প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬ ১৪:৪৩ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৬ ১৪:৫১ পিএম
প্রথমবারের মতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ করতে যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আগামী ১ অক্টোবর থেকে জরিপ শুরু হয়ে চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।
জরিপে তথ্য সংগ্রহ করবে সাড়ে ৩ হাজার গণণাকারি। এজন্য স্টেকহোল্ডার কন্সালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যা ভবন সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
এ সময় জানানো হয়, এই জরিপের মাধ্যমে দেশে বসবাসরত নৃ-গোষ্ঠীর পূর্ণাঙ্গ ডাটাবেইজ করা হবে। এতে তাদের পরিবারভিত্তিক যাবতীয় তথ্য থাকবে। ফলে শুধু ডাটাবেইজই নয়, আর্থসামাজিক বিভিন্ন সূচক যুক্ত করা হবে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। বিশেষ অতিথি ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌফিক। বক্তব্য দেন বিবিএসের মহাপরিচালক মো.শামীমুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ফারাহানা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “দেশের সব শ্রেণী, পেশা ও জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন করতে হলে সঠিক তথ্য প্রয়োজন। যদি পরিসংখ্যান হাতে না থাকে তাহলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য পলিসি নেওয়াটা কঠিন হবে। এসব চিন্তা করে জরিপটি করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “সরকার চায় সব বিষয়েই প্রকৃত তথ্য উঠে আসুক। তথ্য সঠিক না হলে পরিকল্পনাও সঠিক হবে না।”
প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা বলেন, “ইতোমধ্যেই আমরা জরিপের প্রিটেস্ট কার্যক্রম শেষ করেছি। যেসব স্থানে এই প্রিটেস্ট করা হয়েছে সেগুলো হলো- বান্দরবান, পাটগ্রাম, কক্সবাজার, ঢাকা, হবিগঞ্জ, যশোর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা এবং পঞ্চগড়।
এছাড়া পটুয়াখালী, রাজশাহী, রাঙ্গামাটি, শেরপুর ও সিলেট জেলা এই জরিপ কাজের অন্তর্ভূক্ত আছে। মূল জরিপটি পুরো দেশেই করা হবে। এজন্য সাড়ে ৩ হাজার গণনাকারী তথ্য সংগ্রহের কাজটি করবেন।
তথ্য সংগ্রহকারীরা প্রধানত যেসব তথ্য জানতে চাইবেন সেগুলো হলো- এলাকা পরিচিতি, নৃ-গোষ্ঠী খানা (পরিবার) শনাক্তকরণ, খানার বৈশিষ্ট, খানার সদস্যদের তথ্য, শিক্ষা ও প্রশিক্ষণ, ১০ বছরের বেশি সদস্যদের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিদেশে বা পরিবারের বাইরে বসবাসকারী (মেসে, হোস্টেলে, কর্মস্থলে) সদস্যদের তথ্য।
এছাড়া প্রতিবন্ধী আছে কিনা, যেকোনো ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আছে কিনা, জাতীয় পরিচয়পত্র আছে কিনা, পরিবারের সদস্যদের বৈবাহিক অবস্থা, জন্মসনদ আছে কিনা, ধর্মীয় পরিচয়, কোনো ধরনের এনজিও সহায়তা পেয়েছেন কিনা, কোনো আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় অ্যাকাউন্ট আছে কিনা, রেমিটেন্স আসে কিনা ইত্যাদি।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার বলেন, এই জরিপটি দেশের প্রথম নৃ-গোষ্ঠী জরিপ হবে। এর মাধ্যমে একদিকে যেমন তাদের আর্থ-সামাজিক অবস্থাসহ বিস্তারিত তথ্য জানা যাবে, অপরদিকে তেমনি সঠিক উন্নয়ন পরিকল্পনা তৈরিতে ব্যাপক অবদান রাখবে।
বিবিএসের মহাপরিচালক মো. শামীমুল হক হক বলেন, এই জরিপের তথ্য সংগ্রহের ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ফলে স্থানীয় প্রশাসনসহ সবার সার্বিক সহযোগীতা দরকার। এ ধরনের বিশেষ জরিপের উপাত্ত নীতিনির্ধারক ও মাঠপর্যায়ে সরকার ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রেগ্রামের সেবাগুলো নির্বিঘ্নে ক্ষু নৃ-গোষ্ঠীর সদস্যদের কাছে পৌঁছাতে সহায়ক হবে।