× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংকট তৈরি করে সার সরবরাহে বাধা দিলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

রাজশাহী অফিস

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৯:৫৩ পিএম

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সংকট তৈরি করে কৃষকদের সারপ্রাপ্তিতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সেলিম খান।

তিনি বলেছেন, “সারের কৃত্রিম সংকট তৈরির সঙ্গে জড়িত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষি সচিব এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, “দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজশাহী বিভাগেও বর্তমানে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহে কোনও ঘাটতি দেখা দিলে প্রয়োজনে অতিরিক্ত বরাদ্দ দেওয়া হবে। পাশাপাশি সারের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, “কোনো অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের দুর্ভোগে ফেলতে চাইলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

সেলিম খান বলেন, “সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে।”

মাঠপর্যায়ে সরেজমিনে পরিদর্শন

সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সারা দেশে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান কৃষি সচিব।

তিনি বলেন, “এই কর্মসূচির অংশ হিসেবে শনিবার রাজশাহীর মোহনপুর উপজেলায় মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সেখানে কৃষকদের সঙ্গে কথা বলে সার পাওয়ার ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হচ্ছে কি না, তা জানার চেষ্টা করা হয়েছে।”

কৃষকদের সারপ্রাপ্তির সমস্যা চিহ্নিত ও দ্রুত সমাধানের লক্ষ্যে মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগীয় ও জেলা প্রশাসন, সার ডিলার প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আট জেলার কর্মকর্তারা সভায়

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএমডিএর চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম এবং বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।

সভায় রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, কৃষি বিভাগের উপ-পরিচালক, পুলিশের ডিআইজি, বিজিবি ও র‍্যাবের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় মাঠপর্যায়ে সারের মজুত, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি, কৃষকদের চাহিদা এবং সার পাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে সার ব্যবস্থাপনায় অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

কৃষি তথ্য বিভাগের পরিচালক মশিউর রহমান জানান, মাঠপর্যায়ের কর্মসূচির আওতায় শনিবার রাজশাহীর মোহনপুর উপজেলায় কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কৃষকদের কাছ থেকে সার পাওয়ার ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনা হয়েছে।

তিনি জানান, একই কর্মসূচির অংশ হিসেবে রবি বার রংপুর বিভাগে সার ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সার সরবরাহব্যবস্থার সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা