প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৫:৪৯ পিএম
নিরাপদ খাদ্যের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে গত এক সপ্তাহে (৯ থেকে ১৫ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে নিরাপদ খাদ্য আইনে মোট ৭টি মামলা দায়ের করা হয়।
কর্তৃপক্ষ জানায়, নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন এলাকায় পরিচালিত অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও মানিকগঞ্জে পরিচালিত অভিযানে আরও ৪টি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের পাশাপাশি বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি ও মিষ্টির দোকানসহ মোট ১৩০টি খাদ্য স্থাপনায় বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি নিয়মিত প্রক্রিয়ার অংশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, জনসচেতনতা বৃদ্ধিতে গত ১৪ আগস্ট জয়পুরহাটে ‘খোলা ভোজ্যতেল বিক্রয় বন্ধে স্টেকহোল্ডারদের ভূমিকা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ ল্যাবরেটরি ভ্যানের কার্যক্রমও পরিদর্শন করেন।
খাদ্য সচেতনতা বাড়াতে গণমাধ্যমেও প্রচার জোরদার করা হয়েছে। গত এক সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনে ট্রান্সফ্যাট বিষয়ে ১৪ মিনিট এবং বাংলাদেশ বেতারে নিরাপদ খাদ্য বিষয়ে ৩৫ মিনিট সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত ভিডিও ও সচেতনতামূলক বার্তা প্রচার করছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইন প্রয়োগ, নিয়মিত মনিটরিং, মোবাইল কোর্ট পরিচালনা, গবেষণা, গণসচেতনতামূলক প্রচারণা এবং অংশীজনদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
“নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার, ব্যবসায়ী, উৎপাদক, ভোক্তা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও জনস্বার্থে কর্তৃপক্ষের এ ধরনের কার্যক্রম আরও ব্যাপক ও কার্যকরভাবে অব্যাহত থাকবে।’’