দ্য ট্রিবিউনের প্রতিবেদন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬ ১৭:১৮ পিএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৬ ১৭:২৬ পিএম
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত ব্রিকস সম্মেলনে যোগ দেবেন না, কিংবা ভারত সফর করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউনের প্রতিবেদনে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর দিল্লি যাওয়ার প্রাক্কালে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই বৈঠকেই তিনি এই কঠোর বার্তার কথা জানান। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার দুই বছর পর ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে, তখন ঢাকার এই অবস্থান নতুন করে অস্বস্তি তৈরি করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঢাকার এই কঠোর অবস্থানের নেপথ্যে গত ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলন। ভারতে রাজনৈতিক আশ্রয়ে থাকার দুই বছর পূর্তিতে আয়োজিত ওই অনুষ্ঠানে শেখ হাসিনার আক্রমণাত্মক সুর ঢাকাকে ক্ষুব্ধ করেছে। সেখানে তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়ে বলেন, “তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে।”
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মনে করছে, শেখ হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ককে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন। ঢাকা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এমনকি দ্বিপাক্ষিক কোনো সফর হবে কি না, তাও ‘ফিফটি-ফিফটি’ নির্ভর করছে শেখ হাসিনাকে হস্তান্তরের ওপর।
গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। এছাড়া ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণও জানানো হয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সফরগুলো অনিশ্চয়তার মুখে পড়েছে।
যদিও ভারত সরকার ওই সংবাদ সম্মেলনের দায় নিতে অস্বীকার করেছে, তবে তাতে ঢাকার অসন্তোষ কমেনি। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর প্রধান পরাগ জৈন গত ১০ আগস্ট ঢাকায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামসুল আলমের সঙ্গে দেখা করেন। সেখানেও ঢাকার পরিবর্তিত ও কঠোর মনোভাব স্পষ্ট হয়েছে।
একই দিনে হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ৪৫ মিনিটের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের অপার সম্ভাবনার কথা তুলে ধরলেও প্রধানমন্ত্রী তার অবস্থানে অনড় থাকেন। ত্রিবেদী পরবর্তীতে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঢাকার এই অবস্থানের কথা জানান।
নয়াদিল্লির জন্য বিষয়টি এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভারতের ‘লুক ইস্ট’ নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দিল্লির জন্য অপরিহার্য। অন্যদিকে, পুরনো ও বিশ্বস্ত বন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে শেখ হাসিনাকে এখনই ত্যাগ করা ভারতের জন্য কঠিন বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে বাংলাদেশে গুম ও মানবতাবিরোধী হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের নভেম্বরে তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়।
এরপর শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে দিল্লিকে আনুষ্ঠানিকভাবে একাধিকবার অনুরোধ করে ঢাকা। অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লিও। তবে দিল্লির বক্তব্য হলো, অনুরোধটি সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া ও আইনগত বিষয় বিবেচনা করে পরীক্ষা করা হচ্ছে। জুলাইয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একই অবস্থান পুনর্ব্যক্ত করেছিল।