বিবিসি বাংলা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ১৬:৪১ পিএম
চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকলেও বাংলাদেশে মূল সমস্যা হিসেবে দেখা দিয়েছে জ্বালানি সংকট। ছবি: বিবিসি বাংলা
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আজ (বুধবার) সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতির আশা করছেন তারা।
সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুধবার তিনি বলেন, “গ্যাস যদি পর্যাপ্ত সরবরাহ না হয় তাহলে বিদ্যুতের সংকট হয়। তারপরও আমরা একটি কৌশল নিয়েছি। আশা করছি আজ (বুধবার) সন্ধ্যার পর থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।”
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মালয়েশিয়া থেকে এক কার্গো এলএনজি পাওয়ার আশা করছেন তারা।
“এটা একটি প্রক্রিয়ার ব্যাপার। সেটা নিয়ে কাজ করছি। আমাদের হাতে যত বিকল্প আছে সব নিয়েই কাজ করছি। আমরা সবার সঙ্গে কথা বলেছি,” বলেছেন তিনি।
সরকার জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু প্রকৃতির ওপর কারও হাত নেই—মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “সামিট টার্মিনালে এলএনজি ডিসচার্জ করা যাচ্ছে না। এক্সিলারেট টার্মিনাল থেকে এখনো ফুল ক্যাপাসিটিতে কাজ করতে পারছি না। দেশীয় উৎপাদন রাতারাতি বাড়ানো যায় না।”
তিনি দাবি করেন, বিগত সরকারগুলো কোনো মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধান খোঁজেনি বলেই হঠাৎ করেই সংকট সামনে এসেছে।
প্রসঙ্গত, এলএনজি সরবরাহ কমে যাওয়া গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন নিয়ে সংকট চলছে দেশে। ফলে সারা দেশে লোডশেডিং অনেক বেড়ে গেছে।