রাজশাহী অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২১:৩২ পিএম
কৃষি জমিতে সার দিচ্ছেন কৃষক। প্রতীকী ছবি
রাজশাহী অঞ্চলে গত দুই সপ্তাহ ধরে সার বিক্রিতে নৈরাজ্য চলছে। কৃষকদের দাবি, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে খুচরা বাজারে সরকারি সার বিক্রি হচ্ছে। অথচ ডিলাররা বলছে তাদের কাছে সার নেই।
কৃষকদের অভিযোগ, পুরোটাই চলছে রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। তাদের কাছে জিম্মি হয়ে পড়েছেন এ অঞ্চলের লাখো কৃষক। ফলে সারভেদে প্রতিবস্তা ২০০-৮০০ টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন তারা। এতে পাশাপাশি পুরোপুরি ভেঙে পড়েছে সারের মনিটরিং ব্যবস্থা। এদিকে সারের ঘাটতির কথা স্বীকার না করলেও কৃষকরা জমিতে মাত্রাতিরিক্ত সার ব্যবহার করছেন বলে অভিযোগ কৃষি অফিস সংশ্লিষ্টদের।
স্থানীয় কৃষকদের অভিযোগ, বর্তমানে ৫০ কেজির এক বস্তা টিএসপি সারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩৫০ টাকা, ডিএপি ১ হাজার ৫০ টাকা, ইউরিয়া ১ হাজার ৩০০ টাকা, পটাশ ১ হাজার, সালফার ১ হাজার ৭৫০ টাকা। তবে ডিলারদের কাছে না পেয়ে খুচরা বাজারে কৃষকদের এসব সার কিনতে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। খুচরা বাজারে টিএসপি কিনতে লাগছে ১ হাজার ৮০০, ডিএপি ১ হাজার ৮০০, ইউরিয়া ১ হাজার ৭০০ এবং সালফার কিনতে লাগছে ১ হাজার ৯০০ টাকা।
এদিকে মাঠপর্যায়ে এত বড় অনিয়ম বা সরবরাহ ঘাটতি থাকলেও প্রতি মাসে জেলা এবং উপজেলার সার ও বীজ মনিটরিং কমিটির বৈঠকে দেখানো হচ্ছে সারের কোনো সংকট নেই। ডিলারদের কাছ থেকেই মিলছে সার। অথচ মাঠের চিত্র বলছে সম্পূর্ণ ভিন্ন কথা।
পবা উপজেলার ধর্মহাটা গ্রামের কৃষক আতাউর রহমান বলেন, সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে ডিলারদের কাছে গেলে বলছে সার নাই। গত কয়েক দিনের চিত্র তুলে ধরে এই কৃষক জানান, ডিলারের দোকানে দীর্ঘ লাইন। পুলিশও ভিড় নিয়ন্ত্রণ করতে পারছে না। তবে খুচরা বাজারে ওই একই সার বেশি দামে পাওয়া যাচ্ছে। এখন রোপা আমনের মৌসুম, সব ধরনের সারের চাহিদা বেশি। অথচ বেশি দামে সার কিনতে হচ্ছে। এসব নিয়ে কৃষি অফিসে অভিযোগ দিয়েও কোনো লাভ হচ্ছে না।
মোহনপুর উপজেলার কৃষক জাহিদুল ইসলাম বলেন, সরকার নির্ধারিত দামে কোথাও সার পাচ্ছেন না কৃষক। ডিলারের দোকানে গেলে বলেন সার নেই। বাধ্য হয়ে বেশি দামের খুচরা দোকান থেকে সার কিনতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী কৃষক জানিয়েছেন, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছেন তদারকির দায়িত্বে নিয়োজিত থাকা মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা। অসাধু ডিলারদের সঙ্গে তাদের সম্পর্ক খুবই শক্তিশালী। আর মাঠপর্যায়ের শত শত অবৈধ খুচরা সার বিক্রেতাও এই সিন্ডিকেটে জড়িত। কৃষক কার্ডও তাদের নিয়ন্ত্রণে।
কৃষি মন্ত্রণালয়ের রেকর্ড অনুযায়ী, রাজশাহী জেলায় চলতি বছরের জুলাই ও আগস্ট মাসে ইউরিয়া ছাড়া তিনটি প্রধান সারেরই বরাদ্দ ২০২৫ সালের মাসগুলোর তুলনায় বেশি পেয়েছে। জেলায় টিএসপি, ডিএপি এবং এমওপির বরাদ্দ ২০২৫ সালের জুলাইয়ে বরাদ্দ ছিল ৫৮৭৬ টন। ২০২৬ সালে তা ৭০৩৩ টন হয়েছে। আগস্ট মাসের বরাদ্দও বৃদ্ধি পেয়েছে। যেখানে টিএসপি ১৪৩০ টন থেকে বেড়ে ১৫১১ টন, ডিএপি ২৪০৪ টন থেকে বেড়ে ২৬৪৭ টন এবং এমওপি ১৭০৯ টন থেকে বেড়ে ১৭৬০ টন হয়েছে।
বিএডিসির সহকারী পরিচালক (সার) নাসির উদ্দিন দাবি করেন, কৃষক জমিতে অতিরিক্ত সার দিচ্ছেন। ফলে চাহিদা বেশি দেখাচ্ছে। এতে এক দিকে যেমন খরচ বাড়ছে, অন্যদিক জমির উর্বরতা নষ্ট হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকাশিত বরাদ্দ তালিকা অনুযায়ী, জুলাই ও আগস্টে নন-ইউরিয়া সারের বরাদ্দ বেড়েছে রাজশাহী অঞ্চলের জেলাগুলোয়।
তিনি আরও বলেন, সারের ঘাটতি নিয়ে কৃষকদের কাছ থেকে কোনো অভিযোগ পাইনি আমরা। তবে সব জায়গায় আমন রোপণ চলছে। কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। আশা করছি, এবারও আমনের ফলাফল ভালো হবে।
কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, “দেশে সারের সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকারকে বিব্রত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সারের সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিতে চাই। সার নিয়ে কোনো ধরনের অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না। এ ছাড়া সীমান্ত দিয়ে সার পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।”