× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিসেম্বরে চালু হচ্ছে না তৃতীয় টার্মিনাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২২:৩৬ পিএম

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল। ফাইল ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল। ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর স্বপ্ন আরও দীর্ঘায়িত হচ্ছে। এ মেগা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। তবে চুক্তির জটিলতায় শিগগিরই খুলছে না বহুল কাঙ্ক্ষিত এই টার্মিনাল। 

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি বিশ্বস্ত সূত্র নাম প্রকাশ না করার শর্তে প্রতিদিনের বাংলাদেশকে বলেছে, একটি জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর ও ট্রায়াল রান শেষ করতে আরও কয়েক মাস সময় লাগবে। ফলে ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি পুরোপুরি চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে বড় সুখবর এসেছে—সৌদি আরবের সঙ্গে সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৪৯ থেকে বাড়িয়ে ৮৪-তে উন্নীত করা হয়েছে।

টার্মিনাল উদ্বোধনে দীর্ঘসূত্রতা

তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাচ্ছে একটি জাপানি কনসোর্টিয়াম বা যৌথ উদ্যোগ। তবে কবে নাগাদ এই চুক্তি চূড়ান্ত হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। বেবিচকের নির্ভরযোগ্য সূত্র বলছে, দরকষাকষির পর্যায় বিবেচনায় সেপ্টেম্বরের শেষ নাগাদ এই চুক্তি স্বাক্ষর হতে পারে। চুক্তির পর সবকিছু বুঝিয়ে দেওয়া এবং ট্রায়াল রানসহ পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে আরও তিন থেকে পাঁচ মাস সময়ের প্রয়োজন হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “চুক্তিতে দেশের অনেক স্বার্থ চিন্তা করতে হচ্ছে, তাই ওদের সঙ্গে একাধিকবার বৈঠক ও আলোচনা করা হচ্ছে। আশা করি, শিগগির সমাধান হয়ে যাবে। আমাদের তরফে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত আছে।”

প্রকল্পে বিপুল আর্থিক অনিয়ম

তৃতীয় টার্মিনাল প্রকল্পটি দেশের এভিয়েশন খাতের অন্যতম বড় মাইলফলক। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর এ প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০২৩ সালের ৭ অক্টোবর এর আংশিক উদ্বোধন (সফট লঞ্চিং) হয়। প্রায় ২১ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের এই মেগা প্রকল্পে ৫ হাজার কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ এবং বাকি তহবিলের জোগানদাতা জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। প্রকল্পটি নির্মাণ করছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)। ৫ লাখ ৪২ হাজার বর্গমিটার এলাকার এই টার্মিনালের ফ্লোর স্পেস ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। এখানে ১৭৭টি চেকইন কাউন্টার, ৬৪টি বহির্গমন এবং ৬৪টি আগমন ইমিগ্রেশন ডেস্ক রয়েছে।

তবে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের নিরীক্ষায় প্রকল্পে ৪ হাজার ৪৬৯ কোটি ৯ লাখ ৩১ হাজার ৭৬৬ টাকার আর্থিক ক্ষতির হিসাব উঠে এসেছে। চুক্তির বাইরে শত শত কোটি টাকা পরিশোধ, অনুমোদনহীন অতিরিক্ত বিল ও ঠিকাদারকে অযৌক্তিক সুবিধা দেওয়ার মতো ২৭টি খাতে এই বিশাল অনিয়ম ধরা পড়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন, বিগত সরকারের আমলের এসব দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে বর্তমান সরকার শূন্য সহনশীলতা নীতি নিয়ে কাজ করছে। অভিযোগগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং নিরীক্ষা প্রতিবেদনগুলো নিবিড়ভাবে বিশ্লেষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদির সঙ্গে ফ্লাইটে নতুন দিগন্ত

টার্মিনাল চালুর হতাশার মধ্যেই বড় স্বস্তি এনেছে বাংলাদেশ ও সৌদি আরবের নতুন সমঝোতা স্মারক (এমওইউ)। 

বেবিচক চেয়ারম্যান জানান, এই চুক্তির ফলে দুই দেশের মনোনীত এয়ারলাইনগুলো সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সুযোগ পাচ্ছে। ফ্লাইটের সংখ্যা ৪৯ থেকে বেড়ে ৮৪ হওয়ায় প্রতিযোগিতা বাড়বে, টিকিটের দাম কমবে এবং হজ-ওমরাহ মৌসুমে আসন সংকট দূর হবে। সৌদি আরবে কর্মরত প্রায় ৪০ লাখ প্রবাসী বাংলাদেশি ও হজযাত্রীরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। নতুন চুক্তির ফলে ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি রিয়াদ, দাম্মাম, মদিনা ও জেদ্দায় ফ্লাইট পরিচালনা করা যাবে।

সবচেয়ে বড় অর্জন হলো, ইতিহাসে প্রথমবারের মতো সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইটের অনুমোদন পেয়েছে বাংলাদেশ। এর পাশাপাশি ‘ফিফথ ফ্রিডম ট্রাফিক রাইটস’ সুবিধার আওতায় ঢাকা থেকে সৌদি আরব হয়ে স্পেন ও জার্মানিতেও কার্গো পরিবহন করা যাবে। তৈরি পোশাক ও তাজা শাকসবজি রপ্তানিতে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছে বেবিচক। এছাড়া কোড-শেয়ারিং এবং পিক সিজনে ‘ওয়েট লিজ’ পদ্ধতিতে উড়োজাহাজ ভাড়ারও সুযোগ রাখা হয়েছে।

মতবিনিময় সভায় বেবিচকের সদস্য (অপারেশনস) এয়ার কমোডর আবু সাঈদ খান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদসহ সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা