× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রশাসনের দুই শীর্ষ পদে আসছে নতুন মুখ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ০৮:২১ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের শীর্ষ দুই পদে নতুন দুজনকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের শীর্ষ দুই পদে নতুন দুজনকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ছবি: সংগৃহীত

প্রশাসনের গুরুত্বপূর্ণ দুই পদÑ মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবÑ আজ রবিবার শূন্য হতে যাচ্ছে। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আজ শেষ হচ্ছে। দুজনই বিগত অন্তর্বর্তী সরকারের আমলে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। এই দুই পদে নতুন নিয়োগ নিয়ে সচিবালয় থেকে মাঠ প্রশাসন পর্যন্ত আলোচনা চলছে। তাদের চুক্তির মেয়াদ আরও বাড়ানো হবে কি না, তা নিয়েও আলোচনা ছিল। তবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার মেয়াদ আর বাড়াতে চাইছে না বলে জানা গেছে।

সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের শীর্ষ দুই পদে নতুন দুজনকে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আজ এ-সংক্রান্ত সারসংক্ষেপে অনুমোদন দেওয়া হতে পারে। এরপর প্রজ্ঞাপন জারি হতে পারে।

সরকারের প্রশাসনিক পরিকল্পনা

সরকারের দায়িত্বশীল একটি সূত্র জানায়, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রশাসনকে আরও গতিশীল ও জবাবদিহিমূলক করার পরিকল্পনা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের। এ কারণে মাঠ প্রশাসনের কার্যকারিতা, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের সমন্বয় এবং মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটে মাঠ প্রশাসনে অভিজ্ঞ ও পেশাদার কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পদে নিয়োগ দিতে চাইছে সরকার। 

সূত্র বলছে, বিগত সময়ের সংস্কৃতি অনুসরণ না করে এবার শুধু ব্যক্তিগত পছন্দ বা পরিচিতির ভিত্তিতে শীর্ষ পদে নিয়োগ দেওয়া হবে না। প্রশাসন পরিচালনায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা এবং সরকারের অগ্রাধিকার বাস্তবায়নের যোগ্যতাকে মূল্যায়ন করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের বাছাইয়েও এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য বিএনপি সরকারের আস্থাভাজন অবসরপ্রাপ্ত কয়েকজন জ্যেষ্ঠ আমলার কাছ থেকেও মতামত নেওয়া হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে কয়েকজন সচিবের নামের তালিকা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। তাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী দুজনকে চূড়ান্ত করেছেন বলে জানা গেছে।

কে হতে পারেন মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিব

প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, এই দুই পদে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। 

মুখ্য সচিব আব্দুস সাত্তার সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ পেয়েছেন। জ্যেষ্ঠতার দিক থেকেও তিনি এগিয়ে থাকায় তাকে সম্ভাব্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে বিবেচনা করা হতে পারে। এ ছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের নামও আলোচনায় রয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দক্ষতার সঙ্গে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে প্রশাসনে তার সুনাম রয়েছে। একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা হিসেবেও তিনি পরিচিত। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি বারবার বঞ্চিত হয়েছেন বলে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আলোচনা রয়েছে। তাছাড়া জ্যেষ্ঠতার দিক থেকেও আখতার আহমেদ এগিয়ে রয়েছেন। ফলে মন্ত্রিপরিষদ সচিব পদে তাকেও বিশেষ বিবেচনায় রাখা হয়েছে। তবে বর্তমান মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার মন্ত্রিপরিষদ সচিব হলে সেক্ষেত্রে জ্যেষ্ঠতার ভিত্তিতে মুখ্য সচিব পদে আখতার আহমেদকে বিবেচনা করা হতে পারে।

সূত্র জানায়, প্রশাসনে কর্মরত জ্যেষ্ঠতম কর্মকর্তাকে মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব পদে নিয়োগের একটি অলিখিত রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। বিভিন্ন সময় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলেও সরকার সাধারণত জ্যেষ্ঠ কর্মকর্তাদেরই এসব পদে নিয়োগ দিয়েছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ ও বিএনপিÑ উভয় সরকারের সময়ই এই রীতি অনুসরণ করা হয়েছে। বর্তমান সরকারও সেই রীতি অনুসরণ করছে বলে জানা গেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদেও গত এক সপ্তাহ ধরে প্রশাসনে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। তাদের মধ্যে অন্যতম ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ। বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের এই কর্মকর্তা মাঠ প্রশাসনে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিগত বিএনপি সরকারের আমলে জনপ্রশাসনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। এসব অভিজ্ঞতার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে তাকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন সরকার সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ ছাড়া শিক্ষা সচিব আব্দুল খালেকের নামও আলোচনায় রয়েছে। 

কর্মদক্ষতার মূল্যায়ন

বর্তমান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির দায়িত্বকাল নিয়ে প্রশাসনের ভেতরে মিশ্র মূল্যায়ন রয়েছে। একদিকে তাকে অভিজ্ঞ প্রশাসক হিসেবে দেখা হয়। অন্যদিকে সাম্প্রতিক কয়েকটি পদোন্নতি ও পদায়ন নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। পদোন্নতির জন্য গঠিত সুপেরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব। তার সভাপতিত্বেই নতুন সরকারের আমলে এবার যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ওই পদোন্নতিকে কেন্দ্র করে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রশাসনের একটি অংশের অভিযোগ, তার সভাপতিত্বে অনুষ্ঠিত এসএসবির সভায় অবসরে যাওয়া কিংবা শাস্তিপ্রাপ্ত কর্মকর্তারাও পদোন্নতি পেয়েছেন। আবার যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকে বঞ্চিত হয়েছেনÑ এমন অভিযোগও রয়েছে। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ নিয়েও প্রশাসনের ভেতরে মতভেদ তৈরি হয়েছিল বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।

কেন গুরুত্বপূর্ণ এই দুই পদ

মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা। সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়, মাঠ প্রশাসনের তদারকি এবং প্রশাসনিক সংস্কারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার ওপর বর্তায়। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের জনবল ব্যবস্থাপনা, পদোন্নতি, বদলি, নিয়োগ, প্রশাসনিক নীতি ও ক্যাডার ব্যবস্থাপনার কেন্দ্রবিন্দু। ফলে এই দুই পদে কারা দায়িত্ব পাচ্ছেন, তার প্রভাব শুধু সচিবালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পুরো প্রশাসনিক কাঠামোর ওপরই পড়ে।

এ বিষয়ে সাবেক সচিব ও জনপ্রশাসন বিশেষজ্ঞ আনোয়ার ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, প্রশাসনের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তির দক্ষতা ও গ্রহণযোগ্যতা। কে নিয়মিত কর্মকর্তা আর কে চুক্তিভিত্তিক কর্মকর্তাÑ এটি মুখ্য নয়। গুরুত্বপূর্ণ হলো তিনি প্রশাসন পরিচালনায় কতটা দক্ষ, সৎ ও অভিজ্ঞ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা