প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:৩৯ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতের আদালতই নেবেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বাংলাদেশ থেকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলেও ভারতের আদালতের অনুমোদন নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে, নাকি বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর করা হবে, সে সিদ্ধান্ত ভারতই নেবে। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রক্রিয়া নির্ধারণের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে বিষয়টি নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক আলোচনাও অব্যাহত রয়েছে।
ভারতের এক শীর্ষ সরকারি কর্মকর্তা দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের সিদ্ধান্ত শেষ পর্যন্ত ভারতের আদালত নেবেন। এটি কোনো রাজনৈতিক বা কূটনৈতিক সিদ্ধান্ত হবে না। আদালতের প্রক্রিয়ায় বাংলাদেশে তার বিরুদ্ধে যেসব অপরাধের অভিযোগ রয়েছে, সেগুলো ভারতীয় আইনেও অপরাধ হিসেবে বিবেচিত কি না, তা যাচাই করা হবে।
অপর এক কর্মকর্তা জানান, শেখ হাসিনা নিজেই চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। গত ৫ আগস্ট এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি ডিসেম্বরকে বাংলাদেশের বিজয়ের মাস উল্লেখ করে ওই মাসে দেশে ফেরার ইচ্ছার কথা জানান।
তবে ওই কর্মকর্তা বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধকে ঢাকা ও দিল্লির বর্তমান কূটনৈতিক আলোচনা থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে তীব্র আলোচনা চলছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কঠোর অবস্থান থেকে সরে এসে বিষয়টির একটি সমাধান খোঁজার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এর আগে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুরোধ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বিষয়টি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে কোনো নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানান, ২০১৩ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি নথি সংযুক্ত করে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
কী আছে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে
২০১৩ সালে বাংলাদেশ ও ভারত একটি প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তিতে অভিযুক্ত, দোষী সাব্যস্ত ব্যক্তি কিংবা আদালতের দেওয়া সাজা কার্যকর করার জন্য যাকে খোঁজা হচ্ছে, তাকে ফেরত দেওয়ার ‘বাধ্যবাধকতা’ রয়েছে।
চুক্তিতে আরও বলা হয়েছে, কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের বিষয় তৈরি হলে তা চুক্তিভুক্ত অপর দেশের ‘বিচার বিভাগীয় কর্তৃপক্ষ’ নিষ্পত্তি করবে। চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদে ‘রাজনৈতিক প্রকৃতির’ অপরাধ প্রত্যর্পণের আওতায় না রাখার কথা বলা হয়েছে। তবে হত্যা, নরহত্যা, শারীরিক আক্রমণ, আগ্নেয়াস্ত্রের ব্যবহার এবং হত্যায় প্ররোচনাসহ ১২ ধরনের অপরাধকে রাজনৈতিক অপরাধ হিসেবে বিবেচনা করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়া ভারতের ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনও এ ক্ষেত্রে প্রাসঙ্গিক। এই আইনে ভারত থেকে পলাতক অপরাধীদের প্রত্যর্পণের বিষয়ে বিধান রয়েছে।
আইন অনুযায়ী, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার, পাসপোর্ট অ্যান্ড ভিসা (সিপিভি) বিভাগ প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়ে নোডাল অফিস হিসেবে কাজ করে। প্রাসঙ্গিক প্রত্যর্পণ চুক্তি বা ব্যবস্থা বিবেচনা করে মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে মামলাটি তদন্তের জন্য একজন ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারে।
আইনে বলা হয়েছে, ইনকোয়ারি ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে সংশ্লিষ্ট পলাতক ব্যক্তিকে প্রত্যর্পণের অনুরোধটি যথাযথ এবং তাকে হস্তান্তর করা উচিত, তাহলে তিনি প্রতিবেদনে প্রত্যর্পণের সুপারিশ করতে পারেন।
অন্যদিকে প্রত্যর্পণ সংক্রান্ত তদন্ত শেষে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে বিদেশি রাষ্ট্রের অনুরোধের পক্ষে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য কোনো মামলা প্রতিষ্ঠিত হয়নি, তাহলে তিনি ওই পলাতক ব্যক্তিকে মুক্তি দিতে পারবেন।
চিফ প্রসিকিউটর যা বললেন
এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত কোন প্রক্রিয়া অনুসরণ করবে, সেটি দেশটির নিজস্ব সিদ্ধান্ত বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ভারতের আদালতের অনুমোদন নিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হবে, নাকি দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তর করা হবে—সে সিদ্ধান্ত ভারতই নেবে। এ বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রক্রিয়া নির্ধারণের সুযোগ নেই।
ভারতের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে এর বেশি মন্তব্য করতে চাননি চিফ প্রসিকিউটর। তিনি বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। এখন ভারতীয় কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে এবং কোন প্রক্রিয়ায় তাকে বাংলাদেশে পাঠাবে, তা সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।
শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে মো. আমিনুল ইসলাম বলেন, এর মধ্যে একটি মামলায় তিনি ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন। তাই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা প্রয়োজন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে তাকে তার আগেই ফেরত পাঠানোর জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।