প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ২০:৩৮ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ। প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘অটো ফাইন সিস্টেম’ চালু করতে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
আগামী ১৮ আগস্ট থেকে এ ব্যবস্থা কার্যকর হবে বলে শনিবার হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অটো ফাইন সিস্টেম’ ব্যবস্থার আওতায় নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
হাইওয়ে পুলিশ বলছে, আধুনিক এআই ক্যামেরার মাধ্যমে আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। এরপর মালিক বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
এ ছাড়া প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থায় মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন দ্রুত শনাক্তকরণ, তথ্য সংরক্ষণ ও জরিমানা আদায় কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এতে ট্রাফিক আইন পালনে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সড়ক দুর্ঘটনা হ্রাসে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। এ বিষয়ে যাত্রী সাধারণ, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব অংশীজনের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেছে হাইওয়ে পুলিশ।