উদ্যোগও গুরুত্বপূর্ণ। পাইলট প্রকল্পে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর নেওয়া একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। সফল হলে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘসূত্রতা ও হয়রানি কমতে পারে।
এ ছাড়া জিইএমএস-৪ ব্যবস্থায় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত ও চাকরি সংক্রান্ত তথ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিদ্যমান পিআইএমএস ডাটাবেজের সঙ্গে এর সমন্বয় হলে পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ ও জনবল পরিকল্পনায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সহজ হতে পারে। তবে প্রযুক্তি চালু করাই শেষ কথা নয়। তথ্যের নির্ভুলতা, ব্যবস্থার নিরপেক্ষতা এবং বাস্তবে এর ব্যবহার কতটা হচ্ছেÑ সাফল্য নির্ভর করবে তার ওপর।
সবচেয়ে বড় প্রশ্ন বাস্তবায়ন
জনপ্রশাসনের ১৮০ দিনের কর্মসূচির সবচেয়ে বড় সীমাবদ্ধতা বাস্তবায়নে। সভা হয়েছে, পরিকল্পনা হয়েছে, সময়সীমা নির্ধারণ করা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে; কিন্তু অনেক উদ্যোগের বাস্তব ফল এখনও সীমিত।
সাবেক সচিব আনোয়ার ফারুকের মতে, শুধু শূন্যপদ পূরণ করলেই প্রশাসনের দক্ষতা বাড়বে না। কোথায় কত জনবল প্রয়োজন, কোন স্তরে কী ধরনের দক্ষতা দরকার এবং কর্মকর্তাদের কীভাবে সঠিক জায়গায় পদায়ন করা হবেÑ এসব নিয়ে সমন্বিত জনবল পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও পেশাদার করতে নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামোও দরকার।
এখন বিশেষ কর্মসূচির ফল দেখানোর পালা : প্রথম ১৮০ দিনে সরকার জনপ্রশাসনের পুরনো সমস্যাগুলো সামনে এনেছে। শূন্যপদ পূরণ, বিসিএসের গতি বাড়ানো, মেধাভিত্তিক পদায়ন, ডিজিটাল জনবল ব্যবস্থাপনা, অনলাইন পেনশন ও এআইভিত্তিক প্রশাসনের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। এটুকু অগ্রগতি অস্বীকার করার সুযোগ নেই।
তবে সংস্কারের সাফল্য ঘোষণায় নয়, ফলাফলে মাপা হবে। আগামী ছয় মাস থেকে এক বছরে কত শূন্যপদ পূরণ হয়, ক্যাডারের ৮ হাজারের বেশি শূন্যপদ কত দ্রুত পূরণ করা যায়, বিসিএসের সময় কতটা কমে, পদোন্নতি ও পদায়নে স্বচ্ছতা কতটা আসে এবং রাজনৈতিক প্রভাব থেকে প্রশাসন কতটা মুক্ত থাকেÑ এসবই হবে প্রকৃত সূচক।
জনপ্রশাসনের প্রশ্ন তাই শুধু পাঁচ লাখ নিয়োগে আটকে নেই। প্রশ্ন হলো, যোগ্য মানুষকে সঠিক জায়গায় নিয়োগ ও পদায়ন করা গেল কি না, প্রয়োজন অনুযায়ী জনবল ব্যবহার করা গেল কি না এবং প্রশাসনকে সত্যিকার অর্থে পেশাদার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা গেল কি না। ১৮০ দিনে সংস্কারের নকশা স্পষ্ট হয়েছে। এখন নাগরিকের অপেক্ষাÑ নকশা থেকে বাস্তবে কতটা বদলায় রাষ্ট্রের প্রশাসন।