অমাবস্যার রাতে বাংলাদেশে দেখা যাবে পার্সিডস উল্কাবৃষ্টি। প্রতীকী ছবি/এআই
বাংলাদেশ থেকেও আকাশের দিকে তাকিয়ে মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হওয়া যাবে। আকাশজুড়ে বুধবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা ৪৫ পর্যন্ত দেখা যাবে আকর্ষণীয় ‘পার্সিডস’ উল্কাবৃষ্টি।
এবার অমাবস্যার কারণে উল্কাবৃষ্টি অন্য সময়ের চেয়ে অনেক বেশি স্পষ্ট ও উজ্জ্বল দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বেসরকারি সংস্থা ঢাকা ওয়েদার আপডেট মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৭০টি উল্কার পতন দেখা যেতে পারে। আকাশ মেঘমুক্ত থাকলে রাত ১২টা থেকেই উল্কাবৃষ্টি দেখার পরামর্শ দিয়েছে তারা।
২০২৬ সালের জন্য ইন্টারন্যাশনাল মেটিওর অর্গানাইজেশনের পূর্বাভাসের বরাত দিয়ে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন লিমিটেড জানিয়েছে, এ উল্কাবৃষ্টির জেডএইচআর (জেনিথাল আওয়ারলি রেট) প্রায় ১০০টি উল্কা প্রতি ঘণ্টা। তবে বাস্তবে প্রতি ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০টি উল্কা দেখা যেতে পারে। আকাশের স্বচ্ছতা, আশপাশের আলোকদূষণ, পর্যবেক্ষকের দৃষ্টিশক্তিসহ বিভিন্ন বিষয়ের ওপর উল্কা দেখার সংখ্যা নির্ভর করবে।
কোনো টেলিস্কোপ বা বিশেষ যন্ত্র ছাড়াই খালি চোখে উল্কাবৃষ্টি উপভোগ করা যাবে। তবে ভালোভাবে দেখার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে যেতে পারে। শহরের তীব্র আলো থেকে দূরে কোনো ফাঁকা মাঠ, নদীর পাড় বা অন্ধকার জায়গায় অবস্থান নিলে উল্কা সবচেয়ে ভালোভাবে দেখা যাবে।
এ ছাড়া চোখকে সয়ে নিতে রাত দেড়টা থেকেই সব ধরনের কৃত্রিম আলো থেকে চোখকে দূরে রাখা যেতে পারে। এতে অন্ধকারে খাপ খাইয়ে নিতে চোখ পর্যাপ্ত বিশ্রাম পাবে। মোবাইল ফোনের স্ক্রিনের আলোও চোখের অন্ধকার দেখার সক্ষমতা কমিয়ে দেয়, তাই এ সময় মোবাইল ফোন ব্যবহার না করাই ভালো।
দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকা কষ্টকর হতে পারে, তাই কিছু বিছিয়ে আরাম করে শুয়ে সরাসরি আকাশের দিকে তাকালে সহজে উল্কা দেখা সম্ভব হবে।
ঢাকার বাসিন্দাদের ক্ষেত্রে কোনো বহুতল ভবনের অন্ধকার ছাদ বেছে নেওয়া সুবিধাজনক। তবে পুরো বিষয়টি নির্ভর করছে আবহাওয়ার ওপর। আকাশে যদি মেঘ থাকে, তবে এই মহাজাগতিক দৃশ্য দেখার সুযোগ মিলবে না।
পার্সিডস কী
প্রতি বছর আগস্টে দেখা দেওয়া একটি উল্কাবৃষ্টি হলো পার্সিডস। পৃথিবী যখন বৃহৎ পর্যায়ক্রমিক ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণা ও ক্ষুদ্র পাথুরে কণার অঞ্চল অতিক্রম করে, তখন এসব কণা প্রচণ্ড গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। বায়ুমণ্ডলের সঙ্গে ঘর্ষণের ফলে কণাগুলো জ্বলে উঠে আকাশে উজ্জ্বল আলোর রেখা তৈরি করে।
এগুলো আসলে তারা নয়। পার্সিডসের উল্কাগুলো প্রতি সেকেন্ডে প্রায় ৫৯ থেকে ৬০ কিলোমিটার গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। অনেক উল্কা বেশ উজ্জ্বল হয় এবং কখনও কখনও আকাশে দীর্ঘ আলোর রেখাও তৈরি করে।