× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আট জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ২০:৫৫ পিএম

আট জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ। প্রতীকী ছবি/এআই

আট জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ। প্রতীকী ছবি/এআই

দেশের সড়ক যেন ক্রমেই হয়ে উঠছে মৃত্যুফাঁদ। প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। কখনও বাসের সঙ্গে বাসের সংঘর্ষ, কখনও মোটরসাইকেল ও ভারী যানবাহনের সংঘাত, আবার কখনও নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী বা সড়কের পাশে থাকা মানুষকে চাপা দেওয়ার ঘটনা। সব মিলিয়ে সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

পৃথক সড়ক দুর্ঘটনায় বৃহস্পতিবার ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। 

এর মধ্যে নেত্রকোণায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৪ জন এবং কক্সবাজারে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। 

এ ছাড়া ফেনী, বেনাপোল, নওগাঁ, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ এবং রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন করে মারা গেছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৩ জন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরে—

নেত্রকোণা  

সারবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৬ জন হয়েছেন। 

নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারিন্দিয়া বাজার বৃহস্পতিবার বিকেলে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

পুলিশ সূত্র জানায়, নেত্রকোণাগামী পিকআপভ্যানের সঙ্গে ময়মনসিংহগামী সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। পরে গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও নেত্রকোণা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা যান। পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চকরিয়া (কক্সবাজার) 

বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও ৫ জন গুরুতর আহত হয়েছেন। 

খুটাখালী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—খুটাখালীর সেগুনবাগিচার মো. জসিম উদ্দিন, ফুলছড়ির শিয়াপাড়ার মো. শাহেদ, খুটাখালীর মো. জিয়াবুল হক এবং ঈদগাঁও উপজেলার মোহাম্মদ রফিক। মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক শামসুজ্জামান বলেন, লাল-সবুজ যাত্রীবাহী বাসের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ ৮ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় চারজন মারা যান।

ফেনী  

ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জ এলাকায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় জুয়েল দাস নামের এক কারখানা শ্রমিক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুয়েল দাস নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি স্থানীয় মুহুরীগঞ্জের পিএইচপি কারখানায় কর্মরত ছিলেন। 

বেনাপোল 

ভবেরবেড় এলাকায় বৃহস্পতিবার দুপুরে লোহার গ্রিলবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহিম হোসেন নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এতে আহত হন আরও দুজন। 

নিহত ইব্রাহিম শার্শা উপজেলার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি ইছাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

পত্নীতলা (নওগাঁ) 

যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে শ্যামল তিগ্গা নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

উপজেলার বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শ্যামল তিগ্গা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা গ্রামের বিরশা তিগ্গার ছেলে। 

গোপালগঞ্জ 

মুকসুদপুরের দিগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি উপজেলার বড় বনগ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। 

মুন্সীগঞ্জ 

গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় আশরাফুল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

উপজেলার বাউশিয়া এলাকায় চট্টগ্রামগামী লেনে বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। 

রাজবাড়ী 

সদর উপজেলার মাটিপাড়া ব্রিজ এলাকায় বৃহস্পতিবার বিকেরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী পলাশ প্রামাণিক নিহত হয়েছেন। তিনি উপজেলার বাগমারা গ্রামের আরজু প্রামাণিকের ছেলে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা