× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৮:৫৭ পিএম

ঢাকায় গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: বাসস

ঢাকায় গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: বাসস

এফএসআরইউ (ভাসমান এলএনজি টার্মিনাল) মেরামত সম্পন্ন না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো উপায় নেই বলে জানিয়েছেন জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

ঢাকার ব্র্যাক ইন-এ সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বৃহস্পতিবার আয়োজিত ‘ন্যাভিগেটিং বাংলাদেশ'স এনার্জি ক্রাইসিস: ইমিডিয়েট প্রায়োরিটিজ অ্যান্ড দ্য পাথ টু আ সাসটেইনেবল এনার্জি ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “এই সংকটের সময় আসলে আমার কিছু করার নেই এখন। এফএসআরইউ ছাড়া গ্যাস নামাতে পারব না। এখন শুধু দিনগোনা ছাড়া আর কোনো উপায় নেই। ইঞ্জিনিয়াররা কাজ করছেন এফএসআরইউতে, এছাড়া আমার কিছু করার নেই।”

তিনি বলেন, “কিছু কিছু জিনিস তো বুঝতে হবে, এটা আমাদের নিজের হাতের মধ্যে নেই। এখন এফএসআরইউ খারাপ হয়ে গেছে, আমি তো জোরজবরদস্তি করে বলতে পারব না যে সারিয়ে দাও। ইঞ্জিনিয়াররা যেভাবে আমাদেরকে বলবে, সেভাবেই কাজ করতে হবে।”

মেরামতের জন্য বিদেশ থেকে তার (সরঞ্জাম) আসার ২৪ ঘণ্টার মধ্যেই তা সাইটে পৌঁছে দেয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এফএসআরইউ মেরামত করার মূল দায়িত্ব আমেরিকান কোম্পানির, যারা এর মালিক। জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা দিনরাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন।” 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী জানান, বাংলাদেশের এলএনজি আমদানি অবকাঠামো আরও শক্তিশালী করতে এবং বিদ্যমান টার্মিনালে সরবরাহ বিঘ্নের প্রভাব কমাতে ২০২৯ সালের মধ্যে আরও তিনটি ‘ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট’ (এফএসআরইউ) বা ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করছে সরকার।

একটি এফএসআরইউ স্থাপনের জন্য ইতোমধ্যে কার্যাদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। পাশাপাশি আরও তিনটি টার্মিনাল স্থাপনে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশে আরও তিনটি এফএসআরইউ থাকবে। দেশের দক্ষিণাঞ্চলের পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে নতুন এফএসআরইউ স্থাপনের সম্ভাব্য স্থান নিয়ে সরকার কাজ করছে। 

জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, নতুন টার্মিনালগুলো নির্মাণে বিনিয়োগকারী খোঁজা হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সফর করা একটি মার্কিন প্রতিনিধি দলও এফএসআরইউতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের আগ্রহ প্রকাশ করে দ্রুত চিঠি দিতে বলেছি, যাতে প্রকল্পগুলো নিয়ে এগিয়ে যেতে পারি।

ইকবাল হাসান মাহমুদ বলেন, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানা বন্ধ থাকলেও ঋণের সুদ জমতে থাকায় ব্যবসায়ীদের আর্থিক চাপের বিষয়টি তিনি বুঝতে পারছেন বলেও জানান।

তিনি বলেন, “নিশ্চয়ই শিল্প খাতে গ্যাসের সমস্যা এবং বিদ্যুতের সমস্যা রয়েছে। এর ফলে শিল্প খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

ক্ষতিগ্রস্ত এফএসআরইউর কারণে সরকার এলএনজি আমদানি বন্ধ করেনি উল্লেখ করে জ্বালানিমন্ত্রী বলেন, “আমরা গতকাল চারটি এলএনজি কার্গো কিনেছি, যাতে এফএসআরইউ প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে এসব কার্গো দেশে পৌঁছাতে পারে।”

দেশে গ্যাস অনুসন্ধানের কাজও দ্রুততর করা হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী। 

তিনি বলেন, “রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডকে (বাপেক্স) দ্রুত খননকাজ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অনুসন্ধান সক্ষমতা বাড়াতে আরও দুটি রিগ আনার নির্দেশও দেওয়া হয়েছে।”

মন্ত্রী বলেন, “গত ১৭ বছর ধরে যথাযথভাবে অনুসন্ধান করা হয়নি এবং দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছে।”

ব্যাটারিচালিত রিকশা ও ই-রিকশার মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বিদ্যুৎ ব্যবহারের ধরন বদলে গেছে মন্তব্য করে মন্ত্রী জানান, রাত ১২টার পরও চাহিদা থাকছে প্রায় ১৮ হাজার মেগাওয়াট, যা অত্যন্ত অস্বাভাবিক। সিংহভাগই অবৈধ সংযোগে চার্জ হচ্ছে।

তিনি বলেন, এতদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত সময়কে পিক আওয়ার ধরা হলেও এখন মধ্যরাতেও রেকর্ড পরিমাণ বিদ্যুৎ চাহিদা থাকছে। এই পরিবর্তনের পেছনে মূল কারণ ব্যাটারিচালিত যানবাহন বা ‘গরিবের টেসলা’। 

তিনি আরও বলেন, এখন রাত ১২টাতেও বিদ্যুতের চাহিদা থাকে প্রায় ১৮ হাজার মেগাওয়াট। এটা কোনোদিনও হওয়ার কথা না। সারাদিন চলার পর এই বিশাল পরিমাণ ব্যাটারিচালিত রিকশা রাতে একযোগে চার্জে বসানো হয়, যার ফলেই এই গ্রিড চাপ তৈরি হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা