ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ্যে লটারির মাধ্যমে কর্মচারীদের নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা জেলার ৫টি উপজেলার ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মচারীদের বদলি ও পদায়নে লটারির মাধ্যমে কর্মস্থল নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বদলি প্রক্রিয়ায় ব্যক্তিগত তদবির, স্বজনপ্রীতি বা প্রভাব খাটানোর সুযোগ বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ্যে লটারির মাধ্যমে এসব কর্মচারীর নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট ৬২টি পদ রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৯ জন কর্মরত আছেন। বাকি তিনটি পদ শূন্য রয়েছে। এরই মধ্যে ৩৯টি ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মচারীদের বদলি ও পদায়নের উদ্যোগ নেওয়া হয়।
লটারিতে কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলার ইউনিয়ন পরিষদে পদায়নের জন্য ২৬ জন কর্মচারী এবং সাভার ও ধামরাই উপজেলার জন্য ১৩ জন কর্মচারী অংশ নেন। তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “বদলি ও পদায়ন প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক রাখাই তাদের মূল লক্ষ্য। প্রশাসনিক বদলিতে যাতে কোনো ধরনের স্বজনপ্রীতি, ব্যক্তিগত প্রভাব কিংবা অবৈধ তদবিরের সুযোগ না থাকে, সে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে”।
তিনি বলেন, “লটারির মাধ্যমে পদায়ন করা হলে প্রত্যেক কর্মচারীর জন্য সমান সুযোগ নিশ্চিত হয়। একই সঙ্গে বদলি প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন বা সংশয়েরও সুযোগ থাকে না”।
জেলা প্রশাসক আরও বলেন, “প্রশাসনের প্রতিটি কার্যক্রম নিয়ম ও নীতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। লটারির মতো স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পদায়ন করা হলে অনৈতিক তদবিরের সংস্কৃতি কমবে, জবাবদিহি বাড়বে এবং প্রশাসনিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে”।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্ধারিত নিয়ম অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় লটারি অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদের কর্মচারীদের বদলি ও পদায়নে ব্যক্তিগত প্রভাব এবং অনৈতিক তদবিরের সুযোগ কমানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে সুশাসন ও জনসেবার মান উন্নয়নের প্রত্যাশা করা হচ্ছে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, একই কর্মস্থলে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে অনেক সময় কর্মচারীদের স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের প্রভাব বা স্বার্থের সঙ্গে জড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়। নিয়মতান্ত্রিক বদলির মাধ্যমে এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রভাব কমানো সম্ভব। পাশাপাশি কর্মচারীদের মধ্যে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতেও নিয়মিত বদলি ভূমিকা রাখতে পারে।
লটারিতে নতুন কর্মস্থল পাওয়া কর্মচারীদের আগামীকাল ১৭ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ফরিদা খানম।
জেলা প্রশাসনের এই উদ্যোগকে বদলি-পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার একটি ব্যতিক্রমী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।