প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ২১:৩০ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ২১:৩৭ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: এআই দিয়ে সম্পাদিত
আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লিতে প্রস্তুতি এগোলেও এখনো আনুষ্ঠানিকভাবে সফর নিশ্চিত করেনি ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো অগ্রগতি হলে তা জানানো হবে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক সম্মেলনের আগে ২২-২৩ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফরের প্রস্তুতি চলছে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারাও নাম প্রকাশ করে মন্তব্য করতে রাজি হননি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য দুই দিনের সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ গুরুত্ব পেতে পারে বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তা।
বিএনপি গত ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পরপরই তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। পাশাপাশি সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের ওই আয়োজনে তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো ঢাকার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসেনি।
গত সপ্তাহে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকও সফরের বিষয়ে অগ্রগতিতে ভূমিকা রেখে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকার সরকারি সূত্রগুলো বলছে, সম্ভাব্য সফরকে সামনে রেখে নীরবে প্রস্তুতি এগিয়ে চলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে ২৭ বা ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের। এর আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে যোগ দিতে পারেন।
এদিকে বাংলাদেশে জ্বালানি সরবরাহ বাড়ানোর অনুরোধের প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বিদ্যমান ব্যবস্থাপনার আওতায় বাংলাদেশে ডিজেল সরবরাহ অব্যাহত রয়েছে। অতিরিক্ত সরবরাহের অনুরোধটি ভারতের নিজস্ব প্রয়োজন, শোধনাগারের সক্ষমতা ও ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় পর্যালোচনা করা হবে।