বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৮:৪৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৯:২২ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: এআই দিয়ে সম্পাদিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ভারতের দুই সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন ও এনডিটিভি পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য ট্রিবিউনের দাবি, শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ না করা পর্যন্ত তারেক রহমান ভারত সফর করবেন না। অন্যদিকে এনডিটিভি জানিয়েছে, আগামী সপ্তাহের শেষার্ধে নয়াদিল্লি সফরে যেতে পারেন তিনি।
তবে ঢাকার পক্ষ থেকে এখনো সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ভারত তারেক রহমানকে দুই দফায় ব্রিকস সম্মেলন ও দ্বিপক্ষীয় সফরের জন্য পৃথকভাবে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে।
দ্য ট্রিবিউনের এক প্রতিবেদনে শুক্রবার বলা হয়, শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ না করা পর্যন্ত তারেক রহমান ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না বা ভারত সফর করবেন না। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত ১০ আগস্ট ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের সময় তারেক রহমান তাকে এই বার্তা দেন।
অন্যদিকে এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী সপ্তাহের শেষার্ধে নয়াদিল্লি সফরে যাবেন বলে আশা করা হচ্ছে। দুই দেশেই এরই মধ্যে এ সফরের প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী সফরটি অনুষ্ঠিত হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এটি হবে তারেক রহমানের প্রথম ভারত সফর।
ঢাকা ও দিল্লির একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে সম্ভাব্য এই সফর নিয়ে চার দিন ধরে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে নিবিড় যোগাযোগ ও আলোচনা চলছে। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, দুই দিনের সফরটি দ্বিপক্ষীয় কার্যক্রম হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। তবে সময়সূচিসহ বিভিন্ন বিস্তারিত বিষয় নিয়ে এখনো কাজ চলছে।
এনডিটিভি আরও জানিয়েছে, সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান। দুই নেতা বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, পানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
দ্য ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের দুই বছর পূর্তি উপলক্ষে গত ৫ আগস্ট দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, হাসিনাকে ঘিরে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে তারেক রহমান ও তার দল বিএনপির নেতৃত্বাধীন সরকার। দিল্লিকে দেওয়া এক বার্তায় ঢাকা স্পষ্ট করেছে, তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় সফরটি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের ওপর ‘পঞ্চাশ-পঞ্চাশ ভাগ’ নির্ভর করবে।
বাংলাদেশের অবস্থান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, সরকার সফরের বিষয়ে ইতিবাচক। তবে সফরের তারিখ বা দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানরা কথা বললে বা দ্বিপক্ষীয় আলোচনা হলে অনেক জটিল সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নয়নের এই সুযোগটি ভারতেরও ইতিবাচকভাবে নেওয়া এবং এর ‘সদ্ব্যবহার করা’ উচিত।
প্রতিমন্ত্রী আরও জানান, সফরটি প্রধানমন্ত্রীর সময়সূচি, দেশের অভ্যন্তরীণ কিছু সাংবিধানিক কাজ এবং দুই দেশের আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে। উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে সফরের বিষয়টি চূড়ান্ত করা হবে।
আগামী সেপ্টেম্বর মাসে দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, সম্মেলনটি আরও এক মাস বাকি এবং এই এক মাসের মধ্যে অনেক কিছু হতে পারে।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বর্তমানে আঞ্চলিক অর্থনৈতিক জোট বিমসটেক-এর চেয়ারম্যান বা সভাপতি। ব্রিকসের নিয়ম অনুযায়ী, আঞ্চলিক জোটগুলোর প্রধানদের এর ‘আউটরিচ সেশন’-এ আমন্ত্রণ জানানো হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে বিমসটেক চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। গত ১৪ জুলাই ভারতীয় হাইকমিশনের মাধ্যমে এ-সংক্রান্ত কূটনৈতিক পত্র বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল।