প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ২২:০০ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৬ ২২:০৩ পিএম
আরাফাত রহমান কোকো। ছবি: উইকিপিডিয়া
নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।
১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। জন্মদিন উদযাপন উপলক্ষে বুধবার বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা।
এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের (এসবিএনসিএস) মিডিয়া সেন্টারে তার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে ছিলেন অত্যন্ত সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওই সময়ে তিনি ক্রিকেটকে রাজনীতির প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে ভূমিকা রাখেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান দেশের ক্রীড়াঙ্গনে এখনো স্মরণ করা হয়।
আরাফাত রহমান কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান। স্ত্রী শর্মিলা রহমান এবং দুই কন্যা জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে গেছেন তিনি।
রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়া সংগঠক ছিলেন কোকো
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, আরাফাত রহমান কোকো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি ছিলেন আপাদমস্তক একজন ক্রীড়া সংগঠক।
ক্রীড়ার উন্নয়নে তার অবদান স্মরণ করে রিজভী বলেন, “ক্রীড়ার জন্য তিনি যে কাজগুলো করেছেন, সেটা হচ্ছে যারা ক্রীড়াবিদ হবে, এটাই তার পেশা হবে, এটা দিয়েই তার জীবন-জীবিকা হবে, এই ধরনের ব্যবস্থা রাষ্ট্র করবে, সরকার করবে।
বুধবার আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর করিম ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু এবং বিএনপি নেতা কামাল জামাল মোল্লা উপস্থিত ছিলেন।