হাসনাত শাহীন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২১:৫৩ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ২১:৫৮ পিএম
ক্লাসরুমে শিক্ষার্থীরা। ছবি: ইউনিসেফ
দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর করার লক্ষ্যে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে নেওয়া শিক্ষা খাতের ৩৬ দফা অগ্রাধিকার কর্মসূচির ১৮০ দিনের মেয়াদ পূর্ণ হয়েছে।
কর্মসূচির মেয়াদ শেষে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও ডিজিটাল শিক্ষা, মিড-ডে মিলের মান ও তদারকি, এইচএসসি পরীক্ষা এবং শিক্ষার্থীদের সঙ্গে মন্ত্রীর মন্তব্যসহ বিভিন্ন ঘটনায় কর্মসূচির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৩৬ দফার অধিকাংশ উদ্যোগ এখনও প্রকল্প প্রস্তাব, অনুমোদন, সম্ভাব্যতা যাচাই ও দরপত্র পর্যায়ে রয়েছে।
নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। সে হিসাবে ১৬ আগস্ট ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচির মেয়াদ পূর্ণ হয়। এ উপলক্ষে সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত ১৫ আগস্ট শিক্ষা খাতের ৩৬ দফা অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এতে বলা হয়েছে, শিক্ষা খাতে ১৮০ দিনের কর্মপরিকল্পনার ৩৬টি প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশকিছু ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। তবে প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ উদ্যোগ এখনও প্রকল্প প্রস্তাব, অনুমোদন, সম্ভাব্যতা যাচাই ও দরপত্র পর্যায়ে রয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রকাশিত তথ্য মিলিয়ে সরকারের প্রথম ছয় মাসের কর্মসূচিতে পরিকল্পনা ও উদ্যোগের অগ্রগতির পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তবায়ন ও নীতিগত ধারাবাহিকতায় ঘাটতির চিত্রও পাওয়া যায়।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধ
১৮০ দিনের কর্মসূচিতে সরকারের সবচেয়ে দৃশ্যমান অগ্রগতি এসেছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণে। টাকার সংকটে দীর্ঘদিন স্থবির থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় তহবিল পুনরুদ্ধারের অংশ হিসেবে প্রথম ছয় মাসের মধ্যে প্রাথমিকভাবে ২ হাজার কোটি টাকার সংস্থান করা হয়।
গত ১৫ আগস্ট ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ শুরু হয়।
শিক্ষামন্ত্রীর তথ্যমতে, প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে দুই খাতে মোট প্রায় ১ লাখ ২৩ হাজার শিক্ষক-কর্মচারীর আবেদন নিষ্পত্তি হচ্ছে। হয়রানি ও ঘুষের দৌরাত্ম্য বন্ধে এই সুবিধা সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে পৌঁছে দিতে ইএফটি ও আইবাস প্লাস নিশ্চিত করা হচ্ছে।
ডিজিটাল শিক্ষা ও বৈষম্য দূরীকরণ
৩৬টি প্রতিশ্রুতির মধ্যে প্রযুক্তিগত উন্নয়ন ও বৈষম্য কমানোর কয়েকটি উদ্যোগ আলোচনায় এসেছে। ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ এবং ল্যাপটপ কর্মসূচির আওতায় প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের সব শিক্ষকের মধ্যে ৫ লাখ ট্যাব বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিন বছরে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
এ লক্ষ্যে নীতিমালা ও কারিগরি স্পেসিফিকেশন সম্পন্ন হলেও সামগ্রিক বাস্তবায়ন নির্ভর করছে বড় স্কিমের চূড়ান্ত অনুমোদন ও পর্যাপ্ত অর্থায়নের ওপর। এ ছাড়া কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার শিক্ষককে ট্যাব বিতরণ এবং ৫০ হাজার প্রাথমিক শিক্ষকের প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ফ্রি ওয়াই-ফাই
২০ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং দেড় হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই দেওয়ার ঘোষণা থাকলেও ১৮০ দিন শেষে ঠিক কতটি মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষাপ্রতিষ্ঠানে এসব সুবিধা কার্যকর হয়েছে, তার সমন্বিত সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। তবে ৩০টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু হয়েছে।
বিনামূল্যে স্কুলড্রেস বিতরণ
প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বৈষম্য কমাতে ২ লাখ শিশুকে বিনামূল্যে দুই সেট করে স্কুল ড্রেস, কেডস ও মোজা দেওয়ার পরিকল্পনা চলতি বাজেটে প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন উপজেলায় পরীক্ষামূলকভাবে বিতরণ শুরু হলেও দেশব্যাপী এ কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থের সংস্থান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
মিড-ডে মিল নিয়ে অভিযোগ, প্রশ্নের মুখে তদারকি
বিভিন্ন অঞ্চলের সরকারি ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু থাকা মিড-ডে মিল কর্মসূচি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। কোথাও খাবারের মান ও পরিমাণ নিয়ে অসন্তোষ, আবার কোথাও নির্ধারিত সময়ে খাবার সরবরাহ না করার অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
গত মার্চে চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন বিদ্যালয়ে সরবরাহ করা পচা ও কাঁচা কলা শিক্ষকরা ফিরিয়ে দেন। এপ্রিলে মাদারীপুর সদর উপজেলার ছয়টি বিদ্যালয়ে এসব খাবার খেয়ে প্রায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
এপ্রিলেই চাঁপাইনবাবগঞ্জের শংকরবাটি-১, চাতরা ও মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাউরুটি, দুধ, কলা ও ডিম খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীর অসুস্থ হওয়ার খবর আসে। ফরিদপুরেও খাওয়ার অনুপযোগী কাঁচা কলা বিতরণের ঘটনায় এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়। অন্যদিকে নরসিংদীতে পরিদর্শনে গিয়ে মিড-ডে মিলের খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এসব ঘটনায় কর্মসূচির খাবার সরবরাহ ও তদারকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
এইচএসসি পরীক্ষা ও ‘ফার্মের মুরগি’ মন্তব্যে বিতর্ক
১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নের সময় শিক্ষা মন্ত্রণালয়কে বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হয় এইচএসসি পরীক্ষা নিয়ে। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও তীব্র বন্যার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশের পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়েন।
এর মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপে শিক্ষার্থীদের পরিস্থিতি সম্পর্কে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের মন্তব্যÑ ‘ওরা তো ফার্মের মুরগি, একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসবে।’ এ কথায় দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।
মন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ এবং পরীক্ষা স্থগিতের দাবিতে রাজধানীসহ দেশের বড় শহরগুলোতে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন করেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগও দাবি করেন। বিক্ষোভের মুখে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে শিক্ষামন্ত্রী তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
শিক্ষার্থীদের দাবির পর বন্যাদুর্গত এলাকার পরীক্ষা স্থগিত করা হয়। পরে বিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা পুনরায় গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়। পাশাপাশি সরকার ২০২৭ সালের শিক্ষাবর্ষ থেকে একাডেমিক সময় সাশ্রয়ের লক্ষ্যে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে নেওয়ার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রকাশ করে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও পরিবেশবান্ধব উদ্যোগ
কর্মপরিকল্পনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার মানোন্নয়নে ২৫৫টি টয়লেট ও ১৩৫টি র্যাম্প নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিগত পাঁচ মাসে নতুন নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩০০টি র্যাম্প এবং ২৫৫টি প্রতিবন্ধীবান্ধব টয়লেটসংবলিত ওয়াশব্লক স্থাপন করা হয়েছে। এ হিসাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অগ্রগতি বেশি।
এ ছাড়া দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ৮১টি বিষয়ে ৬,৪৮২টি পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ চলমান রয়েছে। পরিবেশ সচেতনতা বাড়াতে ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় গত ২৯ জুন থেকে দেশের ২৯,৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৮,৮৬৩টি বৃক্ষরোপণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৪০ লাখ শিক্ষার্থীর মাধ্যমে আগামী ৫ বছরে ২ কোটি গাছ লাগানোর দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রাও কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছে।
গবেষণায় বরাদ্দ, অর্থায়নে চ্যালেঞ্জ
উচ্চশিক্ষায় গবেষণাকে গতিশীল করতে বিগত পাঁচ মাসে হিট প্রকল্পের আওতায় ১৮০টি গবেষণা মঞ্জুরি বাবদ ৬৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সব বিশ্ববিদ্যালয়ের গবেষণার জন্য ইউজিসি ও ব্যানবেইসসহ অন্যান্য বিভাগের অনুকূলে মোট ২৪২ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তবে সচিব আবদুল খালেকের মতে, শিক্ষা বাজেট বাড়লেও স্বল্প সময়ে এতগুলো কর্মসূচির শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে মূল বাধা ছিল প্রয়োজনের তুলনায় সময়মতো অর্থ বরাদ্দ ছাড় করতে না পারা। উল্লেখ্য, চলতি অর্থবছরে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬০৫ কোটি ৭৮ লাখ টাকা, যা জিডিপির প্রায় ২ শতাংশ।
শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের মতামত
সরকারের কর্মপরিকল্পনাকে দেশের শিক্ষাবিদরা ‘চমক’ বনাম ‘টেকসই সংস্কার’এই দুই দৃষ্টিকোণ থেকে দেখছেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ স্কুলড্রেস বা ট্যাবলেট দেওয়ার উদ্যোগকে ইতিবাচক বললেও শিক্ষা খাতে আরও বড় অগ্রাধিকারের ওপর জোর দেন।
তার মতে, জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং কারিগরি শিক্ষাকে শক্তিশালী করার উদ্যোগ আরও টেকসই হতো। একই সঙ্গে ল্যাপটপ-ট্যাব বিতরণে অতীতের দুর্নীতির অভিজ্ঞতার কারণে এক্ষেত্রেও দুর্নীতি রোধ করা সরকারের জন্য বড় পরীক্ষা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম নিয়াজ আসাদুল্লাহ বলেন, “স্বল্পমেয়াদে জনপ্রিয় বা চমকপ্রদ সিদ্ধান্ত নেওয়ার চেয়ে দীর্ঘমেয়াদি ও প্রমাণভিত্তিক গবেষণামূলক শিক্ষানীতি বেশি ফলপ্রসূ”।
স্কুল ম্যানেজিং কমিটির যোগ্যতা নিয়ে অস্থিতিশীল নীতি এবং ২০২৭ সাল থেকে স্কুলে পুনরায় ভর্তি পরীক্ষার সিদ্ধান্তকে তিনি গবেষণাভিত্তিক নীতি প্রণয়নের বড় ঘাটতি হিসেবে উল্লেখ করেন।