প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১৪:৪৩ পিএম
উন্নয়ন বিশেষজ্ঞ ও কনসালট্যান্ট আলী সাবেদের সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মতবিনিময় সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য সহজ ও কার্যকর অর্থায়ন নিশ্চিত করতে সমন্বিত ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
এই ডাটাবেজের মাধ্যমে উদ্যোক্তাদের তথ্য, ব্যবসার ধরন, সক্ষমতা ও অর্থায়নের প্রয়োজনীয়তা চিহ্নিত করে তাদের জন্য সেবা ও ঋণপ্রাপ্তির সুযোগ আরও সহজ করার পরিকল্পনা করা হচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, ব্যাংকিং, নীতি প্রণয়ন এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে উন্নয়ন বিশেষজ্ঞ ও কনসালট্যান্ট আলী সাবেদের সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মতবিনিময় সভায় এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় করপোরেশনের পরিচালক, মহাব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আলী সাবেদ ক্ষুদ্র, কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তাদের অর্থায়নে বিসিকের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে আগামী দিনে বিসিকের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মানোন্নয়ন, ঋণ বিতরণ কার্যক্রম জোরদার এবং উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
তিনি উদ্যোক্তাদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেন। তার মতে, উদ্যোক্তাদের হালনাগাদ ও নির্ভরযোগ্য তথ্যভান্ডার থাকলে তাদের প্রকৃত চাহিদা নিরূপণ, অর্থায়নের সুযোগ তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা বাড়ানো সম্ভব হবে।
মতবিনিময় সভায় ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। উদ্যোক্তাদের প্রয়োজন অনুযায়ী বিসিকের প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়ন এবং ঋণ বিতরণ ব্যবস্থাকে আরও গতিশীল করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বিসিকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তাবান্ধব সেবা সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।