রংপুর অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৭:৫৩ পিএম
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে রবিবার কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করে কৃষকদের হয়রানি করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান।
তিনি বলেন, কৃষকের স্বার্থে সার ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাশত করা হবে না।
রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে রবিবার তিনি এ সব কথা বলেন। রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।
এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমসহ রংপুর বিভাগের সার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানেরা উপস্থিত ছিলেন।
সভায় সার সরবরাহ, মজুত ও বিতরণব্যবস্থার পাশাপাশি কৃষকের সারপ্রাপ্তির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা রংপুর অঞ্চলের সার ব্যবস্থাপনার চিত্র কৃষি সচিবের কাছে তুলে ধরেন।
কৃষি সচিব বলেন, দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। পর্যাপ্ত সার মজুত রয়েছে। এরপরও কোনো এলাকায় কৃষকের সার পেতে সমস্যা হলে তা দ্রুত শনাক্ত করে সমাধান করতে হবে। এ জন্য মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তা ও প্রশাসনের কর্মকর্তাদের আরও সক্রিয় এবং দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধভাবে সার মজুত কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকেরা যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বক্ষণিক নজরদারি রাখতে হবে।
তিনি আরও বলেন, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার সারের পর্যাপ্ত সরবরাহ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে। সার সরবরাহ, মজুত ও বিতরণে অনিয়ম ঠেকাতে মাঠপর্যায়ে কার্যকর নজরদারি প্রয়োজন।