আজিজুল ইসলাম
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৯:৪১ পিএম
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ইতালির রোমে টরন্টো-ঢাকা ফ্লাইটের যাত্রীদের চরম ভোগান্তির ঘটনায় বিভ্রান্তিকর ও অসত্য তথ্য দেওয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) বোসরা ইসলামকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
এ ছাড়া একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি পুরো ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায়ী কর্মকর্তাদের শনাক্ত করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দিবে, যার ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বিমানের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রোমে ফ্লাইট বিজি-৩০৬-এর জরুরি অবতরণের পর জনসংযোগ বিভাগ থেকে একটি বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়, যেখানে ঘটনার তীব্রতা আড়াল করে অসত্য তথ্য দেওয়া হয়। বিষয়টি শীর্ষ কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে বোসরা ইসলামকে অব্যাহতি দিয়ে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়।
সূত্র আরও জানায়, ঘটনার বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত দ্রুত এগোচ্ছে। ক্রু সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা চূড়ান্ত পর্যায়ে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বেবিচকের একাধিক সূত্র বোসরা ইসলামকে সরিয়ে দেওয়ার সত্যতা স্বীকার করে জানিয়েছে, রোমকাণ্ড তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে তদন্ত প্রতিবেদন অপেক্ষমাণ।
এদিকে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তাকে খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর মেলেনি। বোসরা ইসলামের মুঠোফোনেও তিন দিন ধরে যোগাযোগ করা সম্ভব হয়নি।
অন্যদিকে বিমানের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আনন্দ সান্যাল বলেন, ‘ম্যাডাম (বোসরা ইসলাম) অসুস্থ, তিনি ছুটিতে রয়েছেন।’
টরন্টো থেকে ঢাকাগামী বিমানের ফ্লাইট বিজি-৩০৬ যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ভিসা জটিলতায় প্রায় ১৭০ বাংলাদেশি যাত্রী টানা ৪০ ঘণ্টা বিমানবন্দরের লাউঞ্জের মেঝেতে রাত কাটায়। যুক্তরাষ্ট্র ও কানাডার পাসপোর্টধারী যাত্রীদের অবশ্য হোটেলে নেওয়া হয়। পরে ঢাকা থেকে বিশেষ প্রকৌশলী দল গিয়ে বিমানটি মেরামত করলে স্থানীয় সময় শনিবার রাতে উড্ডয়ন শেষে রবিবার দুপুর সোয়া ১২টায় ঢাকায় অবতরণ করে। অবতরণের পর যাত্রীদের তোপের মুখে পড়ে বিমান কর্তৃপক্ষ।
বিমানের নির্ভরযোগ্য সূত্র বলছে, রোমকাণ্ডে কেউ পার পাবে না। কয়েক দিনের মধ্যেই বড় শাস্তির ঘোষণা আসতে পারে।