মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ১১:৫৯ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাস। ছবি: সংগৃহীত
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী রবিবার সকাল সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ায় পৌঁছান।
প্রশানমন্ত্রীর আগমনে কিশোরগঞ্জ সফর ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাকুন্দিয়া, কটিয়াদী ও জেলা শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই জড়ো হয়েছেন নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর অপেক্ষায় ছিলেন তারা।
পাকুন্দিয়ার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী কটিয়াদী উপজেলায় যাবেন। সেখানে তিনি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য নির্বাচিত ১৪ জন উদ্যোক্তার হাতে স্বর্ণপদক তুলে দেওয়ার কথা রয়েছে।
এরপর প্রধানমন্ত্রী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে সরকারি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। একই সঙ্গে জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে গাছের চারা বিতরণ করবেন।
পরে জেলা সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি ও দুপুরের খাবার শেষে বিকেল ৪টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়াম মাঠে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, অনুদান প্রদান এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পুরোহিত ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
সবশেষে পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীদের উপস্থিতি বাড়ছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জজুড়ে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
স্থানীয় নেতা-কর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জে আগমন জেলার মানুষের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা ইতোমধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত হয়েছেন।
তারা আরও বলেন, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে কিশোরগঞ্জের মৎস্য খাতের সম্ভাবনা আরও বিকশিত হবে। বিশেষ করে হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে রাতেই প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।