দীপক দেব
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২০:৫০ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৬ ২১:২৬ পিএম
ভাসান চর দ্বীপ অভিমুখী রোহিঙ্গা শরণার্থীরা দক্ষিণ পূর্ব বন্দর শহর চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে চড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ছবি: হিউম্যান রাইটস ওয়াচ
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখের বেশি রোহিঙ্গাকে পশ্চিম রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে যাচাই করেছে মিয়ানমার সামরিক বাহিনী সমর্থিত-সরকার। রাখাইনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটি।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে শনিবার বিভিন্ন গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
মিয়ানমারের পক্ষ থেকে দেওয়া এই বার্তা গ্রহণ করে ৩ লাখ রোহিঙ্গাকে সেদেশে পাঠানোর ব্যবস্থা ত্বরান্বিত করার পাশাপাশি বাকিদের কেন নাগরিক হিসেবে গ্রহণ করা হচ্ছেনা, সেই বিষয়ে আলোচনা অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।
তাদের মতে, দ্বিপাক্ষিক আলোচনা শুরু করার পাশাপাশি সমস্যা সমাধানে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করে দ্রুত সমাধানের পথে হাঁটা উচিত। এভাবেই রোহিঙ্গা সমস্যার ইতিবাচক সমাধান সম্ভব বলেও মনে করেন তারা।
মিয়ানমার জানিয়েছে, বাংলাদেশের কাছ থেকে ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তথ্য পাঠানো হয়েছে। যারমধ্যে তারা ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করেছে। আর এরমধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করেছে।
তবে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি এবং ৪ হাজার ২৪১ জন তথাকথিত ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে শনাক্ত করা হয়েছে। যখন রাখাইনের পরিস্থিতি আরও স্থিতিশীল হবে, তখন তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করা হবে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে রাখাইনে এক রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী সীমান্ত চৌকিতে হামলা চালানোর পর মিয়ানমার সেনাবাহিনী নৃশংস অভিযান শুরু করে। সেসময় প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়।
এর আগে গত কয়েক দশক ধরে মিয়ানমার সেনাবাহিনীর একের পর এক সহিংসতার জেরে দেশটি থেকে এসে বাংলাদেশে বসবাস করছিলেন লাখো রোহিঙ্গা। দেশটির সেনাবাহিনীর ওই অভিযানের ফলে নতুন করে আরও সাত লাখেরও বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে।
এদিকে রাখাইন থেকে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে- এমন দাবি প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। তাদের দাবি, ২০১৭ সালের সহিংসতার পর ৫ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে যায়, আর ২ লাখের বেশি মানুষ উত্তর রাখাইনে থেকে যায়। এর আগে বাংলাদেশ ও মিয়ানমার ২০১৮ সালে দুই বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর বিষয়ে সম্মত হয়েছিল। তবে মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
এ প্রসঙ্গে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “তারা (মিয়ানমার) যেটা বলেছে- এটা কি ফাইনাল না প্রাথমিক সেটা বোঝার বিষয় আছে। এছাড়া তারা কি পদ্ধতিতে যাচাই বাছাই করলো সেটাও আমরা জানতে চেষ্টা করতে পারি”।
তিনি বলেন, “কারণ আমরা তো ৮ লাখের উপর দিয়েছিলাম, ৩ লাখ যদি প্রথম লট হয়ে থাকে, তারপরেরগুলো কীভাবে করলো এটা নিয়ে তাদের সঙ্গে আলোচনার সুযোগ আছে বলে আমি মনে করি। কাজেই এটাকে ৩ লাখ তারা আইডেন্টিফাই করেছে সেটাকে আমরা নেতিবাচকভাবে প্রত্যাখ্যান না করে এটাকে গ্রহণ করি। বাকিগুলোর ব্যাপারেও পর্যালোচনা অব্যাহত থাকুক। এই অবস্থানটাই আমরা নেই যাতে তাদের সবাইকে তালিকাভুক্ত করে ফেরত পাঠাতে পারি”।
আরেক কূটনৈতিক ও সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “বিষয়টি নিয়ে এখনই নেতিবাচক মন্তব্য না করে তাদের সঙ্গে আলোচনা করা উচিত”।
এ ছাড়া বাকিদের ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনে জাতিসংঘসহ আন্তর্জাাতি সম্প্রদায়ের সহযোগিতা নেওয়া যেতে পারে বলেও মনে করেন তিনি।