প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৯:৪৯ পিএম
কমলগঞ্জের চা বাগানে চা পাতা সংগ্রহ করছেন দুই নারী শ্রমিক। ফাইল ছবি
চা শিল্পের উন্নয়ন ও বিদ্যমান সমস্যা সমাধানে ১২ সদস্যের একটি মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার।
পাশাপাশি চা খাতের জন্য ৬ শতাংশ সুদে একটি আবর্তক তহবিল গঠনের বিষয়ে মতামত দেওয়ার দায়িত্বও দেওয়া হয়েছে কমিটিকে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে রবিবার এ কমিটি গঠনের কথা জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে সভাপতি করে গঠিত এই কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, অর্থ, ভূমি, কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাসহ চা খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি প্রয়োজন অনুযায়ী সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুসারে সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে।
কমিটির প্রধান দায়িত্বের মধ্যে রয়েছে—চা বাগানের বিদ্যমান ঋণ পরিশোধ সহজ করতে বাগান মালিকদের ক্লাসিফায়েড ঋণ পুনঃতফসিল এবং নতুন করে ঋণ দেওয়ার বিষয়ে সুপারিশ করা। অর্থাৎ ঋণের চাপে থাকা চা বাগানগুলোর জন্য ঋণ পুনর্বিন্যাস ও নতুন অর্থায়নের সুযোগ তৈরিতে সরকারকে পরামর্শ দেবে কমিটি।