চট্টগ্রাম সার্কিট হাউসে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভাগীয় পর্যায়ের এক মতবিনিময় সভায় রবিবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সংস্কৃতি শুধু গান-বাজনা নয়। মানুষের মনন, চিন্তা, জীবনযাপন, সাহিত্য, বই পড়া, জাদুঘর, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, পোশাক, খাবার, রান্না, পিঠা উৎসব সবকিছুই সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বিভাগীয় পর্যায়ের এক মতবিনিময় সভায় রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মকে মাদক ও নানা নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, “সাংস্কৃতিক চর্চায় তরুণদের সম্পৃক্ত রাখতেই হবে। সংস্কৃতি মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ঘটায়। এই চেতনাকে সামনে রেখে নতুন প্রজন্মকে সংস্কৃতি চর্চায় যুক্ত করে গড়ে তুলতে হবে একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সুস্থ সমাজ”।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “শুধু প্রতিযোগিতার মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচন করাই নজরুল বর্ষের উদ্দেশ্য নয়। যারা বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে, তাদের সবাইকেই সাংস্কৃতিক চর্চার সঙ্গে দীর্ঘমেয়াদে সম্পৃক্ত রাখতে হবে। উপজেলা, জেলা ও বিভাগ পর্যায় থেকে নির্বাচিত অংশগ্রহণকারীদের পরবর্তীতে শিল্পকলা অ্যাকাডেমির মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যার মধ্য দিয়ে সারাদেশে সাংস্কৃতিক চর্চার একটি শক্ত ভিত্তি তৈরি হবে”।
তিনি বলেন, “কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে দেশের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের মধ্যে নজরুলচর্চা ও সাংস্কৃতিক চেতনা বিকাশে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এই সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে”।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলা সাহিত্য, সংগীত, নাটক ও সংস্কৃতিতে অবদান অপরিসীম হলেও নানা কারণে তার বিশাল সৃষ্টিকর্মের অনেক কিছুই এখনো যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরা সম্ভব হয়নি বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, “সংস্কৃতি শুধু গান-বাজনা নয়। মানুষের মনন, চিন্তা, জীবনযাপন, সাহিত্য, বই পড়া, জাদুঘর, ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, পোশাক, খাবার, রান্না, পিঠা উৎসব সবকিছুই সংস্কৃতির অংশ। এই বিস্তৃত পরিধিকে সামনে রেখেই তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন”।
তিনি আরও বলেন, “দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে সরকার কাজ করছে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ব্যাপক সংস্কারের মাধ্যমে সংশ্লিষ্ট আইন, বিধি ও প্রবিধান আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সংগীত, বাদ্যযন্ত্র, নাটক, যাত্রাসহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে দক্ষ প্রশিক্ষক ও শিল্পী তৈরিতে দেশব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ও সংগীতচর্চা পুনরুজ্জীবিত করতে প্রতিটি জেলা থেকে প্রতিভাবান শিল্পী নির্বাচন করে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন বাহিনীর নিজস্ব ব্যান্ড ও অর্কেস্ট্রাকেও আরও সমৃদ্ধ করা হবে”।
তিনি বলেন, “গত ২৩ মে প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন। আগামী ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম শুরু হবে। প্রথম পর্যায়ে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে সংগীত, কবিতা, নাটক ও নৃত্য এই চারটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে”।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ড. সুকোমল বড়ুয়া, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ প্রমুখ।