× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মির্জা ফখরুলের তিন পদ শূন্য হওয়া নিয়ে আলোচনা তুঙ্গে

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:৩৭ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৬ ২২:৪৪ পিএম

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার জানা যাবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীর নাম। যদিও দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘুরছে মুখে মুখে। আর সেটা হলে সরকারের একজন মন্ত্রী, দলের মহাসচিব এবং জাতীয় সংসদের একটি আসন শূন্য হবে। রাষ্ট্রপতি নির্বাচিত হলে সবগুলো পদ থেকেই পদত্যাগ করতে হবে তাকে। তার এই শূন্যস্থানে কারা আসছে, তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। নানা জনের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত এ বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয়ের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের পুরো প্রক্রিয়াই সম্প্রচার মাধ্যমগুলোতে সরাসরি দেখানো হবে। রাষ্ট্রপতি পদে মোট ৩৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সংবিধানে বিদ্যমান ৭০ অনুচ্ছেদ এখনও বলবৎ থাকায় দলীয় সংসদ সদস্যরা তাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দিতে বাধ্য থাকবেন। না হলে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে।

বর্তমানে জাতীয় সংসদে বিএনপির নির্বাচনি জোটের সংসদ সদস্য রয়েছেন ২৫০ জন। আরও রয়েছেন জামায়াত-এনসিপি জোটের ৯০ জন, স্বতন্ত্র ও অন্যান্য দলের ৯ জন। আদালতের মামলার কারণে একটি আসন শূন্য রয়েছে। অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সকলেই এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত না হওয়ায় তিনিও ভোটার তালিকায় রয়েছেন।


জামায়াত-এসসিপিসহ ১১-দলীয় জোট আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এলডিপির প্রধান, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রার্থী ঘোষণা করেছেন। বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের ক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় না; মনোনয়নপত্র দাখিলের সময় তাদের প্রার্থীর নাম জানা যায়। 

জাতীয় সংসদে গত বুধবার এক প্রেস ব্রিফিংয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি পদে নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যেই দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ১১-দলীয় জোটও তাদের প্রার্থীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট। ভোটগ্রহণ হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণের জন্য ২০ আগস্ট জাতীয় সংসদের বৈঠক ডাকা হয়েছে। 

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদ অধিবেশন চলমান থাকার বাধ্যবাধকতা নেই। রাষ্ট্রপতি নির্বাচন আইনে বলা আছে, সংসদ অধিবেশনের বাইরে অন্য কোনো সময় রাষ্ট্রপতি নির্বাচনের প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে ভোটের দিন ঠিক করবে নির্বাচন কমিশন। ভোট গ্রহণের দিন সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হবে। এ বৈঠকটি আহ্বান করেন সিইসি। ওই বৈঠকে সভাপতিত্বও করেন তিনি। ১৯৯১ সালের পর এবারই রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনি ফলাফল অনুমেয় থাকার পরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্যই ১১-দল প্রার্থী ঘোষণা করেছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি।

মির্জা ফখরুল প্রার্থী হলে যা হবে 

বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম এমপি রাষ্ট্রপতি পদে বিএনপি জোটের প্রার্থী হলে তিনটি পদে শূন্যতার সৃষ্টি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের মহাসচিব পদে কে তার শূন্যতা পূরণ করবেন, এ নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। এ ক্ষেত্রে আপাতত দলের কোনো একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব বলে কোনো পদ না থাকলেও দলের চেয়ারম্যান আপৎকালীন এ পদে কাউকে মনোনীত করতে পারেন। পরে দলের কাউন্সিলে পূর্ণাঙ্গ মহাসচিব নির্বাচন করা হয়ে থাকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরও দীর্ঘদিন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন। ২০১১ সালে দলটির তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেন। ২০১৬ সালের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব নির্বাচিত হন। এবার তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলে দলের কাউকে এ পদে নিয়োগ দিতে পারেন চেয়ারম্যান তারেক রহমান। সাধারণত সিনিয়র যুগ্ম মহাসচিবকেই এ পদে দায়িত্ব দেওয়ার রেওয়াজ রয়েছে। সে ক্ষেত্রে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তবে এ পদে আলোচনায় রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও। পুরো বিষয়টি নির্ভর করছে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। রুহুল কবির রিজভী দলের বাইরেও মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।


মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের কারণে শূন্য হবে সরকারের গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর পদটিও। প্রথা অনুযায়ী দলের মহাসচিবরা এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকেন। তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের সঙ্গে সংযোগ ও উন্নয়নে এ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বণ্টন করে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। ১৮০ দিনের মাথায় সরকারের কাজের মূল্যায়ন করে মন্ত্রীদের দায়িত্ব পুনর্বণ্টন করার ইঙ্গিত আগেই দেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্ট সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। কাজের মূল্যায়ন করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে নতুনদের মন্ত্রিসভায় যুক্ত করা হতে পারে। সে ক্ষেত্রে সিনিয়র কাউকে এ পদে দায়িত্ব দেওয়া হতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলে ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনটি শূন্য হবে। উপনির্বাচনের মাধ্যমে ওই আসনে নতুন সংসদ সদস্য নির্বাচিত করা হবে। সে ক্ষেত্রে মির্জা আলমগীরের উত্তরসূরি কে হবেন তা নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ বলছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা বাবার আসনে নির্বাচন করতে পারেন। 

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুলের জন্য ভোটের মাঠে ব্যাপক কাজ করেছেন তার মেয়ে ড. শামারুহ। পেশায় তিনি একজন চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক। দীর্ঘদিন ধরে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানে সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত রয়েছেন। নির্বাচন অংশ নিলে রাজনীতির মাঠে তিনি হবেন তার পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য। তার দাদা মির্জা রুহুল আমিন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্য ছিলেন।

ড. শামারুহ ছাড়াও আলোচনায় রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে পুরোপুরি সক্রিয় ফয়সাল আমিনও দলীয় মনোনয়নের অন্যতম দাবিদার। তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এখন দেখার বিষয় হচ্ছে, চাচা নাকি ভাতিজি, কে নির্বাচনে দলীয় মনোনয়ন পান। 

স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার 

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই বৈঠকেই রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। 

দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে কার নাম চূড়ান্ত করা হবে, তা নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। আজকের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনও বৃহস্পতিবার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা