× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস সংকট: দেশজুড়ে দিনে-রাতে তীব্র লোডশেডিং

দীপক দেব

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ ০৯:৩৬ এএম

আপডেট : ১২ আগস্ট ২০২৬ ০৯:৩৬ এএম

বাসাবাড়ি থেকে পরিবহন ও শিল্প উৎপাদনÑ সব ক্ষেত্রেই গ্যাস সংকটের প্রভাব পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাসাবাড়ি থেকে পরিবহন ও শিল্প উৎপাদনÑ সব ক্ষেত্রেই গ্যাস সংকটের প্রভাব পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কাটেনি গ্যাসের সংকট। বাসাবাড়ি থেকে পরিবহন ও শিল্প উৎপাদনÑ সব ক্ষেত্রেই এর প্রভাব পড়েছে। বিদ্যুৎ উৎপাদনেও পড়েছে গ্যাস সংকটের বড় ধরনের প্রভাব। গ্যাসের ঘাটতির কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে প্রায় ২ হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কারিগরি ত্রুটি। ফলে উৎপাদন কমার বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় বিদ্যুতের ঘাটতি ও লোডশেডিং বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের বহুমাত্রিক ব্যবহার বৃদ্ধির পাশাপাশি গ্যাসের বিকল্প হিসেবে বাসাবাড়ি ও শিল্পে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। রাতে লোডশেডিং বাড়ার আরেকটি কারণ হিসেবে সারা দেশে ৫০ থেকে ৬০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশার চার্জের চাপের কথা বলছেন তারা। এসব অটোরিকশার অধিকাংশই রাত ১১টা থেকে ভোর পর্যন্ত চার্জ দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে সংকট মোকাবিলায় নানা উদ্যোগ নেওয়া হলেও এখনই এর সমাধান হচ্ছে না। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্যাসের সরবরাহ বাড়লে বিদ্যুতের সংকটও কমে আসবে। তবে সংশ্লিষ্টদের মতে, গ্যাসের সরবরাহ স্বাভাবিক না হলে লোডশেডিং পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য অনুযায়ী, দেশে কয়েক দিন ধরে প্রতিদিন সর্বোচ্চ লোডশেডিং হচ্ছে তিন হাজার মেগাওয়াটের বেশি। গতকাল মঙ্গলবার সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ৩৪৬৫ মেগাওয়াট। এ সময়ে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৭৫৪ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ হয়েছে ১৩ হাজার ২৮৯ মেগাওয়াট। এর আগের দিন সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট। গ্যাসের সংকট পুরোপুরি কাটেনি। পাশাপাশি ডলার সংকট ও অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে জ্বালানি তেল থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে না। ফলে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ঘাটতি বেড়ে লোডশেডিংও বাড়ছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট। চাহিদার প্রায় দ্বিগুণ সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটের কারণে তা কাজে লাগানো সম্ভব হচ্ছে না। মূলত জ্বালানি সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় অর্ধেক বিদ্যুৎকেন্দ্র বসিয়ে রাখতে হয়েছে। গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বর্তমানে ৪ হাজার মেগাওয়াটের কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। গ্যাস সংকটের আগে উৎপাদন ছিল ছয় হাজার মেগাওয়াট। অর্থাৎ গ্যাসের ঘাটতির কারণে প্রায় ২ হাজার মেগাওয়াট উৎপাদন কমেছে। গ্যাসের সরবরাহ বাড়তে আরও কয়েক দিন সময় লাগতে পারে।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ২৫২ কোটি ঘনফুট। লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে অন্তত ১০০ থেকে ১১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ প্রয়োজন। কিন্তু বর্তমানে বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ করা হচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট। অর্থাৎ চাহিদার এক-তৃতীয়াংশেরও কম গ্যাস পাচ্ছে কেন্দ্রগুলো। অন্যদিকে তেলচালিত কেন্দ্র থেকে উৎপাদন বাড়ালে ব্যয় আরও বেড়ে যাবে। তাই চাহিদা থাকলেও এসব কেন্দ্র কম চালানো হচ্ছে। রাতে কয়েক ঘণ্টা টানা তিন হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করলেও বেশিরভাগ সময় গড়ে দেড় হাজার মেগাওয়াটের কম বিদ্যুৎ উৎপাদন করছে তেলচালিত বিদ্যুৎকেন্দ্র।

জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গ্যাসের কারণে বিদ্যুতের এই সমস্যা হচ্ছে। গ্যাস সংকটের কারণে শুধু এই খাত থেকেই ২ হাজার মেগাওয়াট কম উৎপাদন হচ্ছে। এ ছাড়া গ্যাস সংকটের কারণে মানুষ বাসাবাড়িতে ইলেকট্রিক চুলায় রান্না করছে এবং ক্যাপটিভেও বিদ্যুতের ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে গ্যাসের বিকল্প হিসেবে বিদ্যুতের ব্যবহার বেড়েছে।

রাতে লোডশেডিং বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, ওই সময় ব্যাটারিচালিত অটোরিকশাগুলো চার্জ দেওয়া হয়। সারা দেশে ৫০ থেকে ৬০ লাখ বিদ্যুৎচালিত অটোরিকশা রয়েছে। এগুলো বিদ্যুতের ওপর বড় ধরনের চাপ তৈরি করে। তবে গ্যাসের সরবরাহ বাড়লে এসব সমস্যার সমাধান হবে এবং লোডশেডিংও কমে আসবে।

তবে সংশ্লিষ্টদের মতে, লোডশেডিং পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম। কারণ তাপমাত্রা বাড়লে বিদ্যুতের চাহিদা বাড়ে। ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে লোডশেডিং পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে।

এলএনজি টার্মিনাল পূর্ণ সক্ষমতায় ফেরানো নিয়ে বড় চিন্তা

গত ২১ জুলাই কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়। টার্মিনালটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দৈনিক প্রায় ৬০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমে যায়। দেশে মোট গ্যাস সরবরাহ নেমে আসে প্রায় ২১৪ কোটি ঘনফুটে। ১৫ দিন পর আংশিক মেরামতের মাধ্যমে ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ পাওয়া যাচ্ছে। তবে টার্মিনালটি এখনও পূর্ণ সক্ষমতায় ফিরতে পারেনি। এখনও একটি বয়লার বন্ধ রয়েছে। দুটি বয়লার একসঙ্গে চালু করতে হলে টার্মিনালটি ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে। বিষয়টি সরকারকে ভাবিয়ে তুলেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান গ্যাস সংকটের কারণ হলো এফএসআরইউ বিকল হয়ে থাকা। একটি বয়লারের কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু পুরো এফএসআরইউ চালু করতে হলে বর্তমানে যে বয়লারে উৎপাদন চলছে, সেটিও বন্ধ রাখতে হবে। এ জন্য আলোচনা চলছে।

যে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, তাৎক্ষণিক সংকট মোকাবিলায় এফএসআরইউ ও এলএনজি আমদানি প্রয়োজন হলেও দীর্ঘমেয়াদে এটি সমাধান নয়। জ্বালানি সংকটের পাশাপাশি ডলার সংকটও বড় সমস্যা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে জ্বালানি সংকট সমাধান কঠিন হবে।

দেশীয় গ্যাসের উৎপাদন দ্রুত বাড়িয়ে অন্তত ২ হাজার এমএমসিএফডির কাছাকাছি ধরে রাখার পরামর্শ দেন ড. ইজাজ। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা বাড়িয়ে ধীরে ধীরে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমানোর কথা বলেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ম. তামিম বলেন, দেশীয় গ্যাসের উৎপাদন কমছে। তাই গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানি, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর সর্বোচ্চ ব্যবহার এবং দ্রুত ২ থেকে ৩ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে হবে। পাশাপাশি বাপেক্স-নির্ভর গ্যাস অনুসন্ধান নীতি পুনর্বিবেচনা করা জরুরি বলেও মনে করেন তিনি।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা